যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস লন্ডনে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূতের কাছে একটি আনুষ্ঠানিক বার্তা পাঠিয়েছেন। ফিলিস্তিনের স্বাধীনতা ঘোষণার ৩৮তম বার্ষিকী উপলক্ষে দেশটির জনগণকে এই শুভেচ্ছা জানানো হয়েছে।
,ফিলিস্তিন বার্তা সংস্থার তথ্য অনুযায়ী, পশ্চিম লন্ডনে ফিলিস্তিন দূতাবাসে এক বৈঠকে যুক্তরাজ্যের মধ্যপ্রাচ্যবিষয়ক প্রতিমন্ত্রী স্টিফেন ডৌটি রাষ্ট্রদূত হুসাম যমলতের হাতে এই লিখিত বার্তা তুলে দেন।
,ব্রিটিশ রাজপরিবারের ইতিহাসে এই প্রথম কোনো মোনার্ক বা রাজা ফিলিস্তিনের স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা বার্তা পাঠালেন। সাড়ে পঞ্চান্ন লক্ষ মানুষ এই ভূখণ্ডে বসবাস করেন।
,গত পনেরো নভেম্বর এই রাজকীয় বার্তার বিষয়টি প্রথম প্রকাশ পায় এবং এর ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার তা আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
,ফিলিস্তিনের সাধারণ মানুষ যে চরম দুর্দশা ও কষ্টের মধ্য দিয়ে দিন কাটাচ্ছে, তা রাজা স্বীকার করেছেন। পাশাপাশি তিনি এই অঞ্চলের সর্বত্র একটি ন্যায্য ও স্থায়ী শান্তির আশা প্রকাশ করেছেন।
,ফিলিস্তিন মুক্তি সংস্থার সাবেক প্রধান ইয়াসির আরাফাত ১৯৮৮ সালের পনেরো নভেম্বর আলজেরিয়ায় নির্বাসিত অবস্থায় ফিলিস্তিন রাষ্ট্রের স্বাধীনতা ঘোষণা করেছিলেন।
,গত বছর ব্রিটিশ সরকার ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার পর এই রাজকীয় বার্তা পাঠানোর ঘটনা ঘটল। এর পাশাপাশি লন্ডন গত সেপ্টেম্বর মাস থেকে ইসরায়েলি বসতি স্থাপনকারী সংস্থা ও কর্মীদের ওপর নিষেধাজ্ঞা আরও জোরদার করেছে।
,অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণের সঙ্গে জড়িত আটটি কোম্পানির ওপর এ সপ্তাহে যুক্তরাজ্য যে নিষেধাজ্ঞা আরোপ করেছে, তাকে স্বাগত জানিয়েছেন রাষ্ট্রদূত যমলত। গাজা উপত্যকায় মানবিক সহায়তা পৌঁছাতে বাধা প্রদানকারী ইসরায়েলি গোষ্ঠী ‘তজাভ নাইন’-এর ওপরও এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে।
,বর্তমান রাজা চার্লস প্রিন্স অব ওয়েলস হিসেবে ২০২০ সালের জানুয়ারি মাসে ইসরায়েল ও পশ্চিম তীর সফর করেছিলেন। সে সময় তিনি ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং ইসরায়েলের সাবেক প্রেসিডেন্ট রিউভেন রিভলিনের সঙ্গে বৈঠক করেন এবং বেথেলহেমের চার্চ অব দ্য নেটিভিটি ও ওমর মসজিদ পরিদর্শন করেন।
