শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

চিকিৎসকের আটকাদেশ বৃদ্ধি

বীরশেবা আদালতে চিকিৎসক আবু সাফিয়ার আটকাদেশ বাড়াল ইসরায়েল

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : নভেম্বর ১৯, ২০২৬, ১০:১০ পিএম

বীরশেবা আদালতে চিকিৎসক আবু সাফিয়ার আটকাদেশ বাড়াল ইসরায়েল

ইসরায়েলের বীরশেবা আদালত বুধবার ফিলিস্তিনি চিকিৎসক আবু সাফিয়ার আটকাদেশ বাড়ানোর আদেশ দিয়েছে। তিনি ইসরায়েলের জন্য হুমকি তৈরি করছেন এমন দাবি তুলে তার আইনজীবীর করা জামিনের আবেদন আদালত খারিজ করে দেয়।

আদালতের এই রায়ের প্রতিক্রিয়ায় ফিলিস্তিনি প্রিজনার্স ক্লাব একটি বিবৃতি প্রকাশ করেছে। সংগঠনটি জানিয়েছে, এই আটকাদেশের মেয়াদ বৃদ্ধি হলো তার বন্দিদশার অপরাধের ধারাবাহিকতা এবং তার জীবনের ওপর চলমান হামলার আরও একটি বিপজ্জনক পদক্ষেপ।

ওই চিকিৎসককে অত্যন্ত দুর্বিষহ কারাগারে রাখা হয়েছে এবং সেখানে তাকে নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ তুলেছে সংগঠনটি। ফিলিস্তিনি চিকিৎসক সমাজের বিরুদ্ধে ইসরায়েলের সুপরিকল্পিত নীতিরই অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করা হয়।

সংগঠনটির ভাষ্যমতে, গাজা উপত্যকা ও পশ্চিম তীর থেকে আটক ১৫ জনের বেশি চিকিৎসক এবং কয়েক ডজন স্বাস্থ্যকর্মীকে এখনও বন্দি করে রেখেছে ইসরায়েল।

ইসরায়েলি কারা কর্তৃপক্ষের বরাত দিয়ে সংগঠনটি জানায়, গত অক্টোবর মাসের শুরুর দিক পর্যন্ত অবৈধ যোদ্ধা আইনের আওতায় ১ হাজার ৪১৯ জন ফিলিস্তিনিকে বন্দি রাখা হয়েছিল। এই আইনের আওতায় আটক ব্যক্তিদের কোনো ধরনের সুষ্ঠু বিচারের সুযোগ দেওয়া হয় না।

বন্দিদের ওপর নির্যাতন, নিপীড়ন এবং যৌন নিপীড়নসহ গুরুতর লঙ্ঘনের বেশ কিছু নথিভুক্ত সাক্ষ্য তুলে ধরেছে ফিলিস্তিনি প্রিজনার্স ক্লাব।

সংগঠনের তথ্য অনুযায়ী, নির্যাতন, অনাহার ও নিপীড়নের শিকার হয়ে ইসরায়েলি কারাগার এবং আটকশিবিরগুলোতে মারা গেছেন ১০০ জনের বেশি বন্দি। এর মধ্যে ৯২ জনের পরিচয় প্রকাশ করা হলেও হেফাজতে নিহত গাজার বহু বন্দির ভাগ্য এখনো গোপন রেখেছে ইসরায়েল।

কারাগারে যাদের প্রাণ গেছে তাদের মধ্যে রয়েছেন চিকিৎসক আদনান আল বুর্শ, জিয়াদ আবু দালু ও ইয়াদ আল রানতিসি এবং প্যারামেডিক কর্মকর্তা হাতেম আবু রায়য়ান।

চলমান যুদ্ধের মধ্যে গাজার স্বাস্থ্যব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করার সুপরিকল্পিত ইসরায়েলি নীতিরই অংশ হলো চিকিৎসকদের টার্গেট করা এবং আটক রাখা।

ফিলিস্তিনি চিকিৎসা কর্মীদের ওপর হামলা বন্ধ করতে, আটক স্বাস্থ্যকর্মীদের মুক্তি নিশ্চিত করতে এবং তাদের ওপর চালানো নিপীড়নের জন্য ইসরায়েলকে জবাবদিহিতার আওতায় আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জরুরি পদক্ষেপের আহ্বান জানিয়েছে সংগঠনটি।

২০২৪ সালের ২৭ ডিসেম্বর কামাল আদওয়ান হাসপাতালে অভিযান চালিয়ে চিকিৎসক আবু সাফিয়াকে আটক করেছিল ইসরায়েলি বাহিনী। সামরিক অবরোধ ও বোমা হামলার মুখেও তিনি হাসপাতালটিতে রোগী ও আহতদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছিলেন।

২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে আবু সাফিয়াকে অবৈধ যোদ্ধা আইনের আওতায় আটক করে ইসরায়েল। এই আইনের মাধ্যমে কোনো অভিযোগ গঠন ছাড়াই বন্দিদের আটকে রাখা যায় এবং বারবার তাদের আটকাদেশের মেয়াদ বাড়ানো হয়।

গত জুলাই মাসে জাতিসংঘের মানবাধিকার দপ্তর ইসরায়েলের প্রতি অবিলম্বে আবু সাফিয়াকে মুক্তি দেওয়ার অথবা তার বিরুদ্ধে অপরাধমূলক অভিযোগ এনে সুষ্ঠু বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছিল। একই সঙ্গে তাকে প্রয়োজনীয় চিকিৎসার জন্য একটি বেসামরিক হাসপাতালে স্থানান্তরেরও অনুরোধ জানানো হয়েছিল।

banner
Link copied!