শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

গাজা শান্তি পরিকল্পনা

গাজা শান্তি পরিকল্পনা: ২৬ নম্বরের মধ্যে মাত্র চার পেল ত্রাণ সংস্থাগুলোর মূল্যায়নে

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : নভেম্বর ১৯, ২০২৬, ০৪:৩১ পিএম

গাজা শান্তি পরিকল্পনা: ২৬ নম্বরের মধ্যে মাত্র চার পেল ত্রাণ সংস্থাগুলোর মূল্যায়নে

জাতিসংঘ সমর্থিত গাজা শান্তি পরিকল্পনাকে ২৬ নম্বরের মধ্যে মাত্র চার দিয়ে একটি মানবিক মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ করেছে পাঁচটি শীর্ষস্থানীয় আন্তর্জাতিক সহায়তা সংস্থা। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তৎকালীন ট্রাম্প প্রশাসনের ২০ দফার সমন্বিত সংঘাত নিরসন পরিকল্পনা অনুমোদনের ঠিক এক বছর পর এই মূল্যায়ন সামনে এল।

মানবিক প্রবেশাধিকারের ক্ষেত্রে পরিকল্পনাটি শূন্য এবং বেসামরিক সুরক্ষার ক্ষেত্রে মাত্র এক নম্বর পেয়েছে। ডেনিশ রিফিউজি কাউন্সিল, নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল, অক্সফ্যাম, রিফিউজিস ইন্টারন্যাশনাল এবং সেভ দ্য চিলড্রেন যৌথভাবে এই মূল্যায়ন প্রকাশ করেছে।

চলতি সপ্তাহে মধ্য গাজায় নতুন করে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। হলুদ রেখার পশ্চিমে ট্যাংক নিয়ে অগ্রসর হওয়ার পাশাপাশি জোরপূর্বক এলাকা খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। অথচ শান্তি চুক্তিতে স্পষ্টভাবে আঞ্চলিক দখলাদারিত্ব নিষিদ্ধ করা হয়েছিল এবং ইসরায়েলি বাহিনীর প্রত্যাহারের শর্ত ছিল।

জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় কার্যালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতির ১৩ মাস আগে গাজার ৫৮ শতাংশ এলাকা ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকলেও বর্তমানে তা বেড়ে ৬৫ শতাংশে দাঁড়িয়েছে। তবে ইসরায়েলের দাবি অনুযায়ী বর্তমানে তারা ভূখণ্ডটির ৭০ শতাংশ নিয়ন্ত্রণ করছে।

এই রেখা পার হওয়ার ওপর ফিলিস্তিনিদের নিষেধাজ্ঞা রয়েছে। গত মাসের জাতিসংঘের হিসাব অনুযায়ী, এর ফলে প্রায় ২১ লাখ মানুষ মাত্র ১২৮ বর্গকিলোমিটারের মধ্যে অবরুদ্ধ হয়ে পড়েছে।

ন্যাশনাল পাবলিক রেডিওর সাম্প্রতিক মানচিত্র বিশ্লেষণ বলছে, এই অবরুদ্ধ এলাকা সংকুচিত হয়ে ১০৯ বর্গকিলোমিটারে নেমে এসেছে। এর ফলে প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব দাঁড়িয়েছে প্রায় ১৯ হাজার ৩০০ জনে।

ইউরো-মেডিটেরিয়ান হিউম্যান রাইটস মনিটরের প্রতিষ্ঠাতা রামি আবদু সতর্ক করে বলেছেন যে ইসরায়েল বলপ্রয়োগ করে অবৈধভাবে ভূখণ্ড দখল করে চলেছে।

গত বছরের অক্টোবর মাসে যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে অন্তত ১ হাজার ৬৫০ জন ফিলিস্তিনি নিহত এবং ৫ হাজার ৯৭৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বিভিন্ন সংস্থা। ফিলিস্তিসে বিশ্ব খাদ্য কর্মসূচির দেশীয় পরিচালক শন হিউজেস চলতি সপ্তাহে সাংবাদিকদের জানান যে এই ভূখণ্ডে যুদ্ধবিরতির কোনো লক্ষণ নেই।

বেকারত্বের হার ৮০ শতাংশের বেশি, মাছ ধরা নিষিদ্ধ ও জীবন ঝুঁকিপূর্ণ এবং মানুষের খাদ্য উৎপাদনের জন্য প্রায় কোনো জায়গাই নেই বলে উল্লেখ করেন তিনি।

ডেনিশ রিফিউজি কাউন্সিলের নির্বাহী পরিচালক লিলু থাপা বর্তমান পরিস্থিতিকে পরিকল্পিত বাস্তুচ্যুতি হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, যে যুদ্ধবিরতির সুযোগে হলুদ রেখার সম্প্রসারণ ঘটে, তা কেবল নামেমাত্র যুদ্ধবিরতি।

যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গঠিত পিস অ্যান্ড ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স তাদের ন্যস্ত দায়িত্ব পালন না করে এবং ফিলিস্তিনিদের প্রতিনিধিত্ব ছাড়াই কার্যক্রম পরিচালনা করায় মানবাধিকার বিশেষজ্ঞরা এর কড়া সমালোচনা করেছেন।

শান্তি পরিকল্পনা অনুযায়ী প্রতিদিন অন্তত ৬০০টি জাতিসংঘ সমন্বিত মানবিক ত্রাণের ট্রাক গাজায় প্রবেশের কথা ছিল। কিন্তু গত সেপ্টেম্বর মাসে প্রতিদিন গড়ে মাত্র ৪৯টি ট্রাক প্রবেশ করেছে।

এর মধ্যে মাত্র দুই শতাংশ কনভয়ে চিকিৎসা সরঞ্জাম ছিল। নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলের প্রধান নির্বাহী ইয়ান ইজেল্যান্ড বলেছেন যে এই সংকটের মূল কারণ রাজনৈতিক সিদ্ধান্ত।

গাজার জনগণের দুর্ভোগ অনিবার্য নয় এবং বিশ্ববাসীর উচিত এই পরিস্থিতি মেনে নেওয়া বন্ধ করা, এমনটাই মন্তব্য করেন ইয়ান ইজেল্যান্ড।

পিস বোর্ডের মাধ্যমে দাতাগোষ্ঠীর প্রায় ১ হাজার ৮০০ কোটি ডলার অনুদানের প্রতিশ্রুতি সত্ত্বেও পুনর্গঠন কাজ শুরু হয়নি। এর ফলে প্রায় ১৪ লাখ ফিলিস্তিনি অস্থায়ী তাঁবুতে বসবাস করতে বাধ্য হচ্ছেন।

সাম্প্রতিক এক শীতকালীন ঝড়ে একদিনেই ৭০ হাজারেরও বেশি তাঁবু প্লাবিত হয়েছে, যার ফলে একটি শিশু পানিতে ডুবে মারা গেছে এবং আরও পাঁচজন বাস্তুচ্যুত মানুষের মৃত্যু হয়েছে।

গাজার ভেতরের গুদামগুলোর মজুত শেষ হয়ে গেলেও দেড় লাখেরও বেশি তাঁবু এবং পাঁচ লাখ কম্বল প্রবেশের অনুমতির অপেক্ষায় সীমান্তের বাইরে আটকে রয়েছে।

সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী ইঙ্গার অ্যাশিং বলেছেন যে গাজার শিশুরা আগের চেয়ে অনেক বেশি ঠান্ডার মধ্যে রয়েছে, ক্ষুধার্ত, মানসিকভাবে বিপর্যস্ত এবং চরম ঝুঁকিতে আছে।

রিফিউজিস ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট জেরেমি কোনিন্ডাইক বাধ্যবাধকতাগুলো পূরণ নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রসহ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অন্যান্য সদস্যদের তাদের প্রভাব প্রয়োগের আহ্বান জানিয়েছেন।

banner
Link copied!