তীব্র শীতে মানবিক সংকট আরও গভীর হওয়ায় গাজায় ত্রাণ সরবরাহের ওপর থেকে কড়াকড়ি শিথিল করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের কমিশনার হাদজা লাহবিব।
ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের আগে সাংবাদিকদের সাথে আলাপকালে ফিলিস্তিনি ছিটমহলটির ভয়াবহ পরিস্থিতির কথা তুলে ধরেন তিনি। গাজা এক মানবিক বিপর্যয়ের মুখোমুখি রয়েছে এবং শীতকাল এই পরিস্থিতিকে আরও মারাত্মক করে তুলছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি জানান যে ৭০ হাজার তাঁবু প্লাবিত হয়েছে এবং পরিবারগুলো কনকনে বৃষ্টির মধ্যে উন্মুক্ত আকাশের নিচে দিন কাটাতে বাধ্য হচ্ছে। কমিশনারের তথ্য অনুযায়ী, ঠান্ডাজনিত কারণে শিশুরা মারা যাচ্ছে।
ইসরায়েলি কর্তৃপক্ষের প্রতি আরও বেশি আশ্রয়সামগ্রী, ভারী যন্ত্রপাতি, ইঞ্জিন অয়েল এবং খুচরা যন্ত্রাংশ প্রবেশের অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছেন লাহবিব। তিনি উল্লেখ করেন যে বর্তমানে দ্বৈত ব্যবহারের অভিযোগে আটকে থাকা জরুরি মানবিক সামগ্রী সপ্তাহে মাত্র একবার গাজায় প্রবেশের সুযোগ পাচ্ছে।
আমাদের আরও বেশি দিন ধরে ত্রাণ প্রবেশের সুযোগ এবং অনুমানযোগ্য নিয়ম প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। এমনকি এ বিষয়ে কোনো লিখিত নিয়মও নেই বলে জানান তিনি।
চলমান সংঘাতে আন্তর্জাতিক মানবিক আইন কঠোরভাবে মেনে চলার জন্যও ইসরায়েলের প্রতি আহ্বান জানান লাহবিব।
ইউক্রেনের প্রসঙ্গ টেনে রাশিয়া ইচ্ছাকৃতভাবে গরম পানি ও বিদ্যুৎ অবকাঠামোকে লক্ষ্যবস্তুতে পরিণত করছে বলে অভিযোগ করেন লাহবিব। মস্কো শীতকালকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করেন তিনি।
ইউরোপীয় ইউনিয়ন তাদের নিজস্ব মজুত থেকে ৫০০টি জেনারেটর, আশ্রয়সামগ্রী এবং অন্যান্য ত্রাণসামগ্রী পাঠাবে বলে ঘোষণা দেন তিনি। গত সেপ্টেম্বরের শুরুতে বরাদ্দকৃত দুই কোটি ইউরো বা দুই কোটি ২০ লাখ ডলারের জরুরি সহায়তার বাইরে এই অতিরিক্ত সহায়তা দেওয়া হচ্ছে।
ইউক্রেনের জন্য নরওয়ের চারটি মডুলার ব্রিজ এবং ফ্রান্সের দেওয়া ২০০টি বাসসহ অতিরিক্ত সহায়তার কথা জানান তিনি।
সিরিয়ার পরিস্থিতি সম্পর্কে বলতে গিয়ে লাহবিব জানান যে ইউরোপীয় ইউনিয়ন চলতি বছর রেকর্ড ২১ কোটি ইউরো বা ২৩ কোটি ১৪ লাখ ডলারের মানবিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। তিনি উল্লেখ করেন যে এক কোটি ৫০ লাখ সিরীয় নাগরিক মানবিক সহায়তার ওপর নির্ভরশীল এবং ৮০ লাখ মানুষ এখনও বাস্তুচ্যুত অবস্থায় রয়েছে।
সবশেষে ইয়েমেন প্রসঙ্গে লাহবিব জানান যে সাম্প্রতিক সংঘাতের ফলে তিন লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং ত্রাণ বিতরণ ব্যাহত হচ্ছে। গত সপ্তাহে ইউরোপীয় ইউনিয়নের একটি মানবিক এয়ার ব্রিজ সফলভাবে সানা ও আদেনে ত্রাণ পৌঁছে দিয়েছে বলে তিনি নিশ্চিত করেন।
