গাজায় শ্বাসতন্ত্রের সংক্রমণ তীব্রভাবে বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। জাতিসংঘ এই সংস্থাটি জানিয়েছে, ভারী বর্ষণে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের হাজার হাজার তাঁবু প্লাবিত হওয়ার পর পরিস্থিতি আরও অবনতির দিকে যাচ্ছে।
অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ড. রেইনহিল্ড ভ্যান ডি উইর্ডট জেরুসালেম থেকে সাংবাদিকদের জানান যে ক্লিনিকের পরিসংখ্যানেই এই চাপ স্পষ্ট হয়ে উঠেছে। গত বছরের একই সময়ের তুলনায় তীব্র শ্বাসতন্ত্রের সংক্রমণের ঘটনা ৩৩,০০০ বেশি ঘটেছে।
গাজার জনসংখ্যার ক্রমবর্ধমান সংকোচন এবং অত্যন্ত সীমিত স্থানে গাদাগাদি করে বসবাসের কারণে সংক্রমণের হার দ্রুত বৃদ্ধি পাচ্ছে। গত অক্টোবরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির অধীনে নির্ধারিত হলুদ রেখা বরাবর ইসরায়েলি সামরিক বাহিনী তাদের নিয়ন্ত্রণ সম্প্রসারণ করায় এই সংকট আরও তীব্র আকার ধারণ করেছে।
ভ্যান ডি উইর্ডট ব্যাখ্যা করেন যে এর অর্থ হলো মানুষ আরও গাদাগাদি করে বসবাস করছে, যেখানে মানুষের মধ্যে ভাইরাসের বিস্তার ঘটার সম্ভাবনা অনেক বেশি থাকে।
ইসরায়েলি সামরিক বাহিনী এবং ত্রাণ সমন্বয়কারী ইসরায়েলি সংস্থা কোয়াট এই বিষয়ে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি। তবে গত সপ্তাহে কোয়াট জানিয়েছিল যে আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে ভারী বৃষ্টির আগে তারা স্যানিটেশন বা স্বাস্থ্যসম্মত পরিস্থিতি উন্নত করার প্রচেষ্টা জোরদার করেছিল।
বর্তমানে সব ধরনের চিকিৎসাগত পরামর্শের ১১ শতাংশই শ্বাসতন্ত্রের সংক্রমণ সংক্রান্ত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আশঙ্কা করছে যে ঠান্ডা আবহাওয়া, বন্যা, জনাকীর্ণ আশ্রয়কেন্দ্র এবং অপর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা এই সংখ্যাগুলোকে আরও অনেক বাড়িয়ে দেবে।
ভ্যান ডি উইর্ডট বলেন যে মাত্র কয়েকদিনের বৃষ্টিপাতই আমাদের স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছে যে সামনের মাসগুলোতে কী পরিস্থিতি অপেক্ষা করছে, যা অত্যন্ত ভীতিকর। অথচ শীতকাল এখনও পুরোপুরি শুরুই হয়নি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, গাজায় প্রায় দশ লাখ বাস্তুচ্যুত মানুষ এমন এলাকায় বসবাস করেন যা বন্যায় প্লাবিত হওয়ার ঝুঁকিতে রয়েছে এবং এর মধ্যে ৪,০০,০০০ মানুষ অত্যন্ত ঝুঁকিপূর্ণ স্থানে অবস্থান করছেন। সংস্থাটি জানিয়েছে, জলাবদ্ধতা দূষিত পানির ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে এবং জমে থাকা পানি মশা ও অন্যান্য কীটপতঙ্গের বংশবৃদ্ধির জন্য অনুকূল পরিবেশ তৈরি করছে।
সংস্থাটি আরও জানায় যে স্যাঁতসেঁতে ভাব ছাঁচ ও ব্যাকটেরিয়ার বিস্তার ঘটায়, যা শ্বাসতন্ত্রের সংক্রমণের অন্যতম প্রধান কারণ, বিশেষ করে ছোট শিশুদের ক্ষেত্রে।
যদিও বেশিরভাগ ওষুধ গাজায় প্রবেশ করছে, তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে ল্যাবরেটরি সামগ্রী নিয়ে আসার ক্ষেত্রে নানা জটিলতার মুখোমুখি হতে হচ্ছে। অথচ রোগীদের চিকিৎসা দেওয়ার আগে রোগ নির্ণয়ের জন্য এই সামগ্রীগুলো অত্যন্ত জরুরি। রোগ ছড়িয়ে পড়া রোধ করতে আমরা অবিলম্বে গাজায় ল্যাবরেটরি সরঞ্জাম প্রবেশের অনুমতি দেওয়ার আহ্বান জানাচ্ছি, যাতে বিদ্যমান বিপর্যয়ের ওপর আরেকটি জনস্বাস্থ্য বিপর্যয় এড়ানো সম্ভব হয় বলে জানান ভ্যান ডি উইর্ডট।
