আঞ্চলিক পরিস্থিতি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে উচ্চপর্যায়ের কূটনৈতিক বৈঠকে মিলিত হয়েছে সৌদি আরব ও সিরিয়া। বৃহস্পতিবার এই আনুষ্ঠানিক আলোচনায় অংশ নিতে সৌদি আরবে যান সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শায়বানি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে বৈঠকের এজেন্ডা সম্পর্কে বিস্তারিত জানায় সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়। দুই দেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের পর্যালোচনা এবং বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদারের উপায় নিয়ে আলোচনা করেন দুই মন্ত্রী।
আলোচনায় বর্তমান আঞ্চলিক পরিস্থিতি ও এই অঞ্চলের সাম্প্রতিক চ্যালেঞ্জগুলোও স্থান পায়। আঞ্চলিক নিরাপত্তায় অবদান রাখতে সমন্বয় ও পরামর্শের মাত্রা আরও বাড়ানোর ওপর জোর দেন তারা।
এই কূটনৈতিক বৈঠকে দুই দেশের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা অংশ নেন। সৌদি আরবের পক্ষে রাজনৈতিক বিষয়ক উপমন্ত্রী সৌদ আল-সাতি এবং পররাষ্ট্রমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মুসাব বিন মোহাম্মদ আল-ফারহান বৈঠকে উপস্থিত ছিলেন।
দক্ষিণ সিরিয়ার কুনেইত্রা ও দারআ প্রদেশের গ্রামীণ এলাকায় ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানানোর ঠিক একদিন পর এই মন্ত্রিপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হলো। সিরিয়ার ভূখণ্ডে হামলা অবিলম্বে বন্ধের দাবি জানিয়ে দেশটির সার্বভৌমত্বকে সম্মান জানানোর আহ্বান জানিয়েছে রিয়াদ।
ইসরায়েলকে তাদের সামরিক অভিযান বন্ধ করতে এবং ১৯৭৪ সালের বাহিনী বিচ্ছিন্নকরণ চুক্তি মেনে চলার আহ্বান জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়। সিরিয়ার সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি নিজেদের অটুট সমর্থনের কথা আবারও পুনর্ব্যক্ত করে দেশটি।
২০২৪ সালের ৮ ডিসেম্বর বাশার আল-আসাদের পতনের পর সিরিয়া ও অধিকৃত গোলান মালভূমির মধ্যবর্তী বাফার জোনে নিজেদের সামরিক উপস্থিতি বাড়িয়েছে ইসরায়েল। ১৯৭৪ সালের চুক্তি লঙ্ঘন করে দক্ষিণ সিরিয়ার বিভিন্ন এলাকাতেও অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী।
১৯৭৩ সালের যুদ্ধের পর সিরিয়া ও ইসরায়েলের মধ্যে ১৯৭৪ সালের এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এই চুক্তির মাধ্যমে দুই দেশের বাহিনী বিচ্ছিন্ন করার একটি ব্যবস্থা চালু হয় এবং জাতিসংঘের একটি পর্যবেক্ষক দলের তত্ত্বাবধানে বাফার জোন তৈরি করা হয়।
সিরিয়ার পক্ষ থেকে বলা হয়েছে যে তারা নিজেদের সব ভূখণ্ডের পূর্ণ নিয়ন্ত্রণ ফিরে পেতে চায় এবং ইসরায়েলি আগ্রাসন জোরালোভাবে প্রত্যাখ্যান করছে। অন্যদিকে সিরীয় ভূখণ্ডে তাদের চলমান সামরিক উপস্থিতির পক্ষে নিরাপত্তার অজুহাত দেখিয়ে আসছে তেল আবিব।
