বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

সোমালি আমিরাত উত্তেজনা

সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে সার্বভৌমত্ব লঙ্ঘন ও অননুমোদিত ঘাঁটির অভিযোগ: দাবি হাসান শেখ মোহামুদের

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : নভেম্বর ১৮, ২০২৬, ১২:৩০ এএম

সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে সার্বভৌমত্ব লঙ্ঘন ও অননুমোদিত ঘাঁটির অভিযোগ: দাবি হাসান শেখ মোহামুদের

সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মোহামুদ সোমবার সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে দেশের অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপের অভিযোগ তুলেছেন। তিনি জানান, আবুধাবি কেন্দ্রীয় সরকারের অনুমোদন ছাড়াই হর্ন অব আফ্রিকার এই দেশটিতে সামরিক স্থাপনা গড়ে তুলছে।

একটি টেলিভিশন ভাষণে মোহামুদ বলেন, মোদিশাহর জাতীয় নিরাপত্তা কাঠামোর বাইরে গিয়ে নিজস্ব সামরিক বাহিনী মোতায়েন করেছে আবুধাবি। তিনি এই পদক্ষেপগুলোকে সোমালিয়ার সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত বলে অভিহিত করেন।

তিনি দেশবাসীর উদ্দেশে বলেন, সহজ কোনো বিষয় নিয়ে কথা বলতে আমি আপনাদের সামনে হাজির হইনি। একই সঙ্গে তিনি দুই দেশের মধ্যকার ঐতিহাসিক সম্পর্কের কথাও স্বীকার করেন।

সোমালি নেতা আরও অভিযোগ করেন, ফেডারেল কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই বারবারা, বোসাসো এবং কিসমায়োয় বন্দর চুক্তি করেছে আমিরাত। তার দাবি, আবুধাবি দেশের ভেতরে রাজনৈতিক বিভেদ উসকে দিচ্ছে এবং সোমালিয়ার উত্তরাঞ্চলকে ইসরায়েলের স্বীকৃতি দেয়ার পেছনে ভূমিকা রাখছে।

মোহামুদ জানান, সোমালি সরকারের অনুমতি ছাড়াই গত জানুয়ারিতে ইয়েমেন থেকে একজন পলাতক মিলিশিয়া নেতাকে সরিয়ে নিতে বারবারা বন্দর ব্যবহার করেছে আমিরাত।

এর প্রতিক্রিয়ায় চলতি বছরের শুরুতে আমিরাতের সঙ্গে সব চুক্তি বাতিল করে মোদিশাহ। একই সঙ্গে ফেডারেল সরকার আমিরাতের সামরিক ও কার্গো বিমানের জন্য তাদের আকাশসীমাও বন্ধ করে দেয়।

কূটনৈতিক এই অবনতির মধ্যেও সমতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক বজায় রাখতে তার প্রশাসন প্রস্তুত রয়েছে বলে জানান মোহামুদ।

সোমালিয়া ও সংযুক্ত আরব আমিরাতের সম্পর্কের ইতিহাস প্রায়ই উত্তেজনা ও পুনরেকত্রীকরণের মধ্য দিয়ে গেছে। রাজনৈতিক হস্তক্ষেপের পূর্ববর্তী অভিযোগগুলোর পর থেকেই গত জানুয়ারি মাস থেকে দুই দেশের সম্পর্ক শীতল অবস্থায় রয়েছে।

ঐতিহাসিক উত্তেজনার একটি ঘটনা ঘটেছিল ২০১৮ সালে, যখন মোদিশাহ বিমানবন্দরে একটি আমিরাতি বিমান থেকে ৯৬ লক্ষ মার্কিন ডলার জব্দ করে সোমালি কর্তৃপক্ষ। আবুধাবি ওই অর্থ আটককে অবৈধ ঘোষণা করে জানায় যে সোমালি সেনাবাহিনী ও প্রশিক্ষণার্থীদের সহায়তার জন্যই তহবিল পাঠানো হয়েছিল এবং এর পরিপ্রেক্ষিতে তারা তাদের সামরিক প্রশিক্ষণ মিশন বন্ধ করে দেয়।

banner
Link copied!