ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার তথ্য অনুযায়ী, প্রায় ৭০ জনের জানাজা ও দাফন সম্পন্ন করতে রোববার হাজার হাজার ফিলিস্তিনি একত্র হন। গাজা সিটির উত্তরাঞ্চলে ইসরায়েলি বোমাবর্ষণে ধ্বংস হয়ে যাওয়া ভবনগুলোর নিচ থেকে এসব মরদেহের অবশিষ্টাংশ উদ্ধার করা হয়।
ধ্বংসস্তূপ সরানোর মতো পর্যাপ্ত সরঞ্জামের অভাব সত্ত্বেও স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকর্মীরা আল-সাফতাউই এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করেন। রোববার যাদের দাফন করা হয়েছে, তাদের মধ্যে এ পর্যন্ত ৬০ জনের পরিচয় শনাক্ত করা গেছে।
ওয়াফা জানিয়েছে, পুরো উপত্যকার ধ্বংসস্তূপের নিচে এখনও আনুমানিক আট হাজার মানুষের মরদেহের অবশিষ্টাংশ চাপা পড়ে আছে। ইসরায়েলি সামরিক অভিযানের প্রথম দিক থেকেই বহু মানুষ এভাবে আটকা পড়ে আছেন।
দক্ষিণ ইসরায়েলে হামাসের নেতৃত্বে পরিচালিত একটি হামলার প্রতিক্রিয়ায় ২০২৩ সালের ৭ অক্টোবর এই সামরিক অভিযান শুরু করে ইসরায়েল।
স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্যমতে, গাজায় ইসরায়েলি আগ্রাসনে সম্পূর্ণ আবাসিক এলাকাগুলো ধুলিস্যাৎ হয়ে গেছে এবং অন্তত সাতষট্টি হাজার ছয়শো ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু।
২০২৫ সালের অক্টোবর মাসে শুরু হওয়া একটি যুদ্ধবিরতি সংঘাতের তীব্রতা কিছুটা কমিয়ে আনলেও রক্তপাত পুরোপুরি বন্ধ করতে পারেনি। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, ওই চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত এক হাজার ছয়শো ফিলিস্তিনি নিহত হয়েছেন।
বেঁচে থাকা মানুষগুলোকে খাবার পানি, স্যারেজ ব্যবস্থা ও বর্জ্য অপসারণ ব্যবস্থার ব্যাপক ক্ষয়ক্ষতির মুখোমুখি হতে হচ্ছে। এর পাশাপাশি ওষুধ, পর্যাপ্ত মাথা গোঁজার ঠাঁই ও বিশুদ্ধ পানির সংকট পরিস্থিতিকে আরও শোচনীয় করে তুলছে।
সম্প্রতি ঘটে যাওয়া বন্যা অস্থায়ী তাঁবুগুলো ভাসিয়ে নিয়ে গেছে, যা বাস্তুচ্যুত পরিবারগুলোর দুর্দশা বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
ইউরোপীয় ইউনিয়ন গত শনিবার জানিয়েছে, অব্যাহত সামরিক হামলা এবং আশ্রয়সামগ্রী, ওষুধ ও চিকিৎসাসরঞ্জাম আমদানির ওপর নিষেধাজ্ঞা গাজায় কোনো ধরনের গ্রহণযোগ্য জীবনযাত্রার পরিবেশ তৈরি হতে দিচ্ছে না।
উপত্যকায় প্রবেশকারী সব সীমান্ত গেট পুনরায় খুলে দিতে এবং বাধাহীন মানবিক সহায়তা নিশ্চিত করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।
