সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

ডিজিটাল নিষেধাজ্ঞা

জর্ডানে নিষিদ্ধ হলো টেলিগ্রাম: গির্জায় হামলার পর কঠোর পদক্ষেপ

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : নভেম্বর ১৬, ২০২৬, ০৫:৩০ পিএম

জর্ডানে নিষিদ্ধ হলো টেলিগ্রাম: গির্জায় হামলার পর কঠোর পদক্ষেপ

জর্ডানে মেসেজিং অ্যাপ টেলিগ্রামের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। দেশটির জননিরাপত্তা অধিদপ্তর জানিয়েছে, অবৈধ কনটেন্ট এবং উগ্রবাদী উপাদানের বিস্তার রোধ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

গত মাসে একটি গ্রিক অর্থোডক্স গির্জায় হামলার পর শুরু হওয়া নিরাপত্তা অভিযানের অংশ হিসেবেই এই নিষেধাজ্ঞা এল। ওই গুলিবর্ষণের ঘটনায় নয়জন মানুষ নিহত হয়েছিলেন।

কারাক গভর্নরেটের পশ্চিম-মধ্যাঞ্চলের হাম্মুদ গ্রামে এই ঘটনা ঘটেছিল। গত রবিবার একটি আদালত গির্জায় হামলার দায়ে তিন ব্যক্তিকে ফাঁসির দণ্ড দেন।

এই সহিংসতার পর জর্ডান সীমান্ত পেরিয়ে সিরিয়ার ভেতরে বিমান হামলা চালায়। আম্মান জানায়, ওই অভিযানে আইএসের সাথে যুক্ত ২০ জন সশস্ত্র সদস্য নিহত হয়েছে, যারা গির্জার হামলার সাথে জড়িত ছিল।

চলতি মাসে রাজধানী আম্মানে আরেকটি নিরাপত্তা সংকটের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। সন্ত্রাসী হামলা হিসেবে অভিহিত ওই ঘটনায় এক নিরাপত্তা কর্মকর্তা প্রাণ হারিয়েছেন এবং অপর একজন আহত হয়েছেন।

টেলিগ্রাম নিষিদ্ধ করার পর জননিরাপত্তা অধিদপ্তর সাধারণ মানুষের জন্য নির্দেশনা জারি করেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।

অজ্ঞাত পরিচয় অ্যাকাউন্ট, লিংক বা সত্তার সাথে মেলামেশা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া যেকোনো বেআইনি কার্যক্রম বা কনটেন্ট অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে জানানোর জন্য নাগরিকদের বলা হয়েছে।

২০১৩ সালে রুশ উদ্যোক্তা পাভেল দুসভ টেলিগ্রাম প্রতিষ্ঠা করেন। নিরাপত্তা সংস্থাগুলোর বিশ্বাস, আইএস-এর মতো গোষ্ঠীগুলো এই প্ল্যাটফর্মটি ব্যবহার করে থাকে।

সন্ত্রাসবাদে সহায়তার অভিযোগ এনে গত জুলাই মাসে দুভেরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে রাশিয়া। দোষী সাব্যস্ত হলে এই ৪২ বছর বয়সী উদ্যোক্তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে এবং বর্তমানে তিনি দুবাইয়ে অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশেও তার বিরুদ্ধে তদন্ত চলছে।

মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা জুড়ে এই মেসেজিং অ্যাপটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। প্ল্যাটফর্মটির বৈশ্বিক ব্যবহারকারীর প্রায় আট শতাংশ রয়েছে এই অঞ্চলে, যা এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড চ্যাট সমর্থন করার পাশাপাশি কিছু কথোপকথন এনক্রিপ্ট করা ছাড়াই রাখে।

banner
Link copied!