অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন শহরে সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এই অভিযানে তাজা গরুর গুলিতে এক ফিলিস্তিনি আহত হয়েছেন এবং আরও চারজনকে আটক করা হয়েছে।
জেনিনের দক্ষিণে জাবা শহরে আইসার সালেহ হামামরার বাড়িতে হামলা চালায় সেনারা। স্থানীয় সূত্র জানায়, সৈন্যরা ঘরের ভেতরের আসবাবপত্র ভাঙচুর করে, সোলার প্যানেল নষ্ট করে এবং ব্যক্তিগত জিনিসপত্র চুরি করে নিয়ে যায়।
এতে প্রায় দুই লাখ শেকেল বা প্রায় ৬২ হাজার ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন স্থানীয় বাসিন্দারা।
একই শহরে তল্লাশির সময় সেনারা তাজা গুলি ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি নিশ্চিত করেছে যে সংঘর্ষের সময় ২৭ বছর বয়সী এক ফিলিস্তিনি গুলিবিদ্ধ হয়েছেন।
এদিকে রামাল্লার উত্তর-পূর্বে আল-মুঘাইয়ির এলাকায় একটি বিয়ের হলঘরে চত্বর চালায় সেনারা। সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, ভেতরে সমবেত প্রায় ১৫০ জন অতিথির দিকে টিয়ারগ্যাসের শেল নিক্ষেপ করে সেনারা।
বর হাসান আবু আলিয়াসহ হলরুম থেকে চার ফিলিস্তিনিকে আটক করা হয়। ওয়াফা জানায়, আটকদের ওপর শারীরিক নির্যাতন চালানোর পর কয়েক ঘণ্টা পর তাদের ছেড়ে দেওয়া হয়।
উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর মাসে গাজা উপত্যকায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি ও তাদের সম্পত্তির ওপর ইসরায়েলি সামরিক বাহিনী এবং অবৈধ বসতি স্থাপনকারীদের হামলা বহুলাংশে বেড়ে গেছে।
এই সহিংসতার মধ্যে রয়েছে হত্যা, গণগ্রেপ্তার, বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ এবং কৃষিজমি ধ্বংস করা। এসব কর্মকাণ্ডের পাশাপাশি চলছে অবৈধ বসতি সম্প্রসারণ ও স্থানীয় বাসিন্দাদের উচ্ছেদ প্রক্রিয়া।
ফিলিস্তিনিরা সতর্ক করে বলেছেন, এসব পদক্ষেপের মাধ্যমে ইসরায়েল এই ভূখণ্ডকে আনুষ্ঠানিকভাবে গ্রাস করার পথ তৈরি করছে, যা জাতিসংঘের প্রস্তাবের ভিত্তিতে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সম্ভাবনাকে নস্যাৎ করে দিচ্ছে।
