শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

নাসির হাসপাতালে হামলা

নাসির হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত ৬: জাতিসংঘে গভীর উদ্বেগ প্রকাশ

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : নভেম্বর ১৩, ২০২৬, ০১:৩০ এএম

নাসির হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত ৬: জাতিসংঘে গভীর উদ্বেগ প্রকাশ

গাজার নাসির হাসপাতালে ইসরায়েলি বিমান হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। গত শুক্রবার সংস্থাটি জানায়, এই হামলায় ছয়জন নিহত এবং আরও ২৭ জন আহত হয়েছেন। পাশাপাশি চিকিৎসাকেন্দ্রটির অবকাঠামোতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

,

জাতিসংঘের উপমুখপাত্র ফারহান হক সাংবাদিকদের জানান, দক্ষিণ খান ইউনিসের পশ্চিমাংশে অবস্থিত নাসের মেডিকেল কমপ্লেক্সের আল-ইয়াসিন ভবনের দ্বিতীয় তলায় এই হামলা চালানো হয়। গাজার সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী, এই হামলায় মোট ৩০ জন আহত হয়েছেন।

,

হাসপাতালের পরিচালক জানিয়েছেন, বোমা হামলায় আইসিইউ ও সার্জারি ওয়ার্ডে মারাত্মক ধ্বংসযজ্ঞ ঘটেছে। ইসরায়েলি আর্মি রেডিও এই অভিযানকে একটি টার্গেটেড অপারেশন বলে বর্ণনা করলেও এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।

,

মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ার ভারপ্রাপ্ত বিশেষ সমন্বয়কারী রামিজ আলাকবরভ সতর্ক করে বলেছেন, সামরিক অভিযানের তীব্রতা বৃদ্ধি মানুষের দুর্ভোগ আরও বাড়িয়ে তুলছে এবং ভঙ্গুর যুদ্ধবিরতিকে হুমকির মুখে ফেলছে। প্রেস ব্রিফিংয়ে এই মন্তব্যগুলো তুলে ধরেন ফারহান হক।

,

আলাকবরভ দ্রুত, নিরাপদ ও বাধাহীন মানবিক সহায়তার প্রবেশাধিকারের দাবি পুনর্ব্যক্ত করেন। শীতের মাসগুলো ঘ ঘনিয়ে আসায় টেকসই আশ্রয়সামগ্রী এবং শীতকালীন ত্রাণ সরবরাহের ওপরও জোর দেন তিনি।

,

ফারহান হক আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী সব পক্ষকে তাদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেন। তিনি জোর দিয়ে বলেন যে হাসপাতালসহ সব চিকিৎসাকর্মী ও চিকিৎসাকেন্দ্রের প্রতি সম্মান দেখাতে হবে, তাদের সুরক্ষা দিতে হবে এবং সামরিক ব্যবহারের আওতার বাইরে রাখতে হবে।

,

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুস অবরুদ্ধ এই অঞ্চলের স্বাস্থ্যকেন্দ্রগুলোকে অত্যন্ত জরুরি জীবনরক্ষাকারী মাধ্যম হিসেবে অভিহিত করেছেন। ফারহান হক উল্লেখ করেন যে ২০২৩ সালের অক্টোবর মাস থেকে গাজায় স্বাস্থ্যসেবার ওপর এক হাজারেরও বেশি হামলার ঘটনা নথিভুক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এর ফলে বহু মানুষের প্রাণহানি ও আহত হওয়ার পাশাপাশি অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

,

গত বৃহস্পতিবার দেইর আল-বালাহে জাতিসংঘের কর্মীদের আশ্রয়স্থলের কাছাকাছি এলাকার আরেকটি হামলা নিয়েও কথা বলেন ফারহান হক। তিনি নিশ্চিত করেন যে ওই এলাকায় থাকা জাতিসংঘের সব কর্মী নিরাপদ আছেন এবং এই হামলার কারণ সম্পর্কে ইসরায়েলি কর্তৃপক্ষকে ব্যাখ্যা দিতে হবে।

,

চিকিৎসাকেন্দ্রের ওপর হামলা নিয়ে কর্মকর্তারা কেন আরও কড়া ভাষা ব্যবহার করছেন না, এমন এক সাংবাদিকের প্রশ্নের জবাবে শীর্ষ নেতৃত্বের প্রতিক্রিয়ার পক্ষে অবস্থান নেন ফারহান হক। তিনি উল্লেখ করেন যে রামিজ আলাকবরভ এবং ড. তেদ্রোস উভয়েই এই সহিংসতার বিরুদ্ধে স্পষ্ট ভাষায় কথা বলেছেন।

,

ফারহান হক জানান, নির্দিষ্ট কিছু শব্দ বারবার উচ্চারণ করলেই লড়াই থেমে যায় না, তবে আইনি বাধ্যবাধকতা পূরণে কর্মকর্তারা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে কাজ চালিয়ে যাচ্ছেন।

banner
Link copied!