বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

ইরান সংঘাত

ইরানে যৌথ হামলার জন্য মার্কিন কর্মকর্তাদের চাপ দিচ্ছেন মোসাদ প্রধান: দাবি কূটনৈতিক সূত্রের

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : নভেম্বর ১৯, ২০২৬, ০৬:৩০ এএম

ইরানে যৌথ হামলার জন্য মার্কিন কর্মকর্তাদের চাপ দিচ্ছেন মোসাদ প্রধান: দাবি কূটনৈতিক সূত্রের

গত সপ্তাহে ওয়াশিংটন সফরে গিয়ে ইরানের ওপর যুক্তরাষ্ট্রকে সঙ্গে নিয়ে যৌথ সামরিক হামলার জোরালো তাগিদ দিয়েছেন ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান। এই কূটনৈতিক দেনদরবারের বিষয়ে ওয়াকিবহাল দুজন ব্যক্তি বিষয়টি নিশ্চিত করেছেন। তবে প্রকাশ্য মন্তব্য করার অনুমতি না থাকায় তাঁরা নাম প্রকাশ করতে চাননি।

মোসাদ প্রধান রোমান গফম্যান মার্কিন প্রশাসনের একাধিক কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন। এর মধ্যে সিআইএ পরিচালক জন র্যাটক্লিফের সঙ্গে তাঁর বৈঠকও অন্তর্ভুক্ত ছিল। এসব বৈঠকে গফম্যান ইরানের বিরুদ্ধে ইসরায়েলি গোয়েন্দা মূল্যায়নের নানা দিক তুলে ধরেন। একটি সূত্র জানিয়েছে, ওই গোয়েন্দা তথ্যের মূল কেন্দ্রবিন্দু ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি, যা ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার চলমান পরোক্ষ কূটনীতির একটি অন্যতম প্রধান আলোচ্য বিষয়।

গফম্যান পরবর্তীতে মিয়ামিতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গেও বৈঠক করেন। উইটকফ ইরান ও ইউক্রেন সংক্রান্ত মার্কিন কূটনৈতিক প্রচেষ্টার নেতৃত্ব দিচ্ছেন। প্রায় একই সময়ে বেনিয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ সহযোগী ও সাবেক ইসরায়েলি মন্ত্রী রন ডারমার মার্কিন প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে আলাদা বৈঠক করে যৌথ হামলার পক্ষেকাল সওয়াল করেন।

সূত্রগুলো জানিয়েছে, গফম্যান ও ডারমারের এই তৎপরতা ছিল মূলত তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একটি বৃহত্তর কৌশলের অংশ। নেতানিয়াহু প্রেসিডেন্ট ট্রাম্পকে নতুন একটি সামরিক অভিযান শুরু করতে রাজি করাতে চাইছেন। তাঁর বিশ্বাস, সামরিক পদক্ষেপ নেওয়ার এই সুবর্ণ সুযোগ হাতছাড়া হয়ে যাচ্ছে। একটি সূত্র উল্লেখ করেছে, বছরের শেষ হওয়ার আগেই যুক্তরাষ্ট্র হয়তো এই অঞ্চল থেকে নিজেদের সামরিক উপস্থিতি কমিয়ে আনতে পারে, সেই আশঙ্কায় রয়েছে ইসরায়েল।

গত মাসের অস্পষ্ট নির্বাচনী ফলাফলের পর নিজের দুর্বল রাজনৈতিক অবস্থান পুনরুদ্ধার করতেই নেতানিয়াহু সংঘাত আরও ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ তুলেছেন তাঁর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা। অবশ্য নেতানিয়াহু এই অভিযোগ অস্বীকার করেছেন। মোসাদের গণমাধ্যম সংক্রান্ত বিষয়াদি তদারককারী তাঁর কার্যালয় থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

গত ৯ নভেম্বর ট্রাম্পের দেওয়া এক বিবৃতির পরপরই এই কূটনৈতিক তৎপরতা শুরু হয়। ওই বিবৃতিতে ট্রাম্প জানিয়েছিলেন যে তিনি ইরানের ওপর তাৎক্ষণিক হামলা চালাচ্ছেন না। পূর্ণাঙ্গ যুদ্ধ এড়াতে পরোক্ষ মধ্যস্থতাকারী দেশ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরই ওই সিদ্ধান্ত নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্প বিশ্বাস করেন মার্কিন অর্থনৈতিক চাপের কারণে ইরানের অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়েছে, ফলে বড় ধরনের কোনো সামরিক অভিযানের আর প্রয়োজন নেই। তবে ইরানের পারমাণবিক অস্ত্র অর্জন রোধে প্রেসিডেন্ট তাঁর সব বিকল্পই খোলা রেখেছেন বলে ওই কর্মকর্তা যোগ করেন।

গফম্যান ও র্যাটক্লিফের মধ্যকার বৈঠক নিয়ে হোয়াইট হাউসের ওই কর্মকর্তা কোনো মন্তব্য করতে রাজি হননি। সিআইএ কর্তৃপক্ষও এ বিষয়ে কিছু বলতে অস্বীকৃতি জানিয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের শীর্ষ নেতার নিহত হওয়ার মধ্য দিয়ে গত ২৮ ফেব্রুয়ারি যে সংঘাতের সূচনা হয়েছিল, হামলা নতুন করে শুরু হলে তার মাত্রা বহুগুণে বেড়ে যেতে পারে। ওই প্রথম দফার হামলার জবাবে যুক্তরাষ্ট্রের মিত্র উপসাগরীয় আরব দেশগুলোতে পাল্টা হামলা চালিয়েছিল ইরান। এর পর থেকে এপ্রিল মাস থেকে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি বজায় রয়েছে। যদিও সম্প্রতি উভয় পক্ষই বিক্ষিপ্ত গোলাবর্ষণে লিপ্ত হয়েছে। এর মধ্যে একটি ইরানি দ্বীপে যুক্তরাষ্ট্রের বোমা হামলা এবং কুয়েত ও বাহরাইনে ইরানের হামলাও অন্তর্ভুক্ত রয়েছে।

সংঘাত বাড়ানোর হুমকি এবং তা প্রশমিত করার নীতির মধ্যে দোদুল্যমান অবস্থায় রয়েছেন ট্রাম্প। রাজনৈতিকভাবে অজনপ্রিয় এই সংঘাতের কীভাবে অবসান ঘটানো যায়, সে বিষয়ে তিনি এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি বলেই ইঙ্গিত দিয়েছেন মার্কিন কর্মকর্তারা। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনীর মূল্যায়ন বলছে, ইরান থেকে তাৎক্ষণিক কোনো হুমকি নেই, তাই অবিলম্বে কোনো সামরিক পদক্ষেপ নেওয়ারও প্রয়োজন নেই। ইসরায়েলি সামরিক বাহিনী অবশ্য এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি।

দুই ইউরোপীয় কর্মকর্তা জানিয়েছেন, ইরানের অর্থনীতি তীব্র চাপের মুখে থাকলেও দেশটির সরকার পতনের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তাছাড়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নতুন এই সামরিক অভিযান আদৌ কী অর্জন করতে পারবে, তা নিয়েও তারা প্রশ্ন তুলেছেন।

banner
Link copied!