দখলকৃত পশ্চিম তীরের নাবলুসের পূর্বে বেইত দাজানের খালাত আবু হুয়ান এলাকায় ফিলিস্তিনি জলপাই চাষিদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, হামলাকারীরা কৃষকদের মারধর করে জমি থেকে তাড়িয়ে দেয় এবং তাদের ফসল তোলার সরঞ্জাম ও মাদুর ছিনতাই করে।
নিকটবর্তী সালেম গ্রামে জলপাই সংগ্রহরত কৃষকদের লক্ষ্য করে টিয়ার গ্যাস শেল নিক্ষেপ করে ইসরায়েলি বাহিনী। আনাদোলুর এক সংবাদদাতা জানিয়েছেন, এই রাসায়নিক অস্ত্রের প্রভাবে সৃষ্ট আগুনে বেশ কিছু জলপাই গাছ পুড়ে গেছে।
খবর পেয়ে নাবলুস পৌরসভার অগ্নিনির্বাপক দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। রামাল্লার উত্তরে জলপাই তোলার সময় ইসরায়েলি বসতি স্থাপনকারীদের মারধরের শিকার হয়ে আহত হন দুই ফিলিস্তিনি পুরুষ।
আইন সিনিয়া সামরিক চেকপোস্টের কাছে ওয়াদি আল-জাইতুন এলাকায় এই হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা আহতদের একটি গাড়ির চাবিও ছিনিয়ে নেয়।
ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, তাদের রামাল্লার চিকিৎসাদল আহত দুই ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দিয়েছে। পরে প্যারামেডিকসরা তাদের উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে স্থানান্তরিত করেন।
এদিকে দক্ষিণ পশ্চিম তীরের হেব্রোনের দক্ষিণে ইয়াত্তার পূর্বে দেইরাত এলাকায় নিজের জমি চাষ করার সময় ফিলিস্তিনি কৃষক বাদের মোহাম্মদ আল-আদ্রাকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী।
মানবাধিকার সংস্থা আল-বাইদার এক বিবৃতিতে এই গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছে। সংস্থাটি জানিয়েছে, ইয়াত্তার পূর্ব অঞ্চলের ফিলিস্তিনি কৃষকরা প্রায়ই নানা হয়রানির শিকার হন এবং তাদের জমিতে প্রবেশে বাধা দেওয়া হয়।
কৃষি শ্রমিকদের লক্ষ্যবস্তু বানানো তাদের জীবিকাকে হুমকির মুখে ফেলছে এবং তাদের সম্পত্তি থেকে বিচ্ছিন্ন করছে। সংস্থাটি এই আটককে কাজের অধিকারের লঙ্ঘন হিসেবে অভিহিত করে আল-আদ্রার অবিলম্বে মুক্তি দাবি করেছে।
স্থানীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে দেইরাত এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করতে এবং লঙ্গনগুলোর নথিপত্র তৈরি করার আহ্বান জানিয়েছে সংস্থাটি। ২০২৩ সালের অক্টোবর থেকে দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি সেনাবাহিনী ও বসতি স্থাপনকারীদের সহিংসতা তীব্র আকার ধারণ করেছে।
এই লঙ্ঘনের মধ্যে রয়েছে হত্যা, গ্রেপ্তার, বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ এবং কৃষিজমি ধ্বংস। ফিলিস্তিনিদের আশঙ্কা, এসব কর্মকাণ্ড পশ্চিম তীরের আনুষ্ঠানিক অন্তর্ভুক্তি ত্বরান্বিত করবে এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পথ রুদ্ধ করবে।
