ইসরায়েলি কর্তৃপক্ষ প্রশাসনিক বন্দিদ্বশার আওতায় ষোলো বছর বয়সি এক ফিলিস্তিন কিশোরীকে চার মাস কারাগারে আটকে রাখার নির্দেশ দিয়েছে। রিমাস দুইকাত নামের ওই কিশোরী একজন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং বর্তমানে ১৮ বছরের কম বয়সী যে তিনজন ফিলিস্তিন কিশোরী কারাবন্দি রয়েছেন, তিনি তাদের একজন।
ফিলিস্তিন প্রিজনার্স সোসাইটি গত বৃহস্পতিবার জানিয়েছে যে ইসরায়েলি কারাগারে বন্দি ৯০ জন ফিলিস্তিন নারীর মধ্যে ২১ জনকে প্রশাসনিক আদেশের মাধ্যমে আটকে রাখা হয়েছে। প্রশাসনিক বন্দিদ্বশা বলতে এমন ব্যবস্থাকে বোঝায় যেখানে কোনো রকম অভিযোগ বা বিচার ছাড়াই ব্যক্তিদের সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত আটকে রাখা যায়।
আইনি প্রক্রিয়ার বাইরে রাখা এসব আটকাদেশের বিরুদ্ধে কোনো প্রমাণ প্রকাশ করা হয় না এবং তা অনির্দিষ্টকালের জন্য নবায়ন করা সম্ভব।
অফিসিয়াল ফিলিস্তিন বার্তা সংস্থা ওয়াফার তথ্য অনুযায়ী, গত ৪ নভেম্বর অধিকৃত উত্তর পশ্চিম তীরের নাবলুস গভর্নরেটের বেইতা শহরে নিজ পরিবারে চালানো এক সামরিক অভিযানের সময় ওই কিশোরীকে হেফাজতে নেওয়া হয়।
গত অক্টোবরের পরিসংখ্যান অনুযায়ী, ১৮ বছরের কম বয়সি বহু কিশোরসহ প্রশাসনিক বন্দির মোট সংখ্যা ৩ হাজার ১০০ ছাড়িয়েছে। বিভিন্ন ধরনের আটকব্যবস্থার অধীনে বর্তমানে প্রায় ৯ হাজার ৩০০ ফিলিস্তিন বন্দি ইসরায়েলি কারাগারে আটক রয়েছেন।
১৯৬৭ সালে গাজা উপত্যকা, পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে সামরিক দখলদারিত্ব শুরু হওয়ার পর থেকে আট লাখের বেশি ফিলিস্তিনি ইসরায়েলি কারাগারে সময় কাটিয়েছেন। ২০২৩ সালে প্রকাশিত জাতিসংঘের একটি প্রতিবেদনে এই পরিসংখ্যান তুলে ধরা হয়েছিল।
গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনী পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমজুড়ে ২৬ হাজার মানুষকে আটক করেছে। এর মধ্যে ৮০০ জন নারী এবং দুই হাজারের বেশি শিশু রয়েছে, যদিও পরবর্তীতে তাদের বেশিরভাগকেই মুক্তি দেওয়া হয়।
