ভারতের নয়াদিল্লিতে অনশনরত ৫৯ বছর বয়সী অধিকারকর্মী সোনম ওয়াংচুককে জোরপূর্বক হাসপাতালে ভর্তির পর তার স্ত্রীর করা একটি আইনি আবেদন খারিজ করে দিয়েছে দিল্লির হাইকোর্ট, আল জাজিরা ও রয়টার্স জানিয়েছে। টানা তিন সপ্তাহ ধরে অনশন করার পর শনিবার পুলিশ তাকে যন্তর মন্তর থেকে তুলে নিয়ে সরকারি হাসপাতালে ভর্তি করে।
তার স্ত্রী গীতাঞ্জলি আংমো সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে জানান, এটি কোনো চিকিৎসা নয় বরং সম্পূর্ণ অবৈধ আটক। তিনি ওয়াংচুককে তাদের পছন্দের কোনো বেসরকারি হাসপাতালে স্থানান্তরের অনুমতি চেয়েছিলেন। তবে বিচারক মিনি পুষ্করনা এই আবেদন নাকচ করে দিয়েছেন। বিচারক জানান, ওয়াংচুকের সম্মতি নিয়েই চিকিৎসকরা তাকে প্রয়োজনীয় তরল খাবার দিচ্ছেন। তার শারীরিক অধিকার কোনোভাবেই খর্ব করা হচ্ছে না বলেও আদালত মন্তব্য করেছে। এই মামলার পরবর্তী শুনানি শুক্রবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ওয়াংচুকের শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও তার রক্ত পরীক্ষার ফলাফলে অস্বাভাবিকতা দেখা গেছে। তাই তাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা জরুরি। অন্যদিকে গীতাঞ্জলি অভিযোগ করেছেন, তাদের ফ্লোরে প্রায় ৩০ জন এবং পুরো হাসপাতালে ১০০ জনের বেশি পুলিশ মোতায়েন রয়েছে। তিনি সতর্ক করে বলেন, সোনমের কিছু হলে সরকার ও হাসপাতাল কর্তৃপক্ষকে এর পুরো দায়ভার বহন করতে হবে।
গত ২৮ জুন থেকে ককরোচ জনতা পার্টি বা সিজেপি নামের একটি যুব সংগঠনের সাথে একাত্মতা প্রকাশ করে অনশন করছিলেন ওয়াংচুক। ভারতের প্রধান বিচারপতি মে মাসে বেকার যুবকদের তেলাপোকার সাথে তুলনা করলে একটি ব্যঙ্গাত্মক আন্দোলন হিসেবে এই দলটির আত্মপ্রকাশ ঘটে। কয়েকদিনের মধ্যেই সামাজিক মাধ্যমে তাদের বিপুল সাড়া মেলে এবং অনুসারীর সংখ্যা দুই কোটির ঘর ছাড়িয়ে যায়। এরপর তারা রাজপথে নেমে আসে এবং যন্তর মন্তরের মতো ঐতিহাসিক স্থানে জড়ো হয়।
তাদের প্রধান দাবি হলো ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং পরীক্ষা ব্যবস্থার ব্যাপক সংস্কার। গত মাসে ভারতে মেডিকেল কলেজে ভর্তির প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর নতুন করে পরীক্ষা নেওয়া হয়, যেখানে ২২ লাখের বেশি শিক্ষার্থী অংশ নেয়। প্রশ্নফাঁসের কারণে হতাশাগ্রস্ত হয়ে এক ডজনেরও বেশি শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
ওয়াংচুককে জোরপূর্বক হাসপাতালে নেওয়ার পর দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেছেন। সোমবার ভারতের সংসদ অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। নিজেদের দাবি আদায়ের জন্য এদিন সংসদ ভবনের দিকে পদযাত্রা করার ঘোষণা দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।
