সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতকে সোমালিয়া ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। দেশটির সরকারি কর্মকর্তারা আবুধাবির বিরুদ্ধে জাতীয় সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ তুলে একে উন্মুক্ত আগ্রাসন হিসেবে অভিহিত করেছেন।
রাষ্ট্রীয় বার্তা সংস্থার মাধ্যমে তথ্যমন্ত্রী আবদিফাতাহ কাসিম মাহমুদ জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সহযোগিতা করা ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দেশের নিরাপত্তা ও ভূখণ্ডের সুরক্ষায় সব সোমালি নাগরিককে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। তবে ঠিক কী কারণে এই বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়ে মন্ত্রী সুনির্দিষ্ট কোনো তথ্য জানাননি।
আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। আঞ্চলিক চুক্তি ও সামরিক উপস্থিতিকে কেন্দ্র করে মোগাদিসু ও আবুধাবির মধ্যে দীর্ঘদিন ধরে চলা উত্তেজনার পারদ চরমে ওঠার পর এই কূটনৈতিক ভাঙন দেখা দিল।
সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মাহমুদ গত মঙ্গলবার অভিযোগ করেন যে, ফেডারেল প্রশাসনের বিরোধিতায় আঞ্চলিক সরকারগুলোকে অর্থনৈতিক ও রাজনৈতিক সহায়তা দিচ্ছে আবুধাবি। সোমালি ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, ফেডারেল সরকারের অনুমোদন ছাড়াই বারবারা, বসাসো ও কিসমায়োর আঞ্চলিক প্রশাসনের সঙ্গে আমিরাত বন্দর চুক্তি স্বাক্ষর করেছে বলে উল্লেখ করেন প্রেসিডেন্ট।
জাতীয় কমান্ডের বাইরে গিয়ে আমিরাত সামরিক ঘাঁটি ও বাহিনী গঠনে সহায়তা করেছে বলে জানান মাহমুদ। আল-শাবাবের মতো সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে যখন জাতীয় সেনাবাহিনী লড়াই চালিয়ে যাচ্ছে, ঠিক তখনই এই কাজ করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। তার মতে, রাজনৈতিক ও আর্থিক পৃষ্ঠপোষকতা দেশের ভেতরে বিভেদ আরও বাড়িয়ে দিয়েছে।
সোমালিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ অবশ্য বরাবরই অস্বীকার করে আসছে আরব আমিরাত। অতীতে সোমালি সেনাবহরকে অর্থায়ন ও প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি বন্দরসহ বিভিন্ন বাণিজ্যিক উদ্যোগে বিনিয়োগ করে আসছে এই উপসাগরীয় রাষ্ট্রটি।
আবুধাবির বিরুদ্ধে মোগাদিসুর নেওয়া সবচেয়ে কঠোর পদক্ষেপ হলো এই রাষ্ট্রদূত বহিষ্কার। এর আগে চলতি বছরের শুরুর দিকে উপসাগরীয় দেশটির সঙ্গে সমস্ত চুক্তি বাতিল করার ঘোষণা দিয়েছিল সোমালিয়া।
গত জানুয়ারি মাসে আমিরাতের সঙ্গে সম্পাদিত সব চুক্তি বাতিল করে সোমালিয়া। জাতীয় ঐক্য ও সার্বভৌমত্বকে ক্ষুণ্ন করার মতো ক্ষতিকর কর্মকাণ্ডের অভিযোগ এনে বন্দর ব্যবস্থাপনা এবং প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা সংক্রান্ত পূর্বের চুক্তিগুলো বাতিল করা হয়।
আফ্রিকার শৃঙ্গ অঞ্চলে নিজেদের প্রভাব বিস্তারের জন্য অর্থনৈতিক, সামরিক ও কূটনৈতিক মাধ্যম ব্যবহার করে আসছে আমিরাত। চৌদ্দ থেকে আঠারো সালের মধ্যে শত শত সোমালি সেনাকে প্রশিক্ষণ দিয়েছিল তারা।
সোমালিয়ার উচ্চপর্যায়ের সূত্রগুলো জানিয়েছে, রাজধানী মোগাদিসু ও তার আশপাশে কর্মরত প্রায় তিন হাজার চার শ সোমালি সামরিক পুলিশ ও বিশেষ বাহিনীর সদস্যদের বেতন এবং লজিস্টিক সহায়তা এখনো দিয়ে যাচ্ছে আরব আমিরাত।
