শরীরের তাপমাত্রা অতিরিক্ত কমে যাওয়ার কারণে গাজায় মারা গেছে নয় মাস বয়সী এক শিশু। গত বৃহস্পতিবার গাজার মিডিয়া অফিসের মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় এই মৃত্যুর খবর জানায়। চলতি শীত মৌসুমে ঠান্ডাজনিত কারণে এটিই প্রথম প্রাণহানির ঘটনা।
নিহত এই শিশুর পরিচয় প্রকাশ করে কর্মকর্তারা জানান, তার নাম কিনান আহমেদ আরকিক। তাকে প্রথমে কুয়েতি হাসপাতাল থেকে নাসের মেডিকেল কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা পরীক্ষা করে নিশ্চিত করেন যে হাসপাতালে পৌঁছানোর আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
পরবর্তীতে এক ফরেনসিক পরীক্ষায় নিশ্চিত হওয়া যায় যে তীব্র হাইপোথার্মিয়া বা ঠান্ডার আতিশয্যই ছিল এই মৃত্যুর কারণ। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে গত শীত মৌসুমেও গাজায় ঠান্ডার কারণে মোট ১০ জনের মৃত্যু হয়েছিল।
এমন এক সময়ে এই মর্মান্তিক ঘটনা ঘটল যখন লাখ লাখ বাস্তুচ্যুত ফিলিস্তিনি চরম দুর্বিষহ জীবনযাপন করছেন। অবিরাম বৃষ্টিপাত, জলাবদ্ধতা এবং পর্যাপ্ত আশ্রয়ের তীব্র সংকট পুরো অবরুদ্ধ উপত্যকাটিতে মানুষের দৈনন্দিন সংগ্রাম আরও বাড়িয়ে দিয়েছে।
জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় দপ্তর জানিয়েছে যে গত ৬ থেকে ৮ নভেম্বর পর্যন্ত হওয়া ভারী বর্ষণের ফলে বিভিন্ন স্থানে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়। এসব বৃষ্টির কারণে পুরো অঞ্চলের হাজার হাজার তাঁবু ও অস্থায়ী আশ্রয়কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে।
জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে প্রায় ১৪ লাখ মানুষ তাঁবু বা অস্থায়ী আশ্রয়ে বসবাস করছেন। এই সংখ্যাটি গাজার মোট বাসিন্দার ৬৫ শতাংশ।
ইসরায়েলি সামরিক অভিযানের কারণে পুরো অঞ্চলটি প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, যার ফলে পরিবারগুলো বাধ্য হয়ে অস্থায়ী আবাসস্থল এবং ক্ষতিগ্রস্ত ভবনে বসবাস করছে। ২০২৫ সালের অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও আশ্রয়সামগ্রী ও মেরামতের উপাদান প্রবেশে ইসরায়েলি নিষেধাজ্ঞার কারণে পুনর্বাসন কার্যক্রম ব্যাহত হচ্ছে।
