শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

সীমান্ত সংঘর্ষ

ইথিওপিয়া ও ইরিত্রিয়ার মধ্যে ড্রোন ও আর্টিলারি হামলা বিনিময়

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : নভেম্বর ১৪, ২০২৬, ০৪:৩০ পিএম

ইথিওপিয়া ও ইরিত্রিয়ার মধ্যে ড্রোন ও আর্টিলারি হামলা বিনিময়

বিতর্কিত সীমান্তে লড়াই তীব্র আকার ধারণ করায় ইথিওপিয়া ও এরিত্রিয়া একে অপরের বিরুদ্ধে ড্রোন ও আর্টিলারি হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। গোয়েন্দা মূল্যায়ন সম্পর্কে ওয়াকিবহাল দুই কূটনীতিক জানিয়েছেন, বেশ কয়েক দিন ধরে এই সংঘর্ষ বাড়ছে। এতে ইথিওপিয়ান বাহিনী ড্রোন ব্যবহার করছে এবং এরিত্রিয়ান সেনারা ভারী গোলন্দাজ অস্ত্র দিয়ে হামলা চালাচ্ছে।

এক কূটনৈতিক সূত্র জানিয়েছেন, তারা বিশেষ করে ইথিওপিয়ার পক্ষ থেকে ড্রোন হামলা এবং এরিত্রিয়ার পক্ষ থেকে ভারী আর্টিলারির ব্যবহারের বিষয়টি সম্পর্কে অবগত আছেন এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

আরেক কর্মকর্তা সতর্ক করে বলেছেন, এই হামলার আদান-প্রদান প্রতিবেশী দেশ দুটির মধ্যে একটি বড় সামরিক সংঘাতের সূত্রপাত ঘটাতে পারে। ওই সূত্র আরও বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের সবচেয়ে বড় যৌথ উদ্বেগ হলো এটি একটি পূর্ণাঙ্গ সামরিক সংঘাতে রূপ নিতে পারে, যার পরিণতি সম্পর্কে দুই পক্ষের কেউই পুরোপুরি সচেতন নয়।

ব্যাডমে আডিস আবাবা থেকে ৮০০ কিলোমিটার উত্তরে এবং আসমারা থেকে ১৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। ১৯৯৮ থেকে ২০০০ সাল পর্যন্ত ইথিওপিয়া ও এরিত্রিয়ার মধ্যকার রক্তক্ষয়ী সীমান্ত যুদ্ধের কেন্দ্রবিন্দু ছিল এই এলাকা, যে যুদ্ধে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটেছিল।

স্থানীয় বাসিন্দারা রাতের বেলা বিস্ফোরণের শব্দ শোনার পাশাপাশি বন্ধ ব্যবসা প্রতিষ্ঠান এবং ঘরবাড়ি ছেড়ে পরিবারগুলোর পালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন। এর আগে ওই শহরের আশপাশে ইথিওপীয় কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছিল।

আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডাটা প্রজেক্ট জানিয়েছে, ইথিওপীয় কেন্দ্রীয় সেনারা শেরারো ও ব্যাডমের মাঝখানে অবস্থান নিয়েছে এবং এরিত্রীয় বাহিনী শহরটির ঠিক সীমানার কাছে মোতায়েন রয়েছে। তবে কোনো পক্ষই সরাসরি ব্যাডমে নিয়ন্ত্রণ করছে না।

প্রতিষ্ঠানটি আরও নথিভুক্ত করেছে যে, ইথিওপিয়া ব্যাডমের সংলগ্ন এলাকাগুলো লক্ষ্য করে আর্টিলারি চালিয়েছে এবং কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে টাইগ্রে যোদ্ধাদের নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে। ক্রিটিক্যাল থ্রেটস প্রজেক্ট গত নভেম্বর মাসে ব্যাডমের কাছে সামরিক উপস্থিতি বৃদ্ধি ও সংঘর্ষের কথা জানিয়েছিল, যদিও লড়াইটি সীমান্তের ঠিক কোন পাশে হয়েছে তা নিশ্চিত করা সম্ভব হয়নি।

সীমান্তের দিকে ইথিওপীয় সামরিক বাহিনীর অগ্রযাত্রা এবং শেরারো শহর দখলের ঘটনার পরই মূলত এই উত্তেজনা বেড়েছে। সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থন দেওয়ার অভিযোগ এবং লোহিত সাগরে প্রবেশাধিকার অর্জনের ইথিওপিয়ার উচ্চাভিলাষ নিয়ে মতপার্থক্যের জেরে দুই দেশের মধ্যকার সম্পর্ক চরম অবনতির দিকে গেছে।

প্যারিসে অনুষ্ঠিত এক বৈঠকের পর জি-সেভেনভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা উভয় দেশকে সর্বোচ্চ সংযম প্রদর্শন ও কূটনৈতিক উপায়ে সংকট সমাধানের আহ্বান জানিয়েছেন।

এই নতুন সংঘাত হর্ন অব আফ্রিকা অঞ্চলের অস্থিতিশীলতাকে আরও গভীর করে তোলার আশঙ্কা তৈরি করেছে। ইতিপূর্বে ইথিওপিয়ার উত্তরাঞ্চলে সংঘটিত লড়াইয়ের কারণে সাধারণ মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং জরুরি মানবিক সহায়তা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

banner
Link copied!