মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় যুদ্ধ ও শিল্প

গাজার তাঁবু থেকে যুদ্ধের কষ্ট ফুটিয়ে তুলছেন শিল্পী জিহাদ জারবু

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : নভেম্বর ১৭, ২০২৬, ০২:০০ এএম

গাজার তাঁবু থেকে যুদ্ধের কষ্ট ফুটিয়ে তুলছেন শিল্পী জিহাদ জারবু

উত্তর গাজায় ২০২৩ সালের নভেম্বরে একটি ইসরায়েলি হামলায় নিজের পারিবারিক বাড়ির ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েও বেঁচে যান জিহাদ জারবু। ওই বিমান হামলায় তার বাবা ও বড় ভাই নিহত হন। তবে তিনি, তার মা ও ছোট ভাই প্রাণে বেঁচে যান।

ওই হামলায় তার চিত্রকর্মের সামগ্রী এবং প্রায় আট বছরের সৃজনশীল কাজ ধ্বংস হয়ে যায়। তিনি জানান, ধ্বংসস্তূপের নিচে কেবল পরিবারের সদস্যরাই নয়, হারিয়ে গেছে তার বাড়ি, স্মৃতি এবং শিল্পকর্মের বহু বছরের আর্কাইভ।

সেই হামলা থেকে বেঁচে ফেরা ছিল বারবার বাস্তুচ্যুতির দীর্ঘ যাত্রার শুরু, যেখানে কোনো নিরাপত্তা বা স্থায়ী আশ্রয়ের সুযোগ ছিল না। উত্তর গাজা ছেড়ে আসার সময় কান্নায় ভেঙে পড়ার কথা স্মরণ করে জিহাদ জানান, বাড়ির ধ্বংসস্তূপের দিকে তাকিয়ে তিনি জানতেন না যে তিনি ও তার বেঁচে থাকা পরিবারের সদস্যরা কোথায় যাবেন।

বর্তমানে তিনি গাজা শহরের একটি তাঁবুতে স্বামী, তাদের শিশুপুত্র আদম, মা এবং ছোট ভাইয়ের সঙ্গে গাদাগাদি করে বসবাস করছেন। এই শরণার্থী শিবিরে খাবার, নিরাপদ পানি এবং ব্যক্তিগত গোপনীয়তার তীব্র সংকট রয়েছে।

এতকিছুর পরও জিহাদ তার শরীরের ভাষা, স্মৃতি এবং চারপাশের নিত্যদিনের বাস্তবতাকে পুঁজি করে শিল্পচর্চা চালিয়ে যাচ্ছেন। তিনি জানান, অনেক সময় তার মনে হয় তিনি জীবন দিয়েই শিল্প তৈরি করছেন, যেখানে ভয়, তাঁবু, ধ্বংসস্তূপ, তার সন্তান এবং আশার আলো জাগানো ছোট ছোট বিষয়গুলো উঠে আসে।

শীতকাল গাজার অস্থায়ী শিবিরগুলোতে এই ভঙ্গুর জীবনকে আরও কঠিন করে তুলেছে। ভারী বর্ষণে গোটা ক্যাম্পের বিছানাপত্র ভেসে যাচ্ছে, নষ্ট হচ্ছে জিনিসপত্র এবং বারবার বাস্তুচ্যুতির কারণে এমনিতেই জীর্ণ হয়ে পড়া আশ্রয়শিবিরগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত ৬ নভেম্বরের পর থেকে বন্যায় ২৬ হাজারেরও বেশি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সময়ে ছয় হাজারের বেশি পারিবারিক আশ্রয়কেন্দ্র ধ্বংস এবং আরও ১৭ হাজার ৪০০টি কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে।

এই ঝড়বৃষ্টি শিবিরের বাইরের বিপদগুলোকেও বাড়িয়ে দিয়েছে, যেখানে ক্ষতিগ্রস্ত ভবনগুলো ধসে পড়ছে এবং বন্যার পানিতে ধ্বংসস্তূপের নিচে থাকা অবিস্ফোরিত বোমা ভেসে উঠছে। প্রায় ১০ লাখ মানুষ প্লাবনপ্রবণ এলাকায় বসবাস করছেন, যার মধ্যে প্রায় চার লাখ মানুষ বিশ্ব স্বাস্থ্য সংস্থার দৃষ্টিতে অত্যন্ত ঝুঁকিপূর্ণ স্থানে অবস্থান করছেন।

জিহাদের ক্ষেত্রে দৈনন্দিন অভাবের পরিমাপ করা হয় অতিপ্রয়োজনীয় জিনিসের ঘাটতি দিয়ে, যার মধ্যে রয়েছে আদমের জন্য দুধ, নিজের খাবার এবং বিশুদ্ধ পানি। তিনি এমন এক সময়ের কথা উল্লেখ করেন যখন তাকে পোকা ও ইঁদুরে ভরা রাস্তার তাঁবুতে বসবাস করতে হয়েছিল এবং কেবল বেঁচে থাকার তাগিদে দূষিত খাবার ও পানি গ্রহণ করতে হয়েছিল।

উত্তর গাজার আল সাফতাউই এলাকায় বেড়ে ওঠা জিহাদ চারুকলায় পড়াশোনা শেষ করে প্রায় আট বছর আগে পেশাদার কাজ শুরু করেন, যেখানে তার মূল ফোকাস ছিল কনসেপচুয়াল ফটোগ্রাফি। যুদ্ধের মধ্যে নারীদের স্বাধীনতা, ভয় এবং বেঁচে থাকার সংগ্রাম ফুটিয়ে তুলতে তিনি তার নিজের শরীরকেই মাধ্যম, সাক্ষী ও স্মৃতির প্রতীক হিসেবে ব্যবহার করেন।

banner
Link copied!