রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

ইরাকে তেল চোরাচালান

তেল চোরাচালানের তদন্ত: বরখাস্ত নয় শীর্ষ কর্মকর্তা

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : নভেম্বর ১৫, ২০২৬, ০২:০০ এএম

তেল চোরাচালানের তদন্ত: বরখাস্ত নয় শীর্ষ কর্মকর্তা

ইরানপন্থী কাতাইব হিজবুল্লাহ গোষ্ঠীর শক্তঘাঁটি হিসেবে পরিচিত জুরফ আল সাকের এলাকায় তেল চোরাচালানের তদন্তের পর নয় কর্মকর্তাকে বরখাস্ত করেছেন ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদি। বাগদাদের দক্ষিণে ব্যাবিলন প্রদেশে অবস্থিত এই এলাকাটি দীর্ঘদিন ধরে ওই সশস্ত্র গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে।

,

ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিয়ন্ত্রণে রাখা এবং তেহরানের প্রভাব কমানোর জন্য মার্কিন চাপের মুখে রয়েছে বাগদাদ। যুক্তরাষ্ট্র ও ইরানের দীর্ঘদিনের ভূরাজনৈতিক দ্বন্দ্বে আটকে থাকা দেশটির জন্য এই কাজটি অত্যন্ত জটিল। মার্কিন আশীর্বাদপুষ্ট বর্তমান প্রধানমন্ত্রী চলতি সপ্তাহের শুরুতে এই তেল চোরাচালানবিরোধী তদন্তের নির্দেশ দিয়েছিলেন।

,

সামরিক মুখপাত্র সাবাহ আল নুমান জানান, তদন্তের প্রতিবেদনের ভিত্তিতে তেল চোরাচালান কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের বিচার বিভাগের কাছে হস্তান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তবে মুখপাত্র অভিযুক্ত ব্যক্তিদের নাম প্রকাশ করেননি।

,

ব্যাবিলন প্রদেশের নিরাপত্তা ও গোয়েন্দা কর্মকর্তাসহ নয়জন কর্মকর্তাকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কমান্ডার এবং তেল মন্ত্রণালয়ের তেল পাইপলাইন কোম্পানির পরিচালককেও তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে বরখাস্তকৃত কর্মকর্তারা চোরাচালানের সঙ্গে ঠিক কীভাবে জড়িত ছিলেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি নুমান।

,

অভিযোগ তদন্তকারী একটি কমিটি গত শুক্রবার কাতাইব হিজবুল্লাহর সদস্যদের সঙ্গে নিয়ে জুরফ আল সাকের এলাকায় প্রবেশ করে। সরকারি বার্তা সংস্থা আইএনএ জানিয়েছে, স্যাটেলাইট চিত্রের ভিত্তিতে তৈরি গোয়েন্দা নথিতে ওই এলাকায় একটি সশস্ত্র দলের মাধ্যমে অপরিশোধিত তেল ও তেলজাত পণ্য চোরাচালানের চিত্র উঠে আসে। প্রতিবেদনে নাম প্রকাশ না করা ওই দলটির বিরুদ্ধে স্থানীয় পাইপলাইন থেকে তেল চুরির অভিযোগ আনা হয়।

,

তদন্ত কমিটি এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে বলে জানান নুমান। সশস্ত্র গোষ্ঠীগুলোকে রাষ্ট্রের কাছে অস্ত্র সমর্পণ করার প্রতিশ্রুতি বাস্তবায়নের ঘোষণা দেওয়ার পর থেকেই প্রধানমন্ত্রী এবং কাতাইব হিজবুল্লাহর মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। কিছু গোষ্ঠী অস্ত্র জমা দেওয়ার ঘোষণা দিলেও কাতাইব হিজবুল্লাহর মতো শক্তিশালী দলগুলো তা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে।

,

এর আগে জ্যেষ্ঠ ইরাকি রাজনীতিবিদরা জানিয়েছিলেন, অস্ত্র সমর্পণে অস্বীকৃতি জানানো গোষ্ঠীগুলোর মুখোমুখি হতে প্রধানমন্ত্রী বারবার নিজের প্রস্তুতির কথা প্রকাশ করেছেন। এর জবাবে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি ও সরকার পতনের হুমকি দিয়ে বেশ কয়েকটি কঠোর বিবৃতি দিয়েছে কাতাইব হিজবুল্লাহ।

,

এক জ্যেষ্ঠ ইরাকি রাজনীতিবিদ জানান, প্রধানমন্ত্রী এবং ওই সশস্ত্র গোষ্ঠীর মধ্যকার এই বিরোধ এখন অনেকটাই ব্যক্তিগত পর্যায়ে পৌঁছে গেছে। বর্তমান রাজনৈতিক নেতারা এই ক্রমবর্ধমান উত্তেজনা প্রশমনে কাজ করে যাচ্ছেন।

,

ইরাকি সশস্ত্র গোষ্ঠীগুলোর তেল চোরাচালানে জড়িত থাকার অভিযোগ এর আগেও তুলেছে ওয়াশিংটন। নিষেধাজ্ঞা এড়িয়ে তেহরানকে সহায়তার জন্য ইরাকি ও ইরানি তেল মিশ্রণ করা কিংবা ইরানি তেলকে ইরাকি তেল হিসেবে বিক্রির অভিযোগে বেশ কয়েকজন ইরাকি কর্মকর্তা ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

,

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রেক্ষাপটে তেহরানকে সমর্থন জানাতে ইরাকে মার্কিন স্বার্থ লক্ষ্য করে দীর্ঘদিন ধরে হামলা চালিয়ে আসছে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলো এবং সাম্প্রতিক সময়ে এসব হামলা আরও বৃদ্ধি পেয়েছে।

banner
Link copied!