সিরিয়ার দক্ষিণ অঞ্চলের দারাআ প্রদেশে মঙ্গলবার ভোরের দিকে সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এ সময় তারা বেশ কিছু বাড়িঘরে তল্লাশি চালায়, এক বৃদ্ধ ব্যক্তিকে মারধর করে এবং আবাসিক এলাকা লক্ষ্য করে নির্বিচারে গুলি চালায় বলে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।
সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আল ইখবারিয়ার খবরে বলা হয়, ইসরায়েলি সেনাবাহিনীর ২৩টি যানের একটি কনভয় পশ্চিম দারাআ প্রদেশের মারিয়া গ্রামে প্রবেশ করে। সৈন্যরা বাড়িঘরে তল্লাশি চালানোর পাশাপাশি ফাঁকা গুলি ছোড়ে। মারিয়া ও পার্শ্ববর্তী আবিদিন গ্রামের মধ্যবর্তী এলাকায় এক বৃদ্ধ ব্যক্তিকে মারধর করার পাশাপাশি তার গাড়ি ভাঙচুর করে সেনারা।
এই সামরিক তৎপরতা পার্শ্ববর্তী কোয়া গ্রাম পর্যন্ত বিস্তৃত হয়। কোয়ার মেয়র আমজাদ সুলাইমান জানান, মারিয়ার দিক থেকে এসে ইসরায়েলি সেনারা গ্রামটির পশ্চিমের কৃষিজমিতে অবস্থান নেয় এবং বসতি লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। আগ্রাসনের সময় ইসরায়েলি বাহিনী বাসিন্দাদের বাড়িঘরে নৃশংস ও নির্বিচারে গুলিবর্ষণ করে, যার ফলে একটি বাড়ি সম্পূর্ণ পুড়ে যায় বলে তিনি উল্লেখ করেন।
মেয়র আরও জানান, কোয়া গ্রামের উপকণ্ঠে বেশ কয়েকটি শেল এসে পড়ে। এ সময় সেনা বহরের সঙ্গে ড্রোন ও হেলিকপ্টার ছিল, যা দেখে আতঙ্কিত হয়ে কিছু এলাকাবাসী পালিয়ে যান। স্থানীয় সংবাদমাধ্যম দারাআ টোয়েন্টিফোর জানায়, গুলিবর্ষণের কারণে একটি বাড়ির একটি কক্ষ পুড়ে গেলেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
আল ইখবারিয়া জানিয়েছে, পশ্চিম দারাআ আল জাজিরা ব্যারাকে অবস্থানরত ইসরায়েলি সেনারা কোয়া ও মারিয়ার মধ্যবর্তী কৃষিজমি লক্ষ্য করে গুলি চালায় এবং সেখানে দুটি আর্টিলারি শেল বিস্ফোরিত হয়। এ ছাড়া কোয়ার চারপাশের সমতল ভূমিতে ইসরায়েলি হেলিকপ্টার থেকেও গুলি চালানো হয় বলে জানায় সম্প্রচারমাধ্যমটি।
এই শেল ও গুলিবর্ষণের কারণে আতঙ্কিত পরিবারগুলো বাধ্য হয়ে পার্শ্ববর্তী গ্রামগুলোতে আশ্রয় নেয়। তবে মধ্যরাত থেকে শুরু হয়ে মঙ্গলবার ভোর দুইটা পর্যন্ত চলা এই অভিযান শেষে তারা নিজ বাড়িতে ফিরে আসেন।
মেয়র সুলাইমান বলেন যে এলাকায় পরিস্থিতি এখন তুলনামূলক শান্ত হয়ে আসছে। এর আগে গত ২০২৫ সালের ২৫ মার্চ কোয়া গ্রামটিতে একটি রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটেছিল, যখন ইসরায়েলি বাহিনী গ্রামটিতে প্রবেশের চেষ্টা করলে বাসিন্দারা বাধা দেন এবং ইসরায়েলি শেলিংয়ে বেশ কিছু হতাহতের ঘটনা ঘটেছিল।
গত ২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল আসাদ সরকারের পতনের পর থেকে দক্ষিণ সিরিয়ায় সামরিক উপস্থিতি বাড়িয়েছে ইসরায়েল। ১৯৭৪ সালের সৈন্য বিচ্ছিন্নকরণ চুক্তির আওতাভুক্ত বাফার জোনে প্রবেশ করার পাশাপাশি দক্ষিণাঞ্চলের অন্যান্য এলাকাতেও নিজেদের অবস্থান অগ্রসর করেছে ইসরায়েলি বাহিনী।
সিরিয়ার সার্বভৌমত্ব ও পূর্বের চুক্তির লঙ্ঘন উল্লেখ করে এসব আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছে দামেস্কের নতুন কর্তৃপক্ষ এবং ইসরায়েলি বাহিনীকে অবিলম্বে সরে যাওয়ার দাবি জানিয়েছে।
সিরিয়ার নিরাপত্তা ও সামরিক গবেষক জিয়া কাদৌর আশারক আল আসওয়াত পত্রিকাকে জানান, দক্ষিণ সিরিয়ায় ইসরায়েলের এই ধারাবাহিক উপস্থিতি অঞ্চলটিতে রাজনৈতিক স্থিতিশীলতার চেয়ে ভূখণ্ডগত নিয়ন্ত্রণকে প্রাধান্য দিচ্ছে, যা দীর্ঘমেয়াদী সংকটের ঝুঁকি তৈরি করছে।
