শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়াদ হামলা

রিয়াদের আর্থিক জেলায় হুথি ক্ষেপণাস্ত্র হামলা: ব্যাপক ক্ষয়ক্ষতি

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : নভেম্বর ১৯, ২০২৬, ১১:০৮ পিএম

রিয়াদের আর্থিক জেলায় হুথি ক্ষেপণাস্ত্র হামলা: ব্যাপক ক্ষয়ক্ষতি

গত বৃহস্পতিবার রাজধানী রিয়াদের প্রধান আর্থিক জেলার একটি টাওয়ার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে বহুতল ভবনটির কয়েকটি তলা এবং আশপাশের বেশ কিছু স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘটনার পরপরই সৌদি সিভিল ডিফেন্সের জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বেসামরিক স্থাপনায় এ ধরনের হামলার তীব্র নিন্দা জানান সিভিল ডিফেন্সের একজন মুখপাত্র।

তিনি এই হামলাকে আন্তর্জাতিক মানবিক আইনের চরম লঙ্ঘন বলে অভিহিত করেন। বেসামরিক অবকাঠামোর ওপর হুথিদের অব্যাহত হামলা কতটা ঝুঁকিপূর্ণ, তা এই ঘটনায় আবারও প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

জীবন ও সম্পদ রক্ষার্থে হামলার পরপরই জরুরি সেবামূলক সংস্থাগুলো প্রয়োজনীয় সব নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। অন্যদিকে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক পৃথক বিবৃতিতে রিয়াদের বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনা লক্ষ্য করে হুথিদের এই সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানায়।

মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, এই হামলায় কিং আবদুল্লাহ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট বা কেএফডি এলাকার উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে যেকোনো প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পূর্ণ অধিকার সৌদির রয়েছে বলে জানানো হয়।

জাতীয় সক্ষমতা এবং প্রবাসীসহ দেশের সব বাসিন্দার নিরাপত্তা রক্ষায় সৌদি আরব প্রতিজ্ঞাবদ্ধ। দেশটির মাটি ও সক্ষমতার ওপর কোনো ধরনের হামলা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

আন্তর্জাতিক আইন মেনে এই হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে বলে মন্ত্রণালয় স্পষ্ট করে জানিয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের তাদের দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছে রিয়াদ।

সৌদি আরবের ওপর হুথিদের হামলা বন্ধে প্রাসঙ্গিক নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলোর বাস্তবায়ন দাবি করা হয়েছে। এই বিদ্রোহী গোষ্ঠীটি কেবল আঞ্চলিক নয়, বরং বিশ্ব নিরাপত্তার জন্যও বড় একটি হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে উল্লেখ করা হয়।

এদিকে হামলার পর সৌদি সিভিল ডিফেন্স রিয়াদ ও এর পার্শ্ববর্তী আল-খার্জ গভর্নরেটের জন্য সম্ভাব্য বিপদের সতর্কতা জারি করেছিল। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এবং তাৎক্ষণিক ঝুঁকি কেটে যাওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উভয় এলাকার জন্য সতর্কসংকেত প্রত্যাহার করে নেয়।

গত বৃহস্পতিবার এর আগে সৌদি আরব নেতৃত্বাধীন জোট জানায় যে তারা রিয়াদমুখী একটি হুথি ক্ষেপণাস্ত্রের হুমকি প্রতিহত করেছে। তবে ইন্টারসেপশন বা আকাশেই ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করার সময় খসে পড়া ধ্বংসাবশেষের কারণে রাজধানীতে কিছু বস্তুগত ক্ষয়ক্ষতি হয়।

ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে সৌদি জোটের নতুন করে সামরিক তৎপরতা শুরুর মাঝেই এই হামলার ঘটনা ঘটল। উল্লেখ্য, হুথিরা রাজধানী সানা ও দেশের অন্যান্য অংশ দখল করার পর আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সহায়তার উদ্দেশ্যে ২০১৫ সালে ইয়েমেনে সামরিক হস্তক্ষেপ করে সৌদি নেতৃত্বাধীন জোট।

banner
Link copied!