সৌদি আরবের জাজান উপকূলের কাছে লোহিত সাগরে একটি জরাজীর্ণ জাহাজে গত ছয় মাস ধরে আটকে থাকা পাঁচ সিরীয় নাবিককে অবশেষে উদ্ধার করা হয়েছে। রিয়াদের সিরীয় দূতাবাস এবং সৌদি কর্তৃপক্ষের যৌথ প্রচেষ্টায় এই উদ্ধার অভিযান সফল হয়। আটকা পড়ার পর থেকে ক্রুরা তীব্র খাদ্যসংকট, সুপেয় পানির অভাব এবং জ্বালানি সংকটের পাশাপাশি লোহিত সাগরের প্রতিকূল আবহাওয়ার মুখোমুখি হয়েছিলেন।
সিরিয়ার আরওয়াদ দ্বীপের বাসিন্দা জাহাজের ক্যাপ্টেন ওয়ালিদ মোহাম্মদ আবু বকর জানান, জাহাজের মালিক ক্রুদের মাঝসাগরে ফেলে পালিয়ে গেছেন। মূলত জাহাজের যান্ত্রিক ত্রুটির কারণে জাজান বন্দরের পরিদর্শকরা এটিকে পণ্য উত্তোলনের জন্য বন্দরে প্রবেশের অনুমতি না দেওয়ায় এই সংকটের সূচনা হয়েছিল।
ছয় মাস আগে জাহাজটি কেনা এক ইয়েমেনি ব্যবসায়ী এর মালিক ছিলেন। পরবর্তীতে তিনি শিপিং এজেন্সির সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে লাপাত্তা হন। নাবিকদের আর্থিক পাওনা পরিশোধ না করেই মালিক তাদের জাহাজে আটকে রেখে উধাও হয়ে যান।
ক্যাপ্টেন আবু বকর তখন জরুরি হটলাইনের মাধ্যমে রিয়াদের সিরীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেন। দূতাবাস কর্মকর্তারা দ্রুত সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সহায়তা নিশ্চিত করেন এবং নাবিকদের দেশটিতে প্রবেশের ব্যবস্থা করেন।
বিদেশস্থ সিরীয় নাগরিকদের রক্ষা করা তাদের দায়িত্বের অংশ বলে জানিয়েছে দূতাবাস। এই সংকট নিরসনে সর্বাত্মক সহযোগিতা করার জন্য তারা সৌদি কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
দীর্ঘ ছয় মাসের এই চরম দুর্দশার সময়ে নাবিকদের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের ব্যাপক ঘাটতি ছিল। জাহাজের বিদ্যুৎ সরবরাহ কমে যাওয়ায় লোহিত সাগরের তীব্র গরম ও আর্দ্রতার মধ্যেও তাদেরকে বিদ্যুৎ ব্যবহার সীমিত রাখতে হয়েছিল।
পরিস্থিতি খতিয়ে দেখতে সৌদি সীমান্তরক্ষী বাহিনী ও বন্দর কর্মকর্তারা জাহাজে যান। ক্যাপ্টেন আবু বকর তাঁদের কাছে প্রয়োজনীয় নথিপত্র উপস্থাপন করেন এবং জাহাজের বর্তমান অবস্থার জন্য ক্রুরা কোনোভাবেই দায়ী নন তা প্রমাণ করেন।
ক্যাপ্টেন জানান জাহাজটির বয়স ৪৫ বছরের বেশি এবং এটি নানা ধরনের কাঠামোগত ও যান্ত্রিক ত্রুটিপূর্ণ। জাহাজের খোল, কীল এবং ব্যালাস্ট ট্যাংকে ছিদ্র থাকায় পানি প্রবেশ করছিল। এছাড়া পুরোনো জেনারেটর এবং অকেজো মূল ইঞ্জিন জাহাজের নিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত করছিল।
সিরীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার পর শিপিং এজেন্টের ওপর আনুষ্ঠানিক চাপ সৃষ্টি হয়। ক্যাপ্টেন দূতাবাসের কর্মীদের ভূমিকার প্রশংসা করেন, যার ফলে নাবিকদের সিরিয়ায় প্রত্যাবর্তনের আগে জেদ্দায় সরিয়ে নেওয়া সম্ভব হয়।
সাগরে এই বন্দিদশার সময়ে ক্যাপ্টেন আবু বকর তাঁর জীবনের প্রথম বই লেখার কাজ শেষ করেন। এই দুঃসময়ের অভিজ্ঞতা ও আত্মোপলব্ধি থেকে অনুপ্রাণিত হয়ে তিনি আল্লাহর দিকে ফিরে যাওয়াই নিরাময়ের শুরু শিরোনামে ১২০ পৃষ্ঠার একটি পান্ডুলিপি তৈরি করেন।
