লেবাননে অবস্থানরত তিনজন ব্যক্তি এবং তিনটি প্রতিষ্ঠানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ইরানের প্রক্সি নেটওয়ার্কগুলো বন্ধ করতে ওয়াশিংটনের চলমান বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বৈদেশিক সম্পদ নিয়ন্ত্রণ অফিস হিজবুল্লাহ-সংশ্লিষ্ট দাতব্য সংস্থা তাওয়ানু অ্যাসোসিয়েশন এবং এর প্রতিষ্ঠাতাকে কালোতালিকাভুক্ত করেছে। একই সঙ্গে সোনা ও অর্থ পাচার নেটওয়ার্কের মাধ্যমে সশস্ত্র গোষ্ঠীটিকে সহায়তাকারী দুই লেবানিজ ভাইকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
এই পদক্ষেপের বিষয়ে মন্তব্য করেছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তিনি বলেছেন, হিজবুল্লাহর মতো সন্ত্রাসী প্রক্সির মাধ্যমে লেবাননের সার্বভৌমত্ব ক্ষুণ্ন করার ইরানি শাসকগোষ্ঠীর যেকোনো প্রচেষ্টা সহ্য করা হবে না। তিনি আরও যোগ করেন, এই অঞ্চলে ইরানের প্রভাব বিস্তারের চেষ্টা এবং তাদের প্রক্সিগুলোর অর্থায়ন ব্যাহত করতে মার্কিন সরকার কাজ চালিয়ে যাবে।
মার্কিন সামরিক বাহিনী একটি নতুন সতর্কতা জারি করার কয়েক ঘণ্টা পরই এই নিষেধাজ্ঞাগুলো ঘোষণা করা হয়। সামরিক বাহিনী জানিয়েছে, ইরান থেকে পণ্যবোঝাই জাহাজগুলো থেকে সমুদ্রে পণ্য গ্রহণকারী জাহাজগুলোকে তেহরানের ওপর আরোপিত অবরোধ এড়ানোর প্রচেষ্টা হিসেবে বিবেচনা করা হবে। ওই জাহাজগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে ওয়াশিংটন, এমনটাই সতর্ক করেছে তারা।
অর্থ মন্ত্রণালয় বিস্তারিতভাবে জানিয়েছে, ওয়া তাওয়ানু অ্যাসোসিয়েশন মানবিক সেবা দেওয়ার আড়ালে হিজবুল্লাহর কার্যক্রমে সহায়তা করে থাকে। দক্ষিণ লেবাননে কার্যক্রম পরিচালনাকারী এই দাতব্য সংস্থাটি জরুরি ত্রাণের আড়ালে বাইরের দাতাদের তহবিল হিজবুল্লাহর সন্ত্রাসী কার্যক্রমে পাচার করে।
দাতব্য সংস্থাটির প্রতিষ্ঠাতা এবং এর কার্যক্রম সমন্বয়কারী আফিফ আবদেল রিদা চৌমানকেও কালোতালিকাভুক্ত করেছে অর্থ মন্ত্রণালয়। সংস্থাটি জানিয়েছে, এই সাম্প্রতিক নিষেধাজ্ঞাগুলো প্রমাণ করে যে হিজবুল্লাহ কীভাবে বেসামরিক দাতব্য সংস্থাগুলোকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে এবং নিজেদের মানবিক সেবাদাতা হিসেবে জাহির করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
লেবানিজ ব্যবসায়ী ও মানি চেঞ্জার হাসান খেচেন এবং তাঁর ভাই ইব্রাহিম খেচেনের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। হিজবুল্লাহর পক্ষে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের কুদস ফোর্স থেকে বিপুল পরিমাণ তহবিল লেবাননে স্থানান্তরের অভিযোগ আনা হয়েছে এই দুই ভাইয়ের বিরুদ্ধে।
হাসান খেচেনের প্রতিষ্ঠান গোল্ড গ্লোবাল কোম্পানি এবং তুরস্কভিত্তিক সানকারি গোল্ড কুয়ুমজুলুক তিজারেত লিমিটেড সিরকেতিও এই নিষেধাজ্ঞার আওতায় এসেছে। অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, হাসান খেচেন তুরস্কভিত্তিক এই প্রতিষ্ঠানটি নিয়ন্ত্রণ করেন এবং কুদস ফোর্সের সঙ্গে সোনা ও অর্থ পাচার নেটওয়ার্কের মাধ্যমে হিজবুল্লাহকে সহায়তা করার কারণে এটি লক্ষ্যবস্তু করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গত সপ্তাহে জি সেভেন জোটের পররাষ্ট্রমন্ত্রীদের বলেছেন, ইরানের ওপর ধ্বংসাত্মক অর্থনৈতিক চাপ অব্যাহত রাখবে ওয়াশিংটন। জি সেভেন জোটের চার কূটনীতিক জানিয়েছেন, রুবিও তাঁদের বলেছেন যে যুদ্ধ বা ইরানের অগ্রহণযোগ্য দাবি মেনে নেওয়া ছাড়াও যুক্তরাষ্ট্রের হাতে অন্যান্য বিকল্প খোলা রয়েছে।
নিষেধাজ্ঞার আওতায় আসা নতুন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
