ছেঁড়া তাঁবু আর অস্থায়ী আশ্রয়ে জীবনের চতুর্থ শীত পার করছে গাজার পাঁচ লাখেরও বেশি শিশু। একটি শক্তিশালী ঝড়ের আঘাত হানার পর গত রবিবার এই সতর্কবার্তা দিয়েছে আন্তর্জাতিক শিশু অধিকার সংস্থা সেভ দ্য চিলড্রেন।
,সরকারি গণমাধ্যম দপ্তরের তথ্য অনুযায়ী, গত শুক্রবার সন্ধ্যায় আঘাত হানা ওই ঝড়ের ফলে ৭০ হাজারেরও বেশি তাঁবু প্লাবিত হয়েছে এবং যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত ডজনখানেক দেয়াল ধসে পড়েছে।
,এদিকে গত রবিবার গভীর রাতে দেইর আল বালাহ এলাকায় বাস্তুচ্যুত পরিবারের তাঁবুর ওপর বালির বাঁধ ধসে পড়ে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, এই দুর্ঘটনায় দুই নারী ও তিন শিশু প্রাণ হারিয়েছে।
,প্যালেস্টাইন শেল্টার ক্লাস্টারের সাম্প্রতিক মূল্যায়নের তথ্য বলছে, গাজার জনসংখ্যার প্রায় ৫৮ শতাংশ মানুষ বর্তমানে চরম ঝুঁকিপূর্ণ বা বিপর্যয়কর পরিস্থিতিতে বসবাস করছেন। এর মধ্যে রয়েছে ১২ লাখ মানুষ, যার মধ্যে ৫ লাখ ৬০ হাজারেরই বেশি শিশু।
,সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, পূর্বে ঘোষণা করা যুদ্ধবিরতি চুক্তিতে স্থায়ী আবাসন নিশ্চিত করতে ক্যারাভান বা ভ্রাম্যমাণ ঘর প্রবেশের কথা ছিল। তবে ইসরায়েলি কর্তৃপক্ষ বারবার এসব ক্যারাভান অবরুদ্ধ করে রেখেছে এবং গাজায় প্রবেশ করতে দিচ্ছে না।
,শেল্টার ক্লাস্টারের জরিপে অংশ নেওয়া প্রায় অর্ধেক পরিবার জানিয়েছে, রান্নার কাজের জন্য তারা প্লাস্টিক, টায়ার, আবর্জনা বা কার্ডবোর্ড পোড়াতে বাধ্য হচ্ছে। এছাড়া ৮৪ শতাংশ পরিবার জানিয়েছে, ঠাণ্ডা থেকে তাঁবুগুলোকে গরম রাখার মতো কার্যকর কোনো মাধ্যম তাদের হাতে নেই।
,মানবাধিকার সংস্থাটি সতর্ক করে জানিয়েছে, এসব উপাদান পোড়ানোর ফলে যে বিষাক্ত ধোঁয়ার সৃষ্টি হয় তা গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। এর মধ্যে রয়েছে শ্বাসকষ্টজনিত রোগ, ধোঁয়া ফুসফুসে প্রবেশ করা, কার্বন মনোক্সাইড বিষক্রিয়া এবং মারাত্মক দগ্ধ হওয়ার ঘটনা।
,ইসরায়েলি সরকারের অব্যাহত নিষেধাজ্ঞার কারণে শীতের অন্যান্য জরুরি সামগ্রীর প্রবেশও আটকে আছে। আটকে থাকা এসব পণ্যের মধ্যে রয়েছে তাঁবু, ত্রিপল, পলিথিন শিট, তাপ নিরোধক উপকরণ, কম্বল, জ্বালানি, রান্নার গ্যাস, হিটিং সরঞ্জাম এবং মেরামতের জন্য প্রয়োজনীয় নির্মাণসামগ্রী।
,এর আগের বছর তীব্র ঠান্ডায় বা হাইপোথার্মিয়ায় আক্রান্ত হয়ে গাজা উপত্যকায় ১১ জন শিশুর মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। সেভ দ্য চিলড্রেন সতর্ক করে জানিয়েছে, বর্তমান পরিস্থিতি অপ্রাপ্তবয়স্ক শিশুদের জন্য এখনও সমানভাবে মারাত্মক ও জীবনঘাতী রয়ে গেছে।
,সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনালের আঞ্চলিক পরিচালক আহমেদ আলহেনদাবি জানিয়েছেন, তীব্র শীতে শিশুরা যখন কাঁপছে, তখন পরিবারগুলো তাদের শেষ সম্বলটুকুও হারাচ্ছে। তিনি এই পরিস্থিতিকে হৃদয়বিদারক এবং সম্পূর্ণভাবে অনুমেয় বলে বর্ণনা করেছেন।
,আহমেদ আলহেনদাবি আরও উল্লেখ করেছেন যে, ইসরায়েলি নিষেধাজ্ঞার কারণে শেল্টার কিট, তাঁবু এবং জ্বালানি গাজার সীমান্তে আটকে আছে, অথচ শিশুরা বন্যার পানিতে ঘুমাচ্ছে। ব্যর্থ হওয়া এই যুদ্ধবিরতি শেষ পর্যন্ত ফিলিস্তিনি শিশুদের চরম নিরাপত্তাহীনতার মুখে ঠেলে দিয়েছে।
