বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

মধ্য গাজায় ধ্বংসযজ্ঞ

মধ্য গাজায় ফিলিস্তিনিদের ঘরবাড়ি উড়িয়ে দিল ইসরায়েলি বাহিনী

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : নভেম্বর ১৯, ২০২৬, ০২:০০ পিএম

মধ্য গাজায় ফিলিস্তিনিদের ঘরবাড়ি উড়িয়ে দিল ইসরায়েলি বাহিনী

কোয়াডকপ্টার ড্রোনের মাধ্যমে বিস্ফোরক বাক্স ফেলে মাগাজি শরণার্থী শিবিরের পূর্বে বেশ কিছু খালি বাড়ি উড়িয়ে দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। ধ্বংসযজ্ঞের সময় দুটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শুনেছেন স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা। এই বিস্ফোরণে আশপাশের এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

নুসেইরাত শরণার্থী শিবিরের উত্তরে এবং মাগাজির পূর্বে ঘোষিত একটি প্রবেশ নিষিদ্ধ অঞ্চলে এই অভিযান চালানো হয়। গত বুধবার মধ্য গাজার তিনটি ব্লকে নতুন করে সামরিক অভিযানের ঘোষণা দেয় সেনাবাহিনী এবং সালাহউদ্দিন সড়কের কিছু অংশ বন্ধ করে দেয়।

ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি সরকারের কার্যক্রম সমন্বয়কারী সংস্থা সামাজিক মাধ্যমে জানিয়েছে যে হলুদ রেখার কাছাকাছি বিশেষ করে ৬৬০, ৬৬১ ও ৬৬৬ নম্বর নির্ধারিত এলাকায় অভিযান শুরু হয়েছে। এছাড়া ওয়াদি গাজা সেতুর কাছের আল মুঘরাকা এবং নুসেইরাতের উত্তরের আল দাওয়া অঞ্চলেও সৈন্য এগিয়ে গেছে।

গাজার অন্যান্য অঞ্চলেও সহিংসতা ছড়িয়ে পড়েছে। খান ইউনিসের উত্তরে হামাদ আবাসিক সিটিতে বাড়িঘর ও বাস্তুচ্যুতদের তাঁবু লক্ষ্য করে ইসরায়েলি গুলিবর্ষণে এক ফিলিস্তিনি নারী আহত হয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসাকর্মীরা।

আল আকসা শহীদ হাসপাতাল আহমেদ আবু আরমানা নামের এক তরুণের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। বুরেজ শিবিরের উত্তরে সাধারণ মানুষের একটি দলকে লক্ষ্য করে চালানো ড্রোন হামলায় আহত হওয়ার কয়েক দিন পর মারা যান ওই ফিলিস্তিনি তরুণ।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় ১ হাজার ৬৫০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৬ হাজার মানুষ।

স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্যমতে, ২০২৩ সালের অক্টোবর থেকে চলা এই বৃহত্তর সামরিক অভিযানে গাজায় ৭৪ হাজার ৭০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৬ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন। এই হতাহতদের সিংহভাগই নারী ও শিশু।

এই সংঘাতের ফলে উপত্যকার প্রায় ৯০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ভবিষ্যতের পুনর্গঠনের মোট ব্যয় প্রায় ৭১ দশমিক ৪ বিলিয়ন ডলার হবে বলে অনুমান করেছে জাতিসংঘ।

banner
Link copied!