লন্ডনভিত্তিক একটি ফার্সি ভাষার গণমাধ্যমের সাংবাদিকদের ওপর নজরদারি চালানোর অভিযোগে গত বৃহস্পতিবার দুই ইরানি নাগরিককে দোষী সাব্যস্ত করেছে যুক্তরাজ্যের একটি আদালত। প্রসিকিউটররা জানিয়েছেন, এই ঘটনার মাধ্যমে তথ্য সংগ্রহ এবং সম্ভাব্য বড় ধরনের সহিংসতার একটি গভীর ষড়যন্ত্র উন্মোচিত হয়েছে।
,যুক্তরাজ্যের ২০২৩ সালের জাতীয় নিরাপত্তা আইনের আওতায় উউলউইচ ক্রাউন কোর্ট মোস্তফা সেপাহভান্দ ও ফরহাদ জাভা্দি মানেশকে বিদেশি গোয়েন্দা সংস্থাকে সহায়তার দায়ে দোষী সাব্যস্ত করে। এর মধ্যে মোস্তফা সেপাহভান্দকে যুক্তরাজ্যে কোনো ব্যক্তির বিরুদ্ধে গুরুতর সহিংসতার উদ্দেশ্যে নজরদারি চালানোর দায়েও দোষী সাব্যস্ত করা হয়েছে।
,ছয় সপ্তাহ ধরে চলা এই বিচার প্রক্রিয়ায় উঠে আসে যে, এই দুজনকে ইরানি ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বেশ কয়েকজন ব্যক্তির ওপর নজরদারি চালানোর নির্দেশ দিয়েছিল। এই লক্ষ্যবস্তুদের মধ্যে ছিলেন ইরান ইন্টারন্যাশনাল চ্যানেলের সাংবাদিক মোজতবা পৌরমোহসেন ও কামবিজ হোসেইনি, একজন আইনজীবী এবং একজন গণমাধ্যমকর্মী।
,রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা আদালতে ভিডিও, ছবি এবং খুদে বার্তা উপস্থাপন করেন। এসব নথিতে দেখা যায়, মোস্তফা সেপাহভান্দ লক্ষ্যবস্তুদের বাসা ও কর্মস্থলের বাইরে নজরদারি চালাচ্ছেন এবং ওই সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত অন্য সাংবাদিকদের চিহ্নিত করার চেষ্টা করছেন।
,মোস্তফা সেপাহভান্দ ইরানে থাকা নিয়ন্ত্রণকারীদের সঙ্গে যোগাযোগের মূল মাধ্যম হিসেবে কাজ করেছিলেন এবং এই অপারেশনের জন্য তাঁকে হাজার হাজার পাউন্ড দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। আর মানেশ তথ্য, ছবি ও ভিডিও পাচার করে তাঁকে সহায়তা করেছিলেন।
,উদ্ধার হওয়া একটি খুদে বার্তায় মোস্তফা সেপাহভান্দ ইরানের এক ব্যক্তির কাছে লক্ষ্যবস্তুকে খুঁজে পাওয়ার পর তাঁর কাজ শেষ করতে ১ লক্ষ ৫০ হাজার পাউন্ড দাবি করেছিলেন। ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের বিশেষ অপরাধ ও সন্ত্রাসবাদ দমন বিভাগের প্রধান ফ্রাঙ্ক ফার্গুসন এই অভিযানকে ইরানি সরকারের সমালোচকদের ওপর গুপ্তচরবৃত্তির একটি সুপরিকল্পিত প্রচেষ্টা বলে অভিহিত করেছেন।
,ফ্রাঙ্ক ফার্গুসন জানান, ইরানের সঙ্গে যোগাযোগ রাখা ব্যক্তিদের কাছে গোয়েন্দা তথ্য পাঠানোর জন্য মোস্তফা সেপাহভান্দ ও মানেশকে পুরস্কারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তিনি আরও বলেন, পুলিশ তাদের বাধা দেওয়ার আগে মোস্তফা সেপাহভান্দ কেবল নজরদারিতেই সীমাবদ্ধ না থেকে গুরুতর সহিংসতা চালাতে প্রস্তুত ছিলেন।
,কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস বা সিপিজে এই রায়কে স্বাগত জানিয়েছে। সংস্থাটির ইউরোপ ও মধ্য এশিয়া অঞ্চলের পরিচালক ফিওনা ও’ব্রায়েন বলেছেন, এই বিচার প্রক্রিয়ায় স্পষ্ট হয়েছে যে সাংবাদিকদের কণ্ঠরোধ করতে ইরান কতদূর পর্যন্ত যেতে পারে।
,নির্বাসনে থাকা ইরানি সাংবাদিকরা ক্রমাগত অনলাইন ও শারীরিক হামলা, আইনি পদক্ষেপ এবং ইরানের ভেতরে থাকা আত্মীয়স্বজনদের হয়রানির শিকার হন। লন্ডন এই ধরনের কার্যকলাপের একটি প্রধান কেন্দ্র এবং এখানে ইরান ইন্টারন্যাশনাল ও বিবিসি ফার্সির মতো সম্প্রচার মাধ্যমগুলো কাজ করে।
,ইরান ইন্টারন্যাশনালের মুখপাত্র অ্যাডাম বেইলি পুলিশের সতর্কতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করলেও হুমকি এখনো বিদ্যমান বলে সতর্ক করেছেন। তিনি বলেন, ইসলামি প্রজাতন্ত্র যখন মৃত্যুভীতি ও সহিংসতার অভিযান চালিয়ে যাচ্ছে, তখন এই রায় সাংবাদিকদের জীবন পুরোপুরি নিরাপদ করে না।
,একই বিচার প্রক্রিয়ায় মানেশকে অন্যদের মাধ্যমে গুরুতর সহিংসতা সহজতর করার জন্য নজরদারি চালানোর আরেকটি পৃথক অভিযোগ থেকে খালাস দেওয়া হয়। এছাড়া তৃতীয় অভিযুক্ত শাপুর কালেহালি খানি নুরি সব অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন।
