গাজায় ভারী বর্ষণের কারণে বাস্তুচ্যুত শিবিরগুলো প্লাবিত হয়েছে এবং বহু তাবু ধ্বংস হয়ে গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা মঙ্গলবার সতর্ক করেছে যে এই পরিস্থিতির ফলে সংঘাতে বিপর্যস্ত মানুষগুলো চতুর্থ শীতের মধ্যে যথাযথ সুরক্ষা ছাড়াই দিন কাটাচ্ছে।
,জেনেভায় এক বক্তব্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদরোস আদহানোম গেব্রেয়ুস জানান যে প্রায় ১০ লাখ বাস্তুচ্যুত ফিলিস্তিনি এমন এলাকায় বসবাস করছেন যা প্লাবিত হওয়ার ঝুঁকিতে রয়েছে। শীতের পরিস্থিতি আরও খারাপ হওয়ার কারণে এর মধ্যে প্রায় চার লাখ মানুষ চরম ঝুঁকির মুখে রয়েছেন।
,তেদরোস সাংবাদিকদের বলেন, হাইপোথার্মিয়া বা তীব্র শীতজনিত অসুস্থতা রোধ করতে আমাদের আবাসন সামগ্রী, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন সরঞ্জাম, ওষুধ, টিকা এবং চিকিৎসা সরঞ্জামের নির্বিঘ্ন ও দ্রুত প্রবেশাধিকার প্রয়োজন।
,তিনি জানান যে কয়েক দিন আগে হাইপোথার্মিয়ায় আক্রান্ত হয়ে আট মাসের একটি শিশু মারা গেছে। তিনি বলেন, কোনো শিশুরই ঠান্ডায় মারা যাওয়া উচিত নয় এবং শীত সবেমাত্র শুরু হয়েছে।
,বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই অঞ্চলে ৩৩ হাজার তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণের ঘটনা রেকর্ড করেছে, যা গত বছরের একই সময়ের পরিসংখ্যানকে ছাড়িয়ে গেছে। তেদরোস সতর্ক করেন যে চলমান বন্যার কারণে জনগণের মধ্যে পানিজনিত রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি দিন দিন বাড়ছে।
,তিনি পরীক্ষাগারের সরঞ্জামগুলোর অবাধ প্রবেশাধিকার দাবি করেন, যা সীমান্ত পারাপারে বারবার বাধাগ্রস্ত হয়েছে। নতুন রোগ ছড়িয়ে পড়া প্রতিরোধ এবং তার মোকাবিলায় এই সামগ্রীগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ।
,তেদরোস স্বাস্থ্যসেবা অবকাঠামোর ওপর চলমান হামলার বিষয়টিও তুলে ধরেন। তিনি গত সপ্তাহে নাসের মেডিকেল কমপ্লেক্সে হামলার কথা উল্লেখ করে জানান যে ক্ষতিগ্রস্ত চিকিৎসাকেন্দ্র এবং বিপর্যস্ত যোগাযোগ ব্যবস্থা চিকিৎসা সেবা পাওয়ার পথ মারাত্মকভাবে সংকুচিত করে দিয়েছে।
,বৈশ্বিক বিষয়ে দৃষ্টিপাত করে তেদরোস বিশ্বজুড়ে অপ্রাপ্তবয়স্কদের মুখোমুখি হওয়া ব্যাপক নির্যাতনের বিষয়টি তুলে ধরেন। তিনি সতর্ক করেন যে একশরও বেশি দেশের ১০০ কোটিরও বেশি শিশু ঘরবাড়িতে, স্কুলে এবং অনলাইনে সহিংসতার শিকার হয়, যার আজীবন নেতিবাচক প্রভাব পড়ে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের মতে, শৈশবে নির্যাতনের শিকার হওয়া প্রাপ্তবয়স্করা হৃদরোগ এবং ডায়াবেটিসে বেশি আক্রান্ত হন এবং তাদের মধ্যে বিষণ্নতার ঝুঁকিও অনেক বেশি থাকে। তিনি বলেন, নির্যাতন শনাক্ত করতে এবং ভুক্তভোগীদের সহায়তা সেবার সাথে যুক্ত করতে চিকিৎসাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
,ফিলিপাইনের ম্যানিলায় শিশুদের বিরুদ্ধে সহিংসতা বন্ধ সংক্রান্ত দ্বিতীয় বৈশ্বিক মন্ত্রী পর্যায়ের সম্মেলনের প্রাক্কালে এই বক্তব্যগুলো দেওয়া হয়। তেদরোস ঘোষণা করেন যে পূর্ব আফ্রিকায় শারীরিক শাস্তি নিষিদ্ধ করা এবং ল্যাটিন আমেরিকায় বেঁচে যাওয়া ব্যক্তিদের সহায়তা কর্মসূচি উন্নত করার মতো নির্যাতন মোকাবেলায় ৭৩টি সরকার প্রতিশ্রুতি ঘোষণা করতে যাচ্ছে।
,এই প্রতিশ্রুতিগুলোর সাথে ৫০ কোটিরও বেশি ডলারের তহবিল জড়িত রয়েছে। তেদরোস জাতীয় সরকারগুলোকে তাদের আর্থিক ও নীতিগত প্রতিশ্রুতিগুলোকে বাস্তবসম্মত আইন, বাজেট এবং কার্য্যকরী সেবায় রূপান্তর করার আহ্বান জানান।
