লেবাননে হিজবুল্লাহর পাঁচ সদস্যের বিরুদ্ধে লোক সংগ্রহ ও অস্ত্র সরবরাহের আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে। একজন বিচার বিভাগীয় সূত্র বুধবার এ তথ্য জানিয়েছে।
চলতি মাসের শুরুতে উত্তর লেবানন থেকে এই পাঁচ সন্দেহভাজনকে হেফাজতে নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযুক্তদের আটকের এই এলাকাটি মূলত খ্রিস্টান অধ্যুষিত এবং ইরানসমর্থিত দলটির মূল শক্তিকেন্দ্রগুলো থেকে বেশ দূরে অবস্থিত।
ওই বিচার বিভাগীয় সূত্র আরও জানিয়েছে, ধৃত ব্যক্তিরা একটি সশস্ত্র দল গঠন, সদস্য সংগ্রহ, তাদের সাজসরঞ্জাম দেওয়া এবং অস্ত্র সরবরাহের মতো গুরুতর সব অভিযোগের মুখোমুখি হয়েছেন।
বৈরুতের কর্তৃপক্ষের তরফ থেকে হিজবুল্লাহর সামরিক শাখা নিরস্ত্র করার ক্রমবর্ধমান চাপের মধ্যেই এই আইনি পদক্ষেপ নেওয়া হলো। তাছাড়া ইসরাইলের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের কারণেও দলটি দুর্বল হয়ে পড়েছে।
এর আগে গত মাসে হিজবুল্লাহর কাছে বিস্ফোরক পাঠানোর সঙ্গে কথিত সম্পৃক্ততার অভিযোগে ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছিল একটি লেবানীয় আদালত। সেই অভিযানে কর্তৃপক্ষ আধা টন বিস্ফোরক বোঝাই চালান জব্দ করেছিল।
একটি বিরল স্বীকারোক্তিতে ইরানসমর্থিত দলটি জানায় যে জব্দকৃত গাড়িটি এবং এর ভেতরে থাকা বিস্ফোরক ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধের অংশ। একই সঙ্গে আন্দোলনটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ওই চালান ফেরত দেওয়ার দাবিও জানিয়েছিল।
গত সপ্তাহে বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরের একটি অস্ত্রাগার থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করেছে লেবাননীয় সেনাবাহিনী। ওই অভিযানে নিরাপত্তারক্ষীরা একজনকে গ্রেপ্তার করলেও অস্ত্রের আসল মালিকের পরিচয় প্রকাশ করেনি।
বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরগুলো হিজবুল্লাহর প্রধান দুর্গ হিসেবে পরিচিত। অতীতে এই দলের সঙ্গে ইসরাইলের যুদ্ধের সময় এলাকাটি তীব্র বোমা হামলা ও ব্যাপক ধ্বংসযজ্ঞের শিকার হয়েছিল।
গত জুন মাসে লেবানন ও ইসরাইল একটি কাঠামোগত চুক্তিতে স্বাক্ষর করেছে। ওই চুক্তির মধ্যে রয়েছে হিজবুল্লাহর নিস্ত্রীকরণ, দক্ষিণ অঞ্চলের দখলকৃত এলাকা থেকে পর্যায়ক্রমে ইসরাইলি সেনা প্রত্যাহার এবং ওই অঞ্চলে লেবানীয় সেনাবাহিনী মোতায়েন।
