হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে দুটি তেল ট্যাংকারে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের বা আইআরজিসির নৌবাহিনীর জনসংযোগ দপ্তর এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।
বিবৃতির তথ্য অনুযায়ী, জাহাজ দুটি রাডার ও পজিশনিং সিস্টেম বা অবস্থান শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ রেখে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে জলপথটি অতিক্রম করার চেষ্টা করছিল।
দুর্ঘটনাকবলিত জাহাজ দুটির একটি ছিল বিশাল আকৃতির সুপারট্যাংকার। জলমগ্ন মাইনে আঘাত হানার পর তেল ট্যাংকারটিতে প্রচণ্ড বিস্ফোরণ ঘটে এবং সেখান থেকে উদ্ভূত লেলিহান শিখা প্রণালির দক্ষিণ উপকূল আলোকিত করে তোলে।
এই দুর্ঘটনার পর আইআরজিসি নৌবাহিনীর পক্ষ থেকে একটি সতর্কবার্তা জারি করা হয়েছে। কোনো ধরনের পূর্বানুমতি বা সমন্বয় ছাড়া এই সামুদ্রিক করিডোর দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল না করার জন্য জাহাজমালিক ও পরিবহন কোম্পানিগুলোকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে হরমুজ প্রণালির পূর্বে অবস্থিত ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী জাস্কে বিস্ফোরণের শব্দ শোনার খবর পাওয়া যায়। সরকারি বার্তা সংস্থা ইরনা স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানায় যে জাস্ক বা হরমুজগান প্রদেশের অন্য কোথাও কোনো হামলার ঘটনা ঘটেনি।
এর আগে গত বৃহস্পতিবার ইরনা দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর সিরিকে একটি শত্রুভাবাপন্ন হামলার খবর প্রচার করে। সিরিকের একটি টেলিযোগাযোগ টাওয়ারে হামলার প্রতিশোধ হিসেবে বাহরাইনে আমেরিকার একটি আগাম সতর্কবার্তা প্রদানকারী রাডার কেন্দ্র ধ্বংস করার দাবি করে আইআরজিসি।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানায় যে তাদের সামরিক বাহিনী বাহরাইনের দিকে ধেয়ে আসা দুটি ইরানি ড্রোন সফলভাবে প্রতিহত করেছে। মার্কিন সামরিক কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে ড্রোন প্রতিহাতের এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং কোনো সম্পত্তিরও ক্ষতি হয়নি।
ফার্সি উপসাগরকে ওমান উপসাগরের সঙ্গে যুক্ত করেছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি। আন্তর্জাতিক বাজারে পেট্রোলিয়াম ও জ্বালানি তেল সরবরাহের প্রধান রুট হিসেবে এই জলপথটি ব্যবহৃত হয়ে আসছে।
