সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

পশ্চিম তীর অভিযান

পশ্চিম তীরের গ্রাম বন্ধ ঘোষণা: ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলকে অবরুদ্ধ করল ইসরায়েল

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : নভেম্বর ১৬, ২০২৬, ০৬:৩০ পিএম

পশ্চিম তীরের গ্রাম বন্ধ ঘোষণা: ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলকে অবরুদ্ধ করল ইসরায়েল

ইসরায়েলি সামরিক বাহিনী এলাকাটিকে বন্ধ জোন ঘোষণা করার পর মঙ্গলবারে পশ্চিম তীরের একটি গ্রাম ছাড়তে বাধ্য হন ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধিদল ও স্থানীয় কর্মকর্তারা। হেবরনের দক্ষিণাঞ্চলের মুসাফের ইত্তার খিরবত উম্ম আল-খাইরে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের এই সফরের সময় ঘটনাটি ঘটে।

অধিকৃত পূর্ব জেরুজালেমে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি ফিডলার সফরটি হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার বিষয়ে কথা বলেন। সামরিক এই নিষেধাজ্ঞার কারণে সফররত প্রতিনিধিদল ও হেবরনের গভর্নর খালেদ দুদিন উভয়কেই অবিলম্বে এলাকা ত্যাগ করতে হয়।

গ্রামটির বর্তমান পরিস্থিতি মূল্যায়ন করার জন্য সাংবাদিকদের সাথে নিয়ে এই সফরের আয়োজন করেছিল হেবরন গভর্নরেট। পরিদর্শনের কারণ হিসেবে ইসরায়েলি বসতি স্থাপনকারী ও সেনা বাহিনীর ক্রমবর্ধমান হামলার কথা উল্লেখ করেছেন আয়োজকরা।

ঘটনাস্থলে সাংবাদিকদের ফিডলার বলেন, পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতা অবশ্যই বন্ধ হতে হবে। ফিলিস্তিনিদের ওপর সহিংসতায় জড়িত বসতি স্থাপনকারীদের কাজের জন্য ইসরায়েলকে জবাবদিহিতার আওতায় আনতে হবে বলে তিনি যোগ করেন।

ফিডলার জানান, এই অঞ্চলে সহিংসতার জন্য দায়ী ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর ইউরোপীয় ইউনিয়ন ইতিমধ্যে নিষেধাজ্ঞা আরোপ করেছে। আন্তর্জাতিক আইনের আওতায় ইসরায়েলি বসতিগুলো অবৈধ, এমন আনুষ্ঠানিক ইউরোপীয় অবস্থানও তিনি পুনর্ব্যক্ত করেন।

সামরিক এই বাধার পরেও এলাকার ফিলিস্তিনি সম্প্রদায়ের পাশে ইউরোপীয় ইউনিয়ন থাকবে বলে জানান ফিডলার। স্থানীয় বাসিন্দাদের একটি সুন্দর জীবন নিশ্চিত করতে অব্যাহত সমর্থনের প্রতিশ্রুতি দেন তিনি।

হেবরন গভর্নরেটে নিজের প্রথম সফর হিসেবে এই ভ্রমণকে বর্ণনা করে স্বচক্ষে পরিস্থিতি দেখা এবং ফিলিস্তিনি সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারী মেয়রদের কথা শোনার গুরুত্ব তুলে ধরেন ফিডলার।

খিরবত উম্ম আল-খাইর গ্রামে বসতি স্থাপনকারীদের হামলা ক্রমাগত বেড়েই চলেছে। এসব ঘটনার মধ্যে রয়েছে সম্প্রদায়ের ভেতরে ও আশেপাশে নতুন বসতি স্থাপন, বাড়িঘর ও অবকাঠামো ভাঙচুর, বাসিন্দাদের ওপর হামলা এবং চলাচলের ওপর কঠোর নিষেধাজ্ঞা।

পূর্ব জেরুজালেমসহ অধিকৃত পশ্চিম তীরে বর্তমানে ১৫৬টি অবৈধ বসতি এবং ৩৬০টি আউটেস্টে প্রায় সাড়ে সাত লাখ বসতি স্থাপনকারী বসবাস করছেন। ১৯৬৭ সাল থেকে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম নিজেদের দখলে রেখেছে ইসরায়েল।

২০২৩ সালের অক্টোবর মাস থেকে পশ্চিম তীরজুড়ে সামরিক অভিযান ও বসতি স্থাপনকারীদের হামলা তীব্র আকার ধারণ করেছে। ফিলিস্তিনি পরিসংখ্যানে জানা যায়, এসব হামলায় ১ হাজার ২২০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন প্রায় ১৩ হাজার ৭৪৬ জন এবং ২৬ হাজারের বেশি মানুষকে আটক করা হয়েছে।

ফিলিস্তিনিদের মতে, হামলা বৃদ্ধি, জোরপূর্বক বাস্তুচ্যুতি এবং বসতি সম্প্রসারণ পশ্চিম তীর আনুষ্ঠানিকভাবে গ্রাসের পথ প্রস্তুত করছে। এসব ঘটনা একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের সম্ভাবনাকে মারাত্মকভাবে নস্যাৎ করছে বলে তারা সতর্ক করেছেন।

banner
Link copied!