শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিস্তিনিদের ওপর হামলা

কাফর কাসিমে গাড়িচাপায় আট ফিলিস্তিনি আহত: উদ্দেশ্য নিয়ে সংশয়

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : নভেম্বর ১৯, ২০২৬, ০৭:০০ পিএম

কাফর কাসিমে গাড়িচাপায় আট ফিলিস্তিনি আহত: উদ্দেশ্য নিয়ে সংশয়

মধ্য ইসরায়েলের কাফর কাসিম শহরে গত বুধবার সন্ধ্যায় ফিলিস্তিনি নাগরিকদের ওপর গাড়ি তুলে দেওয়ার ঘটনায় আটজন আহত হয়েছেন। শহরের চারটি আলাদা স্থানে এই হামলার ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, একটি গাড়ি দ্রুতগতিতে পথচারীদের দিকে ধেয়ে আসছে এবং তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যাচ্ছে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আহতদের মধ্যে কয়েকজন নারী ছিলেন যারা কাছাকাছি একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন।

জরুরি সেবামূলক সংস্থার পক্ষ থেকে জানানো হয়, আহতদের মধ্যে তিনজনের অবস্থা মাঝারি ধরনের। চালক ইচ্ছাকৃতভাবে পথচারীদের টার্গেট করেছিলেন কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

পুলিশের জেলা কমান্ডার আভি লেভি জানান, ঘটনাটি একটি হিট অ্যান্ড রান বা ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার মতো মনে হচ্ছে। তিনি আরও উল্লেখ করেন যে চালকের মাদক পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে এবং শিন বেত গোসংস্থা এই তদন্তে যুক্ত হয়েছে। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আগে কোনো ফৌজদারি অপরাধের রেকর্ড নেই বলেও জানান তিনি।

এই ঘটনার পর আরব আইনপ্রণেতা ও কর্মীরা তীব্র নিন্দা জানিয়েছেন। তারা ইসরায়েলি রাজনীতিবিদদের বিরুদ্ধে আরব জনগোষ্ঠীর বিরুদ্ধে শত্রুতা উসকে দেওয়ার অভিযোগ তুলেছেন।

এর আগে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আরব দলগুলোকে সন্ত্রাসী সমর্থক হিসেবে অভিহিত করেছিলেন এবং সতর্ক করেছিলেন যে তাদের সঙ্গে রাজনৈতিক অংশীদারিত্ব জাতীয় নিরাপত্তাকে বিপন্ন করবে। সাম্প্রতিক নির্বাচনে আরব দলগুলো নেসেটে রেকর্ড ১৯টি আসন লাভ করেছিল।

জয়েন্ট লিস্টের প্রধান ইউসুফ জাবারিন এই ঘটনার সরকারি ব্যাখ্যার সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। চালক গাড়ির ওপর নিয়ন্ত্রণ হারিয়েছিলেন বলে যে দাবি করা হচ্ছে, তা নিয়ে এই ঘটনা গুরুতর প্রশ্ন তুলেছে বলে মন্তব্য করেন তিনি।

ইউসুফ জাবারিন বলেন, আরব নাগরিকদের বিরুদ্ধে উসকানি শেষ পর্যন্ত হামলা এমনকি হত্যাকা রূপ নেবে বলে আমি কয়েক সপ্তাহ ধরে সতর্ক করে আসছি।

ঈসা নামের স্থানীয় আরেক বাসিন্দা এটিকে দুর্ঘটনা মানতে নারাজ। তিনি বলেন, কোনো চালক গাড়ির নিয়ন্ত্রণ হারালে হয়তো এক বা দুটি গাড়িতে ধাক্কা লাগতে পারে, কিন্তু বিভিন্ন স্থানে এভাবে একাধিক মানুষকে চাপা দেওয়া সম্ভব নয়। হামলাকারী ধারাবাহিকভাবে চারটি ভিন্ন স্থানে এই আক্রমণ চালায় বলে উল্লেখ করেন তিনি।

এর আগে গত সোমবার অবরুদ্ধ পশ্চিম তীরে আরেকটি গাড়িচাপার ঘটনা ঘটে। বেথলেহেমের দক্ষিণ-পূর্বে তুওকু এলাকায় আটজন ফিলিস্তিনিকে গাড়িচাপা দিয়ে আহত করার ঘটনায় এক ইসরায়েলি বসতি স্থাপনকারীর বিচার দাবি করেছে ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই ঘটনায় চালক প্রথমে তিন তরুণকে ধাক্কা দেয়। এরপর গাড়িটি আবার ফিরে এসে প্রথম শিকারদের সহায়তায় জড়ো হওয়া আরও পাঁচজনকে চাপা দেয়।

banner
Link copied!