গাজায় অবিলম্বে ও নির্বিঘ্নে মানবিক ত্রাণ প্রবেশের অনুমতি দেওয়ার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। অবরুদ্ধ এই উপত্যকায় ভয়াবহ বন্যা ও হাড়কাঁপানো শীতের কারণে মানবিক সংকট আরও তীব্র আকার ধারণ করায় এই সতর্কবার্তা দিয়েছে সংস্থাটি।
ইইউর বৈদেশিক নীতিবিষয়ক প্রধান কাজা কালাস জোটের পক্ষে দেওয়া এক বিবৃতিতে সব সীমান্ত ক্রসিং পুনরায় খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন। তীব্র শীতের সঙ্গে লড়াইরত বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জন্য আশ্রয়ের উপকরণ ও চিকিৎসাসামগ্রীসহ জরুরি সরবরাহ অব্যাহত রাখার দাবি জানান তিনি।
যুদ্ধবিরতি ঘোষণার এক বছর পরও সামরিক হামলা অব্যাহত রয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। ত্রাণ প্রবেশে লাগাতার নিষেধাজ্ঞার কারণে উপযুক্ত আশ্রয় ও ওষুধের তীব্র ঘাটতি দেখা দিয়েছে, যার ফলে মানুষের মর্যাদাপূর্ণ জীবনযাপনের পরিবেশ পুরোপুরি অনুপস্থিত।
গত বৃহস্পতিবার খান ইউনিসের নাসের হাসপাতালে ইসরায়েলি বিমান হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন। হাসপাতালের সার্জারি বিভাগে চালানো ওই হামলায় একজন সার্জনসহ ছয়জন নিহত এবং অন্তত ২৭ জন আহত হয়েছেন। এর ফলে গাজার হাতে গোনা কয়েকটি সচল চিকিৎসাকেন্দ্রের একটির সেবা মারাত্মকভাবে ব্যাহত হয়।
হাসপাতালের ভেতরে থাকা হামাস কমান্ডার ও অন্যান্য যোদ্ধাদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী, যদিও এর সপক্ষে তারা কোনো প্রমাণ উপস্থাপন করেনি। এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ এবং সৌদি আরব, মিসর, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত ও কাতারসহ ১৭টি আরব ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ।
আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী বেসামরিক নাগরিক, চিকিৎসাকর্মী ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সুরক্ষা নিশ্চিত করা বাধ্যতামূলক বলে জোর দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। সশস্ত্র গোষ্ঠীগুলো যেন ত্রাণ ভিন্ন খাতে সরিয়ে নিতে না পারে, তা নিশ্চিত করার পাশাপাশি জাতিসংঘ ও মানবিক সংস্থাগুলোর কাজ সহজ করার জন্যও ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে জোটটি।
ভারী বৃষ্টির কারণে গাজাব্যাপী হাজার হাজার আশ্রয়কেন্দ্র প্লাবিত হয়েছে, যার ফলে বাস্তুচ্যুত পরিবারগুলো চরম আবহাওয়ার মুখে পড়েছে। গত শুক্রবার জাতিসংঘের পক্ষ থেকে জানানো হয়, বন্যায় প্রায় দুই লাখ ২৬ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৪০ হাজারের বেশি আশ্রয়কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে।
ত্রাণ সংস্থাগুলো জানিয়েছে, গাজার ভেতরে তাঁবু, ত্রিপল ও কম্বলের মজুদ প্রায় ফুরিয়ে এসেছে। ইসরায়েলের আরোপ করা নিষেধাজ্ঞা এবং তহবিলের স্বল্পতা জরুরি ত্রাণ কার্যক্রমকে ক্রমাগত বাধাগ্রস্ত করছে।
গত শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, সেখানে শ্বাসতন্ত্রের ইনফেকশন আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। অতিরিক্ত জনাকীর্ণতা, অস্বাস্থ্যকর পরিবেশ ও প্লাবিত আশ্রয়কেন্দ্রগুলো রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি আরও বাড়িয়ে দিচ্ছে।
দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি নিজেদের সমর্থন পুনর্ব্যক্ত করে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে বলা হয়েছে, গাজার ভবিষ্যৎ শাসনে হামাসের কোনো ভূমিকা থাকা উচিত নয়। একই সঙ্গে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের দুই হাজার আটশো তিন নম্বর প্রস্তাব পুরোপুরি বাস্তবায়নের জন্য সব পক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।
ওই প্রস্তাবে হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর নিরস্ত্রীকরণ, গাজা থেকে ইসরায়েলি বাহিনীর প্রত্যাহার এবং বেসামরিক প্রশাসনের কাছে ক্ষমতা হস্তান্তরের কথা বলা হয়েছে।
