হামাসের সামরিক শাখার এক শীর্ষ কমান্ডারকে লক্ষ্য করে হামলা চালিয়ে হত্যার ঘোষণা দিয়েছে ইসরায়েল। গাজা উপত্যকার ভেতরে নিজেদের এক কমান্ডারের মৃত্যুর বিষয়টি পরবর্তীতে নিশ্চিত করেছে সশস্ত্র গোষ্ঠীটি।
ইসরায়েলি সামরিক বাহিনী ও অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেতের যৌথ অভিযানে গত শনিবার নিহত হন সমীর আবু ইউনুস। ওই শীর্ষ জঙ্গির ওপর হামলার খবর নিশ্চিত করে যৌথ বিবৃতি দেয় ইসরায়েলি সেনাবাহিনী।
ইসরায়েলি সামরিক বাহিনীর ভাষ্যমতে, দুই মাস আগেই রাফাহ ব্রিগেডের কমান্ডের দায়িত্ব নিয়েছিলেন ইউনুস। গত সেপ্টেম্বরে তার পূর্বসূরি নিহত হওয়ার পর তিনি এই দায়িত্ব গ্রহণ করেন এবং ইসরায়েলি সেনাদের ওপর হামলার নির্দেশদাতা হিসেবে তাকে অভিযুক্ত করা হয়।
আল কাসসাম ব্রিগেড টেলিগ্রামে জানায়, শনিবার সন্ধ্যার দিকে একটি কাপুরুষোচিত হত্যা অভিযানের সময় ইউনুস নিহত হয়েছেন। ২০২৩ সালের সাতই অক্টোবর ইসরায়েলে হামলার পরিকল্পনা ও তত্ত্বাবধানের সাথে জড়িত সবচেয়ে গুরুত্বপূর্ণ কমান্ডারদের মধ্যে তিনি ছিলেন বলে স্বীকার করে সংগঠনটি।
মধ্যরাতের ঠিক পরপরই এক নিরাপত্তা সূত্র সাংবাদিকদের জানায় যে খান ইউনিসের পশ্চিমে অবস্থিত আল মাওয়াসিতে ইউনুসকে লক্ষ্য করে এই প্রাণঘাতী হামলা চালানো হয়। গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসসাল জানান, ৫৩ বছর বয়সী ওই কমান্ডারের মরদেহ তাদের হাতে এসেছে এবং দক্ষিণ গাজার এই হামলায় দুজন আহত হয়েছেন।
রোববার বিকেলে ইউনুসের জানাজায় অংশ নিতে সমবেত হন শোকাহত মানুষেরা। ফুটেজে দেখা যায়, হামাসের সবুজ পতাকায় মোড়ানো এবং উপরে একটি অস্ত্র রাখা মরদেহের চারপাশে ভিড় জমেছে।
দুই বছরের যুদ্ধের অবসান ঘটিয়ে ২০২৫ সালের অক্টোবর মাসে কার্যকর হওয়া যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য ইসরায়েল ও হামাস একে অপরকে দোষারোপ করে আসছে। যুক্তরাষ্ট্র সমর্থিত এই চুক্তির ফলে লড়াই অনেকাংশেই থেমে গেলেও ইসরায়েল উপত্যকা জুড়ে নিয়মিত হামলা অব্যাহত রেখেছে।
গত কয়েক দিনে গাজার দক্ষিণাঞ্চলে হামলার মাত্রা বেড়ে গেছে। ফিলিস্তিনি জরুরি সেবা বিভাগ জানায়, খান ইউনিসের নাসের হাসপাতালে বোমা হামলায় গত বৃহস্পতিবার ছয়জন নিহত হন এবং উপত্যকার অন্যত্র প্রাণ হারান আরও সাতজন।
গত ২৭ অক্টোবর ইসরায়েলি আইনসভা নির্বাচনের পর গাজায় ওই ১৩ জনের মৃত্যুই ছিল একদিনে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা। ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, হাসপাতালটির ওই হামলায় হামাসের এক শীর্ষ কর্মকর্তা ও অন্য সশস্ত্র সদস্যরা লক্ষ্যবস্তু ছিলেন এবং চিকিৎসাকেন্দ্রটিকে কমান্ড সেন্টার হিসেবে ব্যবহারের জন্য গোষ্ঠীটিকে অভিযুক্ত করে তারা। তবে সামরিক উদ্দেশ্যে চিকিৎসা কেন্দ্রগুলো ব্যবহারের কথা বরাবরই অস্বীকার করে আসছে হামাস।
জাতিসংঘের কাছে নির্ভরযোগ্য বলে বিবেচিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে গাজায় ১ হাজার ৬০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময়ের মধ্যে সাতজন সৈন্য ও একজন বেসামরিক ঠিকাদারের মৃত্যুর খবর জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।
শাসক জোট গঠনের আলোচনায় যুক্ত রয়েছেন সাবেক সেনাপ্রধান গাডি আইজেনকট। অন্যদিকে সামরিক অভিযানের দায়িত্বভার নিজের কাছেই রেখেছেন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
