অবৈধ ইসরায়েলি বসতির বিরুদ্ধে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার সাম্প্রতিক নিষেধাজ্ঞার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে একটি যৌথ বিবৃতি দিয়েছেন ১৫টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। স্বাক্ষরকারী দেশগুলোর মধ্যে রয়েছে তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, আলজেরিয়া, ইন্দোনেশিয়া, ফিলিস্তিন, কাতার, কুয়েত, লিবিয়া, মালদ্বীপ, মিশর, নাইজার, পাকিস্তান, সোমালিয়া, সৌদি আরব ও জর্ডান।
গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে বাধা দেওয়ার অভিযোগে অভিযুক্ত একটি সংস্থার বিরুদ্ধে যুক্তরাজ্যের শাস্তিমূলক ব্যবস্থাকেও সমর্থন জানিয়েছেন মন্ত্রীরা। তারা বসতি স্থাপন কার্যক্রমের জন্য দায়ী ব্যক্তি ও সংস্থার জবাবদিহি নিশ্চিত করতে আন্তর্জাতিক পদক্ষেপ ও নিষেধাজ্ঞার প্রতি সমর্থন জানান।
অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের চলমান বসতি স্থাপন নীতির তীব্র নিন্দা জানানো হয়েছে যৌথ বিবৃতিতে। বিশেষ করে ইওয়ান পরিকল্পনা এবং অধিকৃত পূর্ব জেরুজালেমের পূর্বাঞ্চলের বসতি কার্যক্রমের কঠোর সমালোচনা করা হয়।
লন্ডন ও ক্যানবেরার নেওয়া এই পদক্ষেপ আন্তর্জাতিক সম্প্রদায়ের অন্য সদস্যদেরও একই ধরনের নীতি গ্রহণে উৎসাহিত করবে বলে আশা প্রকাশ করেছেন মন্ত্রীরা। তারা উল্লেখ করেন যে এই নিষেধাজ্ঞা আন্তর্জাতিক আইন এবং ২০১৬ সালের জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২৩৩৪ নম্বর প্রস্তাবসহ সংশ্লিষ্ট অন্যান্য প্রস্তাবের সঙ্গে সংগতিপূর্ণ।
২০২৪ সালের ১৯ জুলাই আন্তর্জাতিক বিচার আদালতের দেওয়া পরামর্শমূলক মতামতের বিষয়টিও বিবৃতিতে স্মরণ করা হয়। মন্ত্রীরা জানান যে ওই রায়ে দখলদারিত্বের ফলে সৃষ্ট অবৈধ পরিস্থিতিকে স্বীকৃতি না দেওয়া এবং তা বজায় রাখতে সহায়তা না করার বাধ্যবাধকতার কথা বলা হয়েছে।
অধিকৃত ভূখণ্ডের ভৌগোলিক ও জনমিতিক চরিত্র পরিবর্তনের লক্ষ্যে ইসরায়েলকে সব ধরনের পদক্ষেপ প্রত্যাহারের আহ্বান পুনর্ব্যক্ত করেছেন কূটনৈতিক কর্মকর্তারা। পাশাপাশি গাজায় চলমান সামরিক উত্তেজনারও নিন্দা জানান তারা।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজা সংঘাত অবসানের ব্যাপক পরিকল্পনা অবিলম্বে ও পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে। এই পরিকল্পনার উদ্দেশ্য হলো নিরাপত্তা প্রতিষ্ঠা, মানবিক চাহিদা পূরণ, পুনর্গঠন সহজতর করা এবং শান্তির ভিত্তি স্থাপন করা।
গাজা যে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের একটি অবিচ্ছেদ্য অংশ, তা পুনর্ব্যক্ত করে মন্ত্রীরা জোর দিয়ে বলেন যে দ্বি-রাষ্ট্র সমাধানই দীর্ঘস্থায়ী শান্তির একমাত্র কার্যকর পথ।
তারা জানান যে এই সমাধানের ক্ষেত্রে ১৯৬৭ সালের ৪ জুনের সীমানার ওপর ভিত্তি করে একটি স্বাধীন, সার্বভৌম, ভৌগোলিক অখণ্ডতা সম্পন্ন ও কার্যকর ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে হবে। আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী পূর্ব জেরুজালেমকে হতে হবে সেই রাষ্ট্রের রাজধানী।
