মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

গাজায় মানবিক সংকট

গাজায় ভূমিধসে হতাহতের পূর্ণ দায় ইসরায়েলের: হামাস

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : নভেম্বর ৯, ২০২৬, ০৮:৩০ এএম

গাজায় ভূমিধসে হতাহতের পূর্ণ দায় ইসরায়েলের: হামাস

গাজা উপত্যকায় সম্প্রতি ভূমিধসের ঘটনায় প্রাণহানির জন্য ইসরায়েলকে পুরোপুরি দায়ী করেছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। গত শনিবার প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, চলমান অবরোধ এবং ত্রাণসামগ্রী, তাবু ও আশ্রয়ের উপকরণের ওপর কঠোর নিষেধাজ্ঞাই এই মর্মান্তিক পরিণতির প্রত্যক্ষ কারণ।

গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, দেইর আল-বালাহ এলাকায় একটি আবাসিক ভবন ধসে পড়ার ঘটনায় একজন নারী ও চার শিশু নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে তৎপরতা চালিয়ে যাচ্ছেন জরুরি সেবার কর্মীরা।

গত শুক্রবার সন্ধ্যা থেকে তীব্র বৃষ্টি ও শক্তিশালী বাতাসসহ প্রতিকূল আবহাওয়া আঘাত হানতে শুরু করে অবরুদ্ধ এই উপত্যকায়। সরকারি গণমাধ্যম কার্যালয়ের তথ্য অনুযায়ী, ঝড়ের প্রথম ১২ ঘণ্টার মধ্যেই ৭০ হাজার তাবু প্লাবিত হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু দেয়াল।

হামাসের ভাষ্য অনুযায়ী, ইসরায়েলি নীতির কারণে ২০ লাখের বেশি ফিলিস্তিনি নিজেদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন এবং তারা গাজার এক-তৃতীয়াংশের কম এলাকায় গাদাগাদি করে বসবাস করছেন। বাস্তুচ্যুত এসব পরিবার এমন সব জনবহুল শিবির ও আশ্রয়ে দিন কাটাচ্ছে, যেখানে মৌলিক নিরাপত্তার কোনো বালাই নেই।

সংগঠনটি সতর্ক করে জানিয়েছে, অতিরিক্ত জনবসতি এবং তীব্র শীতের আবহাওয়া মিলে সামনের দিনগুলোতে আরও বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে। ২০২৫ সালের ১০ অক্টোবর ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেও নির্মাণসামগ্রী ও পুনর্গঠন সরঞ্জামের ওপর নিষেধাজ্ঞা বহাল রয়েছে।

২০২৩ সালের অক্টোবর মাস থেকে চলা সামরিক অভিযানের ফলে গাজার আবাসিক বাড়িঘর এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। অব্যাহত নিষেধাজ্ঞার কারণে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামত করা কিংবা প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচার মতো ন্যূনতম সুরক্ষাও নিশ্চিত করতে পারছেন না সাধারণ মানুষ।

এই যুদ্ধ বন্ধ করতে এবং অবরোধ তুলে নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জরুরি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে হামাস। বাস্তুচ্যুত বাসিন্দারা যেন নিরাপদ আশ্রয়ে ফিরতে পারেন, সেজন্য অবিলম্বে নির্মাণসামগ্রী ও ত্রাণ প্রবেশের অনুমতি দেওয়ার দাবি জানানো হয়েছে।

একই সঙ্গে মাঠপর্যায়ে চরম ঝুঁকিতে থাকা সাধারণ নাগরিকদের সুরক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে জাতিসংঘ এবং বিভিন্ন মানবিক সংস্থার প্রতি আহ্বান জানিয়েছে প্রতিরোধ আন্দোলনটি।

banner
Link copied!