ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রিয়াদ অভিমুখে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত ও ধ্বংস করেছে। জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি গত রোববার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ক্ষেপণাস্ত্র আটকের খবর জানান এবং এর জন্য হুথিদের দায়ী করেন।
এর আগে গত শনিবার আল-মালিকি জানান, রিয়াদ ও দক্ষিণাঞ্চলীয় এলাকায় হুথিদের সন্দেভাজন দুটি ড্রোন প্রতিহত করে ধ্বংস করা হয়েছে। সৌদি কর্তৃপক্ষের তথ্যমতে, গত ২৩ সেপ্টেম্বর থেকে দেশটির অভ্যন্তরে হুথিদের সন্দেহভাজন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন।
হুথি বিদ্রোহীরা প্রায়ই সৌদির গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। এর মধ্যে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর, পূর্ব-পশ্চিম পাইপলাইন এবং দেশের পূর্বা ও দক্ষিণাঞ্চলের তেল স্থাপনাগুলো অন্তর্ভুক্ত রয়েছে। গত শনিবার রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস দেশজুড়ে একটি নিরাপত্তা সতর্কতা জারি করে এবং সৌদিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দেয়।
দূতাবাসের সতর্কবার্তায় বলা হয়, বেসামরিক বিমানবন্দর ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হুথির হামলা বেসামরিক লোকজনের প্রাণহানি এবং মারাত্মক ভ্রমণ বিঘ্ন ঘটিয়েছে। শত্রুতা দ্রুত ছড়িয়ে পড়তে পারে উল্লেখ করে মিশটি সৌদি আরবের বিমানবন্দর ব্যবহারকারী সবাইকে অত্যন্ত সতর্ক থাকার আহ্বান জানায়।
এদিকে ইয়েমেনের বিভিন্ন যুদ্ধক্ষেত্রে তীব্র লড়াই ছড়িয়ে পড়েছে। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সমর্থক বাহিনীগুলো মারিব শহরের দিকে উৎক্ষিপ্ত বেশ কয়েকটি ড্রোন প্রতিহত করার কথা জানিয়েছে।
ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল মজিদ আল-নুজাইলি জানান, আল-জউফ প্রদেশের আল-হাজম ও মাদগাল জেলায় তীব্র যুদ্ধের সময় সরকারি বাহিনী হুথিদের বিরুদ্ধে অগ্রগতি অর্জন করেছে। আল-নুজাইলির দাবি, তায়েজ, লাহিঝ, মারিব ও আল-জউফ প্রদেশে ৭২৩টি লক্ষ্যভিত্তিক অভিযানে ৩২১ জন হুথি নেতা নিহত বা আহত হয়েছেন এবং বিদ্রোহী গোষ্ঠীর ১১৭টি সামরিক যান ধ্বংস করা হয়েছে।
আল-নুজাইলি জানান, জোট বাহিনী অন্তত ৩৭টি বিমান হামলা, ৫৬টি ড্রোন হামলা এবং ৫৪১টি আর্টিলারি হামলা চালিয়েছে। অন্যদিকে হুথির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া জানান, সৌদি নেতৃত্বাধীন জোট ২৪ ঘণ্টার মধ্যে সাদা, তায়েজ, লাহিঝ ও আল-জউফ প্রদেশে হুথি অবস্থান লক্ষ্য করে ৭২টি বিমান হামলা চালিয়েছে।
সারিয়া বলেন, হুথি যোদ্ধারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে লাহিঝ প্রদেশের খারাজ এলাকায় সৌদি সমর্থিত সরকারি বাহিনীকে লক্ষ্যবস্তু করেছে। হুথি সংশ্লিষ্ট গণমাধ্যমের খবরে বলা হয়, সৌদি সমর্থিত বাহিনীর গোলন্দাজ হামলায় রাজধানী সানার শুয়ুব জেলার একটি আবাসিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এতে দুজন নারী ও দুটি শিশু আহত হয়েছে।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানিয়েছে, গত আগস্ট মাস থেকে ইয়েমেনে নতুন করে শুরু হওয়া লড়াইয়ের কারণে তিন লাখ ৪০ হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
