জাতিসংঘের উপমুখপাত্র ফারহান হক বুধবার সাংবাদিকদের জানান যে মধ্য গাজার দেইর আল বালাহ এলাকার একটি অংশ থেকে ফিলিস্তিনিরা পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম দিকে সরে যাচ্ছেন। জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় দপ্তর এই তথ্য জানিয়েছে।
প্রাথমিক মূল্যায়নে দেখা গেছে যে আড়াই বর্গকিলোমিটার বা এক বর্গমাইল আয়তনের ওই ঝুঁকিপূর্ণ অঞ্চলে ১৮ হাজারের বেশি মানুষ বসবাস করছিলেন। তাদের মধ্যে প্রায় চার হাজার মানুষ ওই এলাকার নির্দিষ্ট কিছু আশ্রয়কেন্দ্রে অবস্থান করছিলেন।
দেইর আল বালাহের হলুদ রেখার বাইরে একটি নতুন সামরিক অভিযান শুরু করার ঘোষণা আসার পরই এই সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘ।
২০২৫ সালের অক্টোবরে ইসরায়েল ও হামাসের মধ্যে ঘোষিত একটি যুদ্ধবিরতি চুক্তির অধীনে এই হলুদ রেখা নির্ধারণ করা হয়েছিল। ইসরায়েলি সেনাবাহিনী মোতায়েন রয়েছে এমন এলাকা থেকে ফিলিস্তিনিদের যাতায়াতের অনুমতিপ্রাপ্ত অঞ্চলগুলোকে আলাদা করতেই এই রেখা তৈরি করা হয়।
মানবিক সহায়তাকারীরা সতর্ক করে বলেছেন যে এই সামরিক অভিযানের কারণে ওই অঞ্চলের ভেতরে চলমান বেশ কিছু জরুরি ত্রান সেবা ব্যাহত হতে পারে। জাতিসংঘ আরও জানিয়েছে যে ২০২৩ সালের ডিসেম্বর থেকে ২০২৫ সালের জুনের মধ্যে এই একই অঞ্চলটিতে ছয়বার ইসরায়েলি সামরিক বাহিনী স্থানান্তরের নির্দেশ জারি করেছিল।
ফারহান হক বলেন যে সাধারণ মানুষ যদি এলাকা ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেন, তবে পরিস্থিতি অনুকূল হওয়ামাত্রই তাদের নিজ ঠিকানায় ফিরে যাওয়ার অনুমতি দিতে হবে। বাসিন্দারা চলে যান বা থেকে যান, সব বেসামরিক নাগরিকের সুরক্ষা নিশ্চিত করতে হবে এবং তাদের প্রয়োজনীয় মানবিক সহায়তা দিতে হবে।
একই সঙ্গে মানবিক সহায়তা কেন্দ্র এবং বেসামরিক অবকাঠামো রক্ষা করতে হবে। আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী এসব পদক্ষেপ নেওয়া বাধ্যতামূলক বলে উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় সামরিক অভিযান চালিয়ে আসছে ইসরায়েল। উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই অভিযানে ৭৪ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৬ হাজারের অধিক মানুষ আহত হয়েছেন, যার সিংহভাগই নারী ও শিশু।
এই সংঘাতের ফলে গাজার ৯০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। জাতিসংঘের প্রাক্কলন অনুযায়ী, এই ধ্বংসযজ্ঞের পর পুনর্গঠনে মোট প্রায় ৭১ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলার খরচ হবে।
