ইয়েমেনের হুথি আন্দোলন কোনো ধরনের পূর্বশর্ত বা বাছাই প্রক্রিয়া ছাড়াই এককভাবে ছয় শ বন্দীকে মুক্তি দিয়েছে। আন্তর্জাতিক রেড ক্রস কমিটি জানিয়েছে, মঙ্গলবার এই বন্দী মুক্তি কার্যকর করা হয়েছে।
মুক্তি পাওয়ার আগে রেড ক্রস কমিটির প্রতিনিধিরা বন্দীদের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেন। এ ছাড়া মুক্তিপ্রাপ্ত ব্যক্তিরা যেন নিরাপদে নিজেদের বাড়িতে ফিরতে পারেন, সেজন্য প্রয়োজনীয় সহায়তাও প্রদান করে এই মানবিক সংস্থা।
জাতীয় বন্দী বিষয়ক কমিটির উদ্যোগে এই মুক্তি সম্পন্ন হয়েছে। তবে এটি স্টকহোম চুক্তির আওতায় হয়নি। রেড ক্রস কমিটি স্পষ্ট জানিয়েছে, কাদের মুক্তি দেওয়া হবে কিংবা কতজনকে মুক্তি দেওয়া হবে, তা নির্ধারণে তাদের কোনো ভূমিকা ছিল না।
হুথিদের জাতীয় বন্দী বিষয়ক কমিটির প্রধান আবদুল কাদির আল মুর্তাদা ছয় শ বন্দীকে মুক্তি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এই মুক্তির মাধ্যমে ইয়েমেনের যুদ্ধ শুরুর পর থেকে তাদের একক উদ্যোগে মুক্তি পাওয়া বন্দীর সংখ্যা দাঁড়াল দুই হাজার ছয় শ বারো জনে।
এই ঘোষণা আসার পর ইয়েমেন সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
স্টকহোমে অনুষ্ঠিত আলোচনার পর ২০১৮ সালের ডিসেম্বরে ইয়েমেন সরকার ও হুথিরা বন্দী ও আটক ব্যক্তিদের বিনিময়ের বিষয়ে একটি চুক্তিতে পৌঁছেছিল। সে সময় উভয় পক্ষের বন্দীর সংখ্যা পনেরো হাজারের বেশি ছাড়িয়ে গিয়েছিল।
এর আগে গত মাসে হুথিগোষ্ঠী কর্তৃক একান্ন জন বন্দীকে মুক্তি দেওয়ার কথা জানিয়েছিল রেড ক্রস।
২০১৪ সালের সেপ্টেম্বর মাসে হুথিরা রাজধানী সানা এবং অন্যান্য বেশ কিছু প্রদেশ দখল করার পর থেকেই ইয়েমেন ভয়াবহ গৃহযুদ্ধের মুখোমুখি হয়। এরপর আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের সমর্থনে ২০১৫ সালের মার্চ মাসে সামরিক হস্তক্ষেপ করে সৌদি নেতৃত্বাধীন জোট।
ইয়েমেনের সংঘাতের সঙ্গে সম্পর্কিত বন্দীদের মুক্তি, স্থানান্তর এবং নিজ দেশে প্রত্যাবর্তনে অতীতে মধ্যস্থতা করেছে রেড ক্রস। সংঘাতের পক্ষগুলোর অনুরোধে ভবিষ্যতে এ ধরনের যেকোনো মানবিক উদ্যোগে নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতে তারা প্রস্তুত রয়েছে।
