মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

পশ্চিম তীরে উচ্ছেদ অভিযান

পশ্চিম তীর ও পূর্ব কুদসে বাড়ি এবং শোরুম গুঁড়িয়ে দিল ইসরায়েলি বাহিনী

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : নভেম্বর ৯, ২০২৬, ০৯:৩০ পিএম

পশ্চিম তীর ও পূর্ব কুদসে বাড়ি এবং শোরুম গুঁড়িয়ে দিল ইসরায়েলি বাহিনী

দখলকৃত পশ্চিম তীর ও পূর্ব কুদসে আবারও আবাসিক ও বাণিজ্যিক স্থাপনা লক্ষ্য করে উচ্ছেদ অভিযান চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। গত মঙ্গলবার সংঘটিত এই অভিযানে বুলডোজার দিয়ে একটি বাড়ি ও একটি গাড়ি বিক্রয় কেন্দ্র ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

অবৈধ বসতি স্থাপনবিরোধী কর্মী ইয়াদ মাশারকা জানিয়েছেন, হেবরন গভর্নরেটের দুরা এলাকার দক্ষিণ-পূর্বে অবস্থিত আল-হিজরা গ্রামের আল-কাসর পাড়ায় সেনা সদস্যরা এই অভিযান চালায়।

অভিযানের সময় প্রায় দুই শ বর্গমিটার আয়তনের একটি আবাসিক ভবন সম্পূর্ণ ভেঙে ফেলা হয়। এছাড়া সেনাসদস্যরা বাড়ির আশপাশের বেশ কিছু ফলজ গাছ কেটে ফেলে এবং বুলডোজার দিয়ে জমি সমান করে দেয়।

এই ধ্বংসযজ্ঞ শুধু ভবনের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং সম্পত্তির প্রয়োজনীয় অবকাঠামোও লক্ষ্যবস্তু করা হয়। বাড়ির মালিকের একটি পানির কূপ এবং সীমানা প্রাচীরও গুঁড়িয়ে দেওয়া হয়।

অন্যদিকে পূর্ব কুদসে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে চালানো হয় সামরিক বুলডোজারের ধ্বংসলীলা। হিজমা শহরে অবস্থিত একটি কার শোরুম এ সময় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়।

কুদ্দুস গভর্নরেট জানিয়েছে, অভিযان চলাকালে ইসরায়েলি বাহিনী পুরো হিজমা শহর অবরুদ্ধ করে রেখেছিল। সেনাসদস্যরা শহরের সব প্রবেশ ও প্রস্থান পথে সাধারণ মানুষ এবং যানবাহনের চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেয়।

গভর্নরেটের তথ্য অনুযায়ী, হিজমা এলাকায় নিয়মিত হানা দেওয়া এবং রাস্তাঘাট বন্ধ রাখা নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। স্থানীয় প্রশাসন গত কয়েক মাস ধরে এই শহরের স্থানীয় বাড়িঘর ও বাণিজ্যিক স্থাপনাগুলোর ওপর বারবার উচ্ছেদ নোটিশ জারি করে আসছে।

কর্মকর্তারা জানান, ইসরায়েলি কর্তৃপক্ষ গত ফেব্রুয়ারি মাসে হিজমার ১১টি স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ নোটিশ জারি করেছিল। যার মধ্যে ছিল সাতটি বাড়ি এবং চারটি বাণিজ্যিক প্রতিষ্ঠান।

গত অক্টোবর মাসে পুরো শহরজুড়ে ৪৪টি উচ্ছেদ ও ভূমি সমতলকরণের ঘটনা নথিভুক্ত করেছে গভর্নরেট। এসব অভিযানে আবাসিক বাড়িঘরের পাশাপাশি বিভিন্ন বাণিজ্যিক ভবনকেও লক্ষ্যবস্তু করা হয়।

একই সঙ্গে পূর্ব কুদসের বেশ কয়েকটি শহরে ভবন ভাঙচুর, নির্মাণকাজ বন্ধ রাখা এবং খালি করার নির্দেশের বিষয়ে ৪১টি নোটিশ ও আদেশ জারি করেছে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর মাস থেকে পূর্ব কুদসসহ সমগ্র পশ্চিম তীরে ইসরায়েলি সেনার অভিযান এবং দখলদারদের হামলা তীব্র আকার ধারণ করেছে। এসব সহিংসতার মধ্যে রয়েছে হত্যা, গ্রেফতার, বাড়িঘর উচ্ছেদ, অগ্নিসংযোগ, বুলডোজার দিয়ে জমি ধ্বংস এবং ফিলিস্তিনি জনপদ উচ্ছেদ।

banner
Link copied!