ভারী জরিমানা এড়াতে বাধ্য হয়ে নিজেদের বাড়িঘর নিজ হাতে ভেঙে ফেলেছেন দখলকৃত পূর্ব জেরুজালেমের দুই ফিলিস্তিনি পরিবার। ঐতিহাসিক জেরুজালেম শহরের দক্ষিণ-পূর্বাঞ্চলের জাবাল আল-মুকাবের শহরে এই ঘটনা ঘটে।
ইসরায়েলি কর্তৃপক্ষের নির্দেশ পাওয়ার পর দুই ভাই জিহাদ ও লুয়াই শুকাইরাত এই আত্মউচ্ছেদের কাজ চালান। বাড়িগুলোর কোনো রাজউক বা পৌর অনুমতি না থাকায় তাঁদের ওপর প্রায় দুই লাখ শেকেল বা প্রায় ৬২ হাজার মার্কিন ডলারের বিশাল জরিমানা ধার্য করা হয়েছিল। ফিলিস্তিনি বার্তা সংস্থার তথ্য অনুযায়ী, এই মোট অঙ্কের মধ্য থেকে তারা ইতোমধ্যে ১৪ হাজার শেকেল পরিশোধও করেছিলেন।
পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছিল, যদি ইসরায়েলি বুলডোজার ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা নিজেরাই এই ভবনগুলো ভেঙে ফেলত, তবে আরও এক লাখ কুড়ি হাজার শেকেল অতিরিক্ত খরচ মেটাতে হতো এই ভাইদের। বুলডোজার চালানোর খরচ এবং সশস্ত্র নিরাপত্তা কর্মীদের পারিশ্রমিক বাবদ এই অর্থ আদায়ের নোটিশ দেওয়া হয়েছিল।
পূর্ব জেরুজালেমের অন্যতম বড় জনবহুল এলাকা হলো জাবাল আল-মুকাবের। এই আকস্মিক উচ্ছেদের ফলে একাধিক মানুষ এখন মাথার ছাদ হারিয়ে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন। জিহাদ তাঁর স্ত্রী ও একমাত্র মেয়েকে নিয়ে এই বাসায় থাকতেন, আর অন্যদিকে লুয়াই বসবাস করতেন তাঁর বৃদ্ধ বাবা-মা ও ভাইয়ের সঙ্গে।
জেরুজালেম গভর্নরেট জানিয়েছে, এই উচ্ছেদ অভিযানের খড়্গ কেবল ওই দুটি বাড়ির ওপরই নেমে আসেনি। এর আওতায় শুকাইরাত পরিবারের একটি স্টোররুম, আলাদা একটি গুদামঘর, একটি ঘোড়ার আস্তাবল এবং পাখি ও গবাদিপশু পালনের খামারও গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
পূর্ব জেরুজালেমে বসবাসকারী ফিলিস্তিনিদের জন্য ইসরায়েলি কর্তৃপক্ষের কাছ থেকে নতুন কোনো ঘর নির্মাণের অনুমতি পাওয়া প্রায় অসম্ভব একটি বিষয়। অথচ একই সময়ে পূর্ব জেরুজালেম এবং পশ্চিম তীরজুড়ে ইহুদি বসতি সম্প্রসারণের কাজ অবিরাম চালিয়ে যাচ্ছে ইসরায়েল।
১৯৬৭ সালের জুন মাসে পূর্ব জেরুজালেম এবং পশ্চিম তীর দখল করে নেয় ইসরায়েলি সামরিক বাহিনী। সেই থেকে শুরু করে আজ পর্যন্ত ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের জীবনযাত্রা ও নিরাপত্তার ওপর এক কঠোর সামরিক শাসন বলবৎ রেখেছে দখলদার কর্তৃপক্ষ।
