মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

গাজায় শীতকালীন সংকট

গাজায় প্রবল বর্ষণ ও তাঁবু ধস: বৃষ্টিতে ভাসছে বাস্তুচ্যুত পরিবারগুলো

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : নভেম্বর ১০, ২০২৬, ০৬:৩০ এএম

গাজায় প্রবল বর্ষণ ও তাঁবু ধস: বৃষ্টিতে ভাসছে বাস্তুচ্যুত পরিবারগুলো

গাজাব্যাপী মুষলধারে বৃষ্টি ও তীব্র ঠান্ডায় বাস্তুচ্যুত মানুষের শিবিরগুলো প্লাবিত হয়েছে। নষ্ট হয়ে গেছে বিছানাপত্র। সংগৃহীত কাঠ ও কাপড়ের টুকরো দিয়ে কোনোমতে ছেঁড়া তাঁবু মেরামত করছেন অসহায় মানুষগুলো। শীতের আগমনে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের চরম ঝুঁকিপূর্ণ জীবনযাত্রার বিষয়টি হঠাৎ নেমে আসা এই বৃষ্টি উন্মোচন করে দিয়েছে। অনেক শিশুর কাছে বৃষ্টির ফোঁটা শুরুতে আনন্দের মনে হলেও তা দ্রুতই দুর্ভোগে রূপ নেয়। কারণ পানি ঢুকে ভিজে যায় তাদের পরনের কাপড় ও ঘুমানোর জায়গা।

গাজার একটি শহরে তাঁবুতে বসবাসকারী ফিলিস্তিনি শিল্পী ও কবি জেহাদ আল-জারবু বর্ণনা করেছেন, কীভাবে এই আবহাওয়া তাঁর পরিবারের সুরক্ষার অভাবকে সামনে এনে দিয়েছে। তাঁর ছোট ছেলে বৃষ্টির মধ্যে আনন্দে নেচেছিল, কিন্তু পর্যাপ্ত গরম কাপড় ও হিটার না থাকায় সে দ্রুত অসুস্থ হয়ে পড়ে। বৃষ্টির পানি তাদের সব জিনিসপত্র ভিজিয়ে দিয়েছে। সেই পানির সঙ্গে ড্রেনের ময়লা মিশে তৈরি হয়েছে দূষিত জলাশয়, যা শিশুদের জন্য বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে।

গত রবিবার রাতে এই ঝড় ও বৃষ্টির বিপদ প্রাণঘাতী রূপ নেয়। এদিন দেইর আল-বালাহের দক্ষিণাঞ্চলের একটি শিবিরে বৃষ্টির কারণে দুর্বল হয়ে পড়া বালির বাঁধ ধসে পড়ে তাঁবুগুলোর ওপর। এই দুর্ঘটনায় একজন নারী ও পাঁচ শিশু নিহত হয়েছে। অক্সফামের গাজাভিত্তিক ত্রাণ কার্যক্রমের প্রধান ওয়াসেম মুশতাহা জানিয়েছেন, তীব্র বন্যার কারণে প্রায় ১ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

বাঁধ ধসে পড়ার পর মোবাইল ফোনের আলো জ্বেলে পাথরের টুকরো, বালি ও ধসে পড়া তাঁবুর আবর্জনার নিচে উদ্ধারকাজ চালান কর্মীরা। সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, উদ্ধারকর্মীরা তখনও দুজন নিখোঁজ ব্যক্তিকে খুঁজছিলেন। সংস্থাটি সতর্ক করে বলেছে যে ভূমিধস ও ভবন ধসে পড়ার ঘটনা আরও মানুষের জীবন হুমকির মুখে ফেলছে। গাজার প্রায় ৭০ শতাংশ এলাকার ওপর ইসরায়েলি সামরিক নিয়ন্ত্রণের কারণে সাধারণ মানুষ এমন সব এলাকায় আশ্রয় নিতে বাধ্য হয়েছেন, যা ভারী বৃষ্টির মোকাবিলায় সম্পূর্ণ অনুপযুক্ত।

আল-জারবু জানিয়েছেন, তাঁবু মজবুত করতে তারা ত্রিপল কেনার চেষ্টা করেছিলেন, যদিও প্রতিটির দাম প্রায় ১০০ ডলারে গিয়ে ঠেকেছে। অবিরাম বৃষ্টি তাদের চারপাশের মাটি ধুয়ে নিয়ে গেছে। ফলে তারা এখন দূষিত পানিতে পরিবেষ্টিত হয়ে আছেন। তিনি জানান, যথাযথ বসতি ছাড়া অন্য কোনো কিছু তাদের রক্ষা করতে পারবে না। তাঁবুর পরিবর্তে তাদের এখন ভ্রাম্যমাণ ঘর প্রয়োজন।

ফিলিস্তিনি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, মাত্র ১২ ঘণ্টার মুষলধারে বৃষ্টির কারণে প্রায় ৭০ হাজার তাঁবু প্লাবিত হয়েছে, যেখানে প্রায় ৩ লাখ ৫০ হাজার মানুষ বাস করেন এবং এর মধ্যে ২ লাখ ১০ হাজারই শিশু। সেভ দ্য চিলড্রেন সতর্ক করেছে যে ভেজা আশ্রয়কেন্দ্র ও বৃষ্টির পানিতে ভেজা শীতের কাপড় শিশুদের হাইপোথার্মিয়া ও পানিবাহিত রোগের মুখে ফেলছে। এছাড়া দুই হাজারের বেশি ক্ষতিগ্রস্ত বা ঝুঁকিপূর্ণ ভবন ধসে পড়ার আশঙ্কা রয়েছে।

গাজার এক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ভারী বৃষ্টি তাঁবুগুলো ছিঁড়ে ফেলায় বা প্লাবিত করায় পরিবারগুলো ঘুমাতে পারেনি। বমিতে ধ্বংস হওয়া বাড়ি থেকে সংগ্রহ করা পুরানো কাপড়, দুর্বল কাঠ ও ধাতু দিয়ে ক্ষতি মেরামতের চেষ্টা করেছেন বাসিন্দারা। তিনি মন্তব্য করেন, বাস্তুচ্যুত মানুষের মাথার ওপর থাকা কাপড়ের টুকরোগুলোকে তাঁবু বলাও মুশকিল। তাঁর মতে, এই শব্দ ব্যবহারের মাধ্যমে মূলত আন্তর্জাতিক সংস্থাগুলো তাদের দায়িত্ব এড়ানোর সুযোগ পায়।

ত্রাণ সংস্থাগুলো সতর্ক করে বলেছে যে আশ্রয়সামগ্রী ও পুনর্গঠনের উপকরণের ওপর ইসরায়েলি নিষেধাজ্ঞার কারণে আগে থেকেই অনুমেয় শীতের এই ঝড়গুলো এখন মানবিক সংকটে রূপ নিয়েছে। মুশতাহা জানান, ইসরায়েলি নিষেধাজ্ঞার কারণে গাজার ৬৫ শতাংশ এলাকা এখন নিষিদ্ধ এবং সেখানে সব ধরনের সচল ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে। ড্রেনের অবরুদ্ধ অংশ পরিষ্কার করতে এবং বন্যার পানি সরাতে অক্সফামের দলগুলো কাজ করে যাচ্ছে। তবে মুশতাহার মতে, তাদের জরুরিভিত্তিতে খুচরা যন্ত্রাংশ, পাইপ, ভারী যন্ত্রপাতি ও আশ্রয়সামগ্রী প্রয়োজন।

সেভ দ্য চিলড্রেনের মধ্যপ্রাচ্য অঞ্চলের পরিচালক আহমেদ আলহেন্দাবি বলেছেন, বাঁধ ধসে যে শিশুরা মারা গেছে, তা ছিল সম্পূর্ণ এড়ানোর মতো একটি ঘটনা। তিনি জানান, ইসরায়েলি কর্তৃপক্ষের তৈরি কৃত্রিম পরিস্থিতির কারণেই পরিবারগুলো অনিরাপদ আশ্রয়ে থাকতে বাধ্য হয়েছে এবং তাদের যাওয়ার আর কোনো জায়গা ছিল না। গাজার সিভিল ডিফেন্স আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি নিরাপদ আশ্রয় নিশ্চিত করার এবং ঢালু ও বালুকাময় স্থান থেকে তাঁবুগুলো সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে।

banner
Link copied!