শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

কূটনৈতিক সম্পর্ক

আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে ভারত যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী: প্রথম উচ্চপর্যায়ের সফর

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : নভেম্বর ১৪, ২০২৬, ০৯:৩০ পিএম

আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে ভারত যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী: প্রথম উচ্চপর্যায়ের সফর

আগামী সপ্তাহে একটি আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে ভারত সফরে যাচ্ছেন পাকিস্তানের একজন কেন্দ্রীয় মন্ত্রী। শনিবার দেশটির সরকারের পক্ষ থেকে এই সফরসূচি ঘোষণা করা হয়।

গত বছর পারমাণবিক শক্তিধর এই দুই প্রতিবেশী দেশের মধ্যে চার দিনের তীব্র সংঘাতের পর এই প্রথম কোনো পাকিস্তানি মন্ত্রী সীমান্ত অতিক্রম করে ভারত যাচ্ছেন।

পাকিস্তানের জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মুসাদিক মালিক সাংহাই সহযোগিতা সংস্থা বা এসসিও আয়োজিত সভ্যতাকেন্দ্রিক সংলাপে পাকিস্তানের প্রতিনিধিত্ব করবেন।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, আগামী ২০ থেকে ২২ নভেম্বর নয়াদিল্লিতে এই আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে।

এর আগে ২০২৩ সালের মে মাসে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি গোয়ায় অনুষ্ঠিত এসসিও বৈঠকে যোগ দিতে ভারত সফর করেছিলেন। ১৯৪৭ সালে স্বাধীনতা অর্জনের পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক দীর্ঘদিন ধরেই গভীর অবিশ্বাসের মধ্য দিয়ে পরিচালিত হয়ে আসছে।

উভয় দেশই মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীর অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ দাবি করে আসায় এই বিরোধের মূল কেন্দ্রবিন্দু সবসময়ই কাশ্মীর। গত বছরের মে মাসে কাশ্মীরে সশস্ত্র বন্দুকধারীদের হামলায় প্রধানত হিন্দু ধর্মাবলম্বীসহ দুই ডজনের বেশি পর্যটক নিহত হওয়ার পর সহিংসতা নাটকীয়ভাবে বেড়ে যায়।

নয়াদিল্লি এই হামলার পেছনে ইসলামাবাদ সরাসরি মদদ জুগিয়েছে বলে অভিযোগ তোলে। তবে পাকিস্তান এই হামলায় যেকোনো ধরনের সংশ্লিষ্টতা জোরালোভাবে অস্বীকার করে আসছে।

এই হত্যাকাণ্ডের জের ধরে দুই দেশের মধ্যে একের পর এক কূটনৈতিক ব্যবস্থা গৃহীত হয় এবং পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।

পরবর্তীতে দুই দেশের সামরিক বাহিনী তীব্র ক্ষেপণাস্ত্র, ড্রোন ও আর্টিলারি গোলার লড়াইয়ে জড়িয়ে পড়ে, যার ফলে উভয় পক্ষে সত্তরটিরও বেশি প্রাণহানি ঘটে।

এতকিছুর পরও অতীতের শত্রুতা ও বৈরিতা সত্ত্বেও বহুস্তর বিশিষ্ট প্ল্যাটফর্মের মাধ্যমে যোগাযোগ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে ইসলামবাদের পররাষ্ট্র মন্ত্রণালয়।

পাশাপাশি আঞ্চলিক সহযোগিতার প্রতি তাদের চলমান প্রতিশ্রুতির কথাও পুনর্ব্যক্ত করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, পারস্পরিক শ্রদ্ধাবোধের বাতাবরণে এসসিও কাঠামোর ভেতরে সভ্যতার পারস্পরিক সংলাপ এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বৃদ্ধিতে পাকিস্তান সরকার সবসময়ই প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে।

banner
Link copied!