ইয়েমেনের সংসদ সদস্যরা সোমবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে হুথি আন্দোলনকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করে একটি বিস্তৃত বিল অনুমোদন করেছেন। দুই দিন ধরে চলা বিতর্ক এবং একটি বিশেষ সংসদীয় কমিটির পর্যালোচনার পর এই ভোটাভুটি অনুষ্ঠিত হয়।
ডেপুটি স্পিকার মোহসেন বাসুরার সভাপতিত্বে ওই কমিটি গঠিত হয়েছিল এবং সরকারি প্রতিনিধিরা আলোচনায় অংশ নিয়েছিলেন। নতুন এই আইনটিতে নয়টি অধ্যায়ে মোট ৫৫টি ধারা রয়েছে, যেখানে গোষ্ঠীটির রাজনৈতিক, সামরিক ও বেসামরিক শাখাগুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
নির্দিষ্ট অপরাধের জন্য এই বিলে মৃত্যুদণ্ডের মতো কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখল করা, শহরগুলোতে অবরুদ্ধ অবস্থা তৈরি করে অনাহার সৃষ্টি করা, বেসামরিক নাগরিক ও আন্তর্জাতিক নৌচলাহলে হামলা চালানো এবং স্থলমাইন পুঁতে রাখা।
আইনটিতে অন্তর্ভুক্ত অন্যান্য অপরাধের মধ্যে রয়েছে শিশুদের জোরপূর্বক যুদ্ধক্ষেত্রে নিয়োগ, অপহরণ এবং গুমের মতো ঘটনা। এছাড়া হুথি গোষ্ঠীর সঙ্গে সম্পর্কিত সম্পত্তি ও তহবিল চিহ্নিত করা, জব্দ করা এবং বাজোপ্ত করার আইনি কাঠামোও এতে প্রদান করা হয়েছে।
এই আইনে আন্তর্জাতিক বিচারিক সহযোগিতা, সাক্ষ্যপ্রমাণ বিনিময় এবং ভুক্তভোগীদের অধিকার সুরক্ষার জন্য ডিজাইন করা ব্যবস্থাগুলোর কথা বলা হয়েছে। সংসদ এই বিল পাস করাকে একটি জাতীয় ও সাংবিধানিক দায়িত্ব বলে অভিহিত করেছে।
সংসদ সদস্যরা অন্যান্য দেশকে এই গোষ্ঠীর অর্থায়ন ও অস্ত্র সরবরাহ রোধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তারা সামুদ্রিক পথ সুরক্ষায় আন্তর্জাতিক সহায়তারও দাবি জানিয়েছেন। তবে সংসদের এই ভোটাভুটির বিষয়ে হুথি আন্দোলনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এর আগে গত ১১ অক্টোবর ইয়েমেনি মন্ত্রিপরিষদ খসড়া আইনটি অনুমোদন করে এবং পরবর্তীতে তা সংসদে পাঠায়। ২০২২ সালের এপ্রিল মাসে জাতিসংঘের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি শুরুর পর কিছুকাল তুলনামূলক শান্তি বজায় থাকলেও গত জুলাই মাস থেকে নতুন করে সংঘর্ষ শুরু হয় এবং সোমাবরের এই ভোটাভুটি সেই প্রেক্ষাপটেই অনুষ্ঠিত হলো।
২০১৪ সালের সেপ্টেম্বর মাসে হুথিরা ইয়েমেনের রাজধানী সানা এবং দেশের অন্যান্য অঞ্চলের নিয়ন্ত্রণ দখল করে নেয়। এর ফলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সমর্থন দিতে ২০১৫ সালের মার্চ মাসে সৌদি নেতৃত্বাধীন জোট সামরিক হস্তক্ষেপ করে।
