শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় শিশু সংকট

বিশ্বের এক তৃতীয়াংশ শিশু অধিকার লঙ্ঘন ফিলিস্তিনে: সেভ দ্য চিলড্রেন

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : নভেম্বর ১৯, ২০২৬, ০৮:৩৩ পিএম

বিশ্বের এক তৃতীয়াংশ শিশু অধিকার লঙ্ঘন ফিলিস্তিনে: সেভ দ্য চিলড্রেন

তিন বছর ধরে চলা যুদ্ধের পর গাজা উপত্যকার শিশুরা নজিরবিহীন ঝুঁকির মুখে রয়েছে। গত বৃহস্পতিবার প্রকাশিত এক সতর্কবার্তায় আন্তর্জাতিক সহায়তা সংস্থা সেভ দ্য চিলড্রেন এই তথ্য জানিয়েছে। সংঘাতের কারণে এখানকার শিশুরা বারবার বাস্তুচ্যুত হচ্ছে, হারাচ্ছে পরিবারের সদস্যদের। পাশাপাশি স্বাস্থ্যসেবা ও শিক্ষার অভাবের কারণে তাদের জীবনযাত্রা অত্যন্ত মানবেতর হয়ে পড়েছে।

সংস্থাটি জানিয়েছে, গত বছর বিশ্বজুড়ে শিশুদের ওপর যত হামলা ও অধিকার লঙ্ঘনের ঘটনা রেকর্ড করা হয়েছে, তার প্রায় এক তৃতীয়াংশই ঘটেছে ফিলিস্তিন ভূখণ্ডে। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বিশ লাখ জনসংখ্যার এই ছোট্ট ভূখণ্ডে গাজার পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। সেখানে অন্তত ২০ হাজার শিশু নিহত হয়েছে।

সেভ দ্য চিলড্রেনের আঞ্চলিক পরিচালক আহমেদ আলহেন্দাভি দ্য অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন, গাজার ফিলিস্তিনি শিশুদের ওপর শারীরিক ও মানসিক ক্ষতের প্রভাব বহু বছর ধরে বজায় থাকবে।

সংস্থাটির বার্ষিক বৈশ্বিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে বিশ্বের প্রায় চার ভাগের এক ভাগ অর্থাৎ প্রায় ৫৯ কোটি শিশু সংঘাতপূর্ণ অঞ্চলে বসবাস করেছে। ১৯৯০ সালে স্নায়ুযুদ্ধ সমাপ্তির পর এটিই সর্বোচ্চ নথিভুক্ত সংখ্যা। এসব শিশুর বিশাল একটি অংশ মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় বসবাস করে।

ফিলিস্তিন ভূখণ্ডে শিশুদের অধিকার লঙ্ঘনের প্রায় ১২ হাজার ৫০০টি ঘটনার কথা জানিয়েছে সংস্থাটি। এর মধ্যে প্রধানত হাসপাতাল ও বিদ্যালয়ে হামলা এবং মানবিক সহায়তা থেকে বঞ্চিত করার বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় পরিস্থিতি অত্যন্ত সংকটজনক। কারণ ২০২৫ সালের অক্টোবর মাসে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও ইসরায়েল সেখানে হামলা চালিয়ে যাচ্ছে।

যদিও এই প্রতিবেদনটি মূলত ২০২৫ সালের পরিসংখ্যানের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, তবে আলহেন্দাভি উল্লেখ করেছেন যে পরিস্থিতির কোনো উল্লেখযোগ্য উন্নতি হয়নি। বেঁচে থাকা অনেক শিশু নিজেরাও আহত এবং তাদের বাবা-মায়ের কেউই জীবিত নেই।

আলহেন্দাভি আরও যোগ করেন, এই প্রতিবেদনটি অত্যন্ত স্পষ্ট করে দেখায় যে গাজায় যা ঘটেছে এবং যা এখনো ঘটে চলেছে, তা নজিরবিহীন মাত্রার লঙ্ঘন। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এটিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার প্রতিক্রিয়ায় গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। ইসরায়েলি সরকারের দাবি, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের জবাব দিতে এবং হামাস যোদ্ধাদের লক্ষ্য করে তাদের এই হামলা অব্যাহত রয়েছে। গত সপ্তাহে খান ইউনিসের দক্ষিণাঞ্চলের একটি হাসপাতালেও এই হামলা চালানো হয়।

ইসরায়েল হামাসের শীর্ষ নেতৃত্বের বেশির ভাগকে হত্যা করতে সক্ষম হলেও এই সংঘাতে পুরো ভূখণ্ডটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং বেসামরিক নাগরিকদের চরম মূল্য দিতে হচ্ছে। এখানকার অধিকাংশ মানুষ এখন জনাকীর্ণ তাঁবুতে কিংবা নিজেদের ধংসপ্রাপ্ত বাড়ির অবশিষ্টাংশে বসবাস করছে। সেখানে খাদ্য, পানি কিংবা বিদ্যুতের কোনো সুব্যবস্থা নেই।

খান ইউনিসের এক উন্মুক্ত চত্বরে বোমায় বিধ্বস্ত ভবনের ধ্বংসাবশেষের মধ্যে খেলাধুলা করা শিশুদের ঘিরে থাকা ৬৫ বছর বয়সী বাস্তুচ্যুত ফিলিস্তিনি রিয়াদ আবু শামেল বলেন, গাজার শিশুরা জীবনের ন্যূনতম সুযোগ-সুবিধা থেকেও বঞ্চিত।

আবু শামেল আরও বলেন, শিশুরা বাজারে গিয়ে কষ্টেসৃষ্টে অর্ধেক শসা কিংবা অর্ধেক আপেল কিনে আনতে পারে। এদিকে এই প্রতিবেদনের বিষয়ে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি ইসরায়েলি সামরিক বাহিনী। প্রতিবেদনে ব্যবহৃত তথ্য ও উপাত্ত জাতিসংঘ এবং অসলোর পিস রিসার্চ ইনস্টিটিউট থেকে সংগ্রহ করা হয়েছে।

banner
Link copied!