ফিলিস্তিনের হামাস নিয়ন্ত্রিত মধ্য গাজায় প্রবেশ করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। গত অক্টোবরে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর হলুদ রেখা সীমানা পার হয়ে এটিই প্রথম স্থল অভিযান, যার ফলে বাধ্য হয়ে তাঁবু ছেড়ে পালিয়েছেন কয়েক ডজন বাস্তুচ্যুত ফিলিস্তিনি।
গাজার প্রধান উত্তর দক্ষিণ রুট সালাহউদ্দিন সড়ক ধরে এগিয়ে গেছে ইসরায়েলি ট্যাংকগুলো। যুক্তরাষ্ট্র সমর্থিত পিস বোর্ড ইসরায়েল ও হামাস উভয় পক্ষকেই শত্রুতা বন্ধের প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থ বলে অভিযুক্ত করার ঠিক একদিন পরই এই সামরিক মোতায়েন করা হলো।
ইসরায়েলি সামরিক বাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, মধ্য গাজায় হলুদ রেখার পশ্চিমে হামাসের অবকাঠামো লক্ষ্য করে সেনা সদস্যরা একটি অভিযান পরিচালনা করছেন। তবে এই অভিযান সম্পর্কে বিস্তারিত কোনো মন্তব্য করেনি সামরিক বাহিনী।
ইসরায়েলের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের সঙ্গেই মিলে গেছে এই সামরিক অভিযান। দেশটির বিরোধীদলীয় রাজনীতিক গাদি আইসেনকট কার্যনির্বাহী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বাদ দিয়ে সরকার গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইসরায়েলকে নিরাপদ রাখার প্রতিশ্রুতি দিয়েই নিজের রাজনৈতিক ভাবমূর্তি গড়ে তুলেছেন নেতানিয়াহু।
ইসরায়েলি এই অভিযান এবং ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার তীব্র নিন্দা জানিয়েছে হামাস। গোষ্ঠীটি এই পদক্ষেপকে যুদ্ধবিরতি চুক্তির নগ্ন লঙ্ঘন এবং একটি বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি বলে অভিহিত করেছে। হামাসের এই বক্তব্যের তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি ইসরায়েলি সামরিক বাহিনী।
স্থানীয় বাসিন্দারা ওই এলাকায় ট্যাংক থেকে গোলাবর্ষণের শব্দ শোনার কথা জানিয়েছেন। ফিলিস্তিনি চিকিৎসকরা জানিয়েছেন, এই অভিযানের কাছাকাছি স্থানে ইসরায়েলি বিমান হামলায় একজন নিহত হয়েছেন।
বুধবার ঘটা পৃথক কয়েকটি ঘটনায় ইসরায়েলি গুলিতে আরও দুইজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন ফিলিস্তিনি চিকিৎসকরা। এর মধ্যে একটি প্রাণহানির ঘটনা ঘটে দেইর আল বালাহ এলাকায় এবং অন্যটি ঘটে গাজা সিটিতে।
দেইর আল বালাহতে কোনো ধরনের ঘটনা ঘটার বিষয়ে তাদের জানা নেই বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। তবে গাজা সিটিতে এক যোদ্ধাকে লক্ষ্য করে হামলা চালানোর কথা নিশ্চিত করেছে তারা।
হামাস পুনর্গঠিত ও পুনরায় সশস্ত্র হচ্ছে দাবি করে দলটির ওপর হামলা জোরদার করেছে ইসরায়েল। অন্যদিকে ২০২৫ সালের অক্টোবরে মার্কিন মধ্যস্থতায় স্বাক্ষরিত যুদ্ধবিরতি ভেস্তে দেওয়ার চেষ্টার জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেছে হামাস। যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে এবং হামাসও সশস্ত্র রয়েছে।
হাসপাতালের পরিচালকের তথ্য অনুযায়ী, গত সপ্তাহে দক্ষিণাঞ্চলীয় গাজার নাসের হাসপাতালে চালানো একটি ইসরায়েলি বিমান হামলায় একজন সার্জন ও এক প্রতিবন্ধী ব্যক্তিসহ ছয়জন নিহত এবং অপর ২৮ জন আহত হন।
যুদ্ধবিরতি শুরুর পর গত ১৩ মাসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেওয়া তাদের দ্বিতীয় প্রতিবেদনে পিস বোর্ড সতর্ক করেছে যে, চুক্তির শর্তাবলি এবং মাঠের বাস্তবতার মধ্যকার ফারাকই এই চুক্তির সবচেয়ে বড় হুমকি। প্রতিবেদনে বলা হয়েছে, দৃশ্যমান কোনো সুফল না এনে যুদ্ধবিরতি অনির্দিষ্টকাল ধরে টিকিয়ে রাখা সম্ভব নয়।
গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য মতে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ১ হাজার ৬০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে যে একই সময়ে তাদের পাঁচজন সেনা নিহত হয়েছেন।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাসের নেতৃত্বে পরিচালিত হামলার জবাবে ইসরায়েল সামরিক অভিযান শুরু করার পর থেকে গাজায় ৭৪ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। ওই হামলায় প্রায় ১ হাজার ২০০ মানুষ নিহত হয়েছিলেন।
