বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

তেল রপ্তানি শুরু

১২ বছর পর তুর্কি পাইপলাইন দিয়ে ইরাকের তেল রপ্তানি পুনরায় চালু

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : নভেম্বর ১৮, ২০২৬, ০৬:০০ এএম

১২ বছর পর তুর্কি পাইপলাইন দিয়ে ইরাকের তেল রপ্তানি পুনরায় চালু

দীর্ঘ ১২ বছর বন্ধ থাকার পর তুরস্কের একটি পাইপলাইন দিয়ে তেল পাম্পিং শুরু করেছে ইরাক। প্রাথমিক পর্যায়ে দৈনিক ১ লক্ষ ২০ হাজার ব্যারেল তেল রপ্তানি করা হবে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান দ্বন্দ্বের কারণে হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন ব্যাহত হওয়ার প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। গত মঙ্গলবার ইরাকের তেল মন্ত্রণালয় এই তেল রপ্তানি পুনরায় চালুর ঘোষণা দেয়।

কর্তৃপক্ষ ধাপে ধাপে রপ্তানি ক্ষমতা বাড়িয়ে দৈনিক ৫ লক্ষ ব্যারেলে উন্নীত করার পরিকল্পনা নিয়েছে। দেশটির তেলমন্ত্রী বাসিম মোহাম্মদ খুদায়ের জানান, ৯৬০ কিলোমিটার দীর্ঘ কিরকুক-চেইহান পাইপলাইনটি পুনরায় চালুর আগে ব্যাপক রক্ষণাবেক্ষণ ও সংস্কার কাজ সম্পন্ন করা হয়েছে।

এছাড়া পাইপলাইনটির অবকাঠামোতে সার্বিক প্রযুক্তিগত ও অপারেশনাল পরীক্ষাও চালানো হয়েছে। ২০১৪ সালে উগ্রবাদী গোষ্ঠী দায়েশের হামলার মুখে পাইপলাইনটি বন্ধ করে দিতে বাধ্য হয়েছিল কর্তৃপক্ষ।

তেলমন্ত্রী বাসিম মোহাম্মদ খুদায়ের বলেন, এই অর্জন ইরাকের রপ্তানি সক্ষমতা বৃদ্ধি এবং অপরিশোধিত তেল রপ্তানির পথ বৈচিত্র্যময় করার ক্ষেত্রে একটি কৌশলগত পদক্ষেপ। পাশাপাশি এটি জাতীয় অর্থনীতিতে অতিরিক্ত আর্থিক রাজস্ব যোগ করবে।

ইরাকি বার্তা সংস্থার তথ্য অনুযায়ী, তিনি আরও জানান যে এই উত্তরাঞ্চলীয় রুট দিয়ে তেল রপ্তানির ফলে কোনো ধরনের ছাড় ছাড়াই বাজারমূল্যে অপরিশোধিত তেল বিক্রি করতে পারছে ইরাক।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসের শেষের দিকে শুরু হওয়া ইরানের সংঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে ইরাকের দক্ষিণাঞ্চলীয় তেল টার্মিনালগুলো। তেহরান কার্যকরভাবে হরমুজ প্রণালী ব্যবহার করে ট্যাংকার চলাচল আটকে দিয়েছে।

উল্লেখ্য, তেল রপ্তানিকারক দেশগুলোর সংস্থা ওপেক-এর সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সৌদি আরবের পরেই ইরাক হলো দ্বিতীয় বৃহত্তম তেল উৎপাদক দেশ।

এদিকে ২০১৪ সালে বন্ধ হওয়ার আগে কিরকুক-চেইহান পাইপলাইন দিয়ে বিশ্ববাজারের মোট তেল সরবরাহের প্রায় শূন্য দশমিক ৫ শতাংশ তেল সরবরাহ করা হতো।

banner
Link copied!