গাজায় মানবিক সংকট দিন দিন গভীর হওয়ায় ইসলামিক সহযোগিতা সংস্থা বা ওআইসির মন্ত্রিপরিষদের জরুরি বৈঠক ডেকেছে ইরান। গত বৃহস্পতিবার সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই আহ্বান জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
চলমান সামরিক তৎপরতা এবং অবরুদ্ধ উপত্যকায় ত্রাণ প্রবেশে নানা বাধার কথা তুলে ধরেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। মুসলিম দেশগুলোর পক্ষ থেকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা জানান তিনি।
আব্বাস আরাগচি বলেন, গাজায় চলমান গণহত্যা, জোরপূর্বক বাস্তুচ্যুতি এবং ত্রাণ সরবরাহ বন্ধ রাখা মানবতাবিরোধী অপরাধ। অবরোধ তুলে নিতে এবং ইসরায়েলকে ত্রাণ প্রবেশে বাধ্য করতে জরুরি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।
তিনি আরও উল্লেখ করেন, ওআইসির মহাসচিবের কাছে পররাষ্ট্রমন্ত্রীদের একটি জরুরি সম্মেলন আহ্বানের অনুরোধ জানিয়েছেন তিনি। তবে বৃহস্পতিবার দুপুরের মধ্যে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি সংস্থাটি।
কূটনৈতিক এই তৎপরতা শুরু হয়েছে মূলত সাম্প্রতিক সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে। গত বুধবার মধ্য গাজায় হলুদ রেখার পশ্চিমে একটি সামরিক অভিযান সমাপ্তির ঘোষণা দেয় ইসরায়েলি বাহিনী।
গাজার সরকারি গণমাধ্যম দপ্তরের তথ্য অনুযায়ী, ওই অভিযানে ছয় হাজারের বেশি বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন। যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে নির্ধারিত হলুদ রেখা মূলত ইসরায়েলি নিয়ন্ত্রিত এলাকা ও ফিলিস্তিনিদের চলাচলের অঞ্চলের মধ্যকার বিভাজন রেখা হিসেবে কাজ করে আসছে।
২০২৫ সালের ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হলেও তা বারবার লঙ্ঘিত হচ্ছে। এর মধ্যেও গোলাবর্ষণ, গুলিবর্ষণ এবং মানবিক ত্রাণ সরবরাহের ওপর কঠোর নিয়ন্ত্রণ বজায় রেখেছে সামরিক বাহিনী।
যুক্তরাষ্ট্রের সমর্থনে ২০২৩ সালের ৮ অক্টোবর শুরু হওয়া এই সর্বাত্মক সামরিক অভিযানে হতাহতের সংখ্যা বহুলাংশে বেড়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই সংঘাতে এখন পর্যন্ত চুয়াত্তর হাজার সাতশো পনেরো জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন এক লাখ ছিয়াত্তর হাজার একশো উনচল্লিশ জন।
