চিকিৎসা ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি ড্রোন হামলায় দুজন নিহত হয়েছেন। গত ১০ অক্টোবর ২০২৫ কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও এসব হামলা চালানো হয়।
,মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় অবস্থিত আল-আকসা শহীদ হাসপাতালের একটি চিকিৎসা সূত্র ৩৫ বছর বয়সী ফাতিহ নাহিদ ইসমাইলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
,প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শহরের কেন্দ্রস্থলে অবস্থিত পৌর পুলিশ স্টেশনের কাছে ইসমাইলকে লক্ষ্য করে একটি ইসরায়েলি ড্রোন হামলা চালায়। এ সময় কাছাকাছি থাকা একটি পার্ক করা গাড়িতেও একটি কোয়াডকপ্টার ড্রোন থেকে বোমা ফেলা হয়।
,মধ্য গাজার মাগাজি শরণার্থী শিবিরের পূর্বে ফিলিস্তিনিদের বাড়িঘরে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় ইসরায়েলি বাহিনী। কোয়াডকপ্টার ড্রোনগুলো বিভিন্ন ছাদের ওপর বিস্ফোরকভর্তি বাক্স ফেলে এবং দূর থেকে সেগুলো দূরনিয়ন্ত্রিত উপায়ে বিস্ফোরণ ঘটায়। এসব শক্তিশালী বিস্ফোরণে লক্ষ্যবস্তু হওয়া বাড়িঘর ও আশপাশের এলাকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
,উত্তরে গাজা সিটিতে ৩২ বছর বয়সী থায়ের ইসমাইল আল-ওয়াদিয়ার মরদেহ আল-শিফা হাসপাতালে আনা হয়। হাসপাতালের চিকিৎসা সূত্র জানিয়েছে, নগরীর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শেখ আজলিন এলাকায় ইসরায়েলি হামলায় তিনি নিহত হন। এই হামলায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
,দক্ষিণাঞ্চলের স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, খান ইউনিসের পূর্বে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের অস্থায়ী তাঁবু ও আবাসিক বসতি লক্ষ্য করে ভারী গুলিবর্ষণ করেছে ইসরায়েলি সামরিক যান।
,গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চলমান যুদ্ধবিরতি চুক্তির ইসরায়েলি লঙ্ঘনের কারণে এ পর্যন্ত কমপক্ষে ১ হাজার ৬৫০ জন ফিলিস্তিনি নিহত এবং ৫ হাজার ৯৭৫ জন আহত হয়েছেন।
,২০২৩ সালের অক্টোবর মাস থেকে শুরু হওয়া এই সামরিক অভিযানে সামগ্রিকভাবে ৭৪ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৬ হাজারের অধিক আহত হয়েছেন। এসব হতাহতের একটি বড় অংশই নারী ও শিশু।
,এই সর্বাত্মক আগ্রাসনে গাজার প্রায় ৯০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। জাতিসংঘের প্রাক্কলন অনুযায়ী, এই উপত্যকা পুনর্নির্মাণে প্রায় ৭১ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলার খরচ হবে।
