প্যারাগুয়ের প্রসিকিউটররা শনিবার সাবেক প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনাকে অভিযুক্ত করে হেফাজতে নিয়েছেন। লাখ লাখ মানুষকে তাদের অর্থ থেকে বঞ্চিত করা এবং দেশজুড়ে বড় ধরনের বিক্ষোভের জন্ম দেওয়া এক ব্যাংকিং সংকটের প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেওয়া হয়।
সান্তিয়াগো পেনা প্যারাগুয়ের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট। তার ব্যবসায়িক স্বার্থের সঙ্গে জড়িত একটি শীর্ষস্থানীয় ব্যাংক ধসে পড়ার মাত্র তিন দিন পর গত শুক্রবার সিনেট তাকে অভিশংসন করে ক্ষমতাচ্যুত করে।
পেনা নিজেই পদত্যাগের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু আইন প্রণেতারা স্বেচ্ছায় পদত্যাগ করলে তিনি যে আইনি অনাক্রম্যতা পেতেন তা কেড়ে নিতে তাকে অভিশংসন করার সিদ্ধান্ত নেন।
শনিবার তাকে প্রসিকিউটরদের সামনে হাজির করা হয় এবং বিশ্বাসভঙ্গ ও ব্যক্তিগত লাভের জন্য তহবিল ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগে অভিযুক্ত করা হয়।
শুনানির পর বিচারক হারনান ওতাজু সাংবাদিকদের জানান যে তিনি সাবেক প্রেসিডেন্টকে বিচারপূর্ব হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। গত শুক্রবার ক্ষমতাচ্যুত হওয়ার পর পেনাকে যেখানে নেওয়া হয়েছিল, তাকে সেই আসানসিওন কারাগারেই ফিরিয়ে নেওয়া হয়েছে।
অভিযোগপত্রে বলা হয়েছে যে ২০২৩ থেকে ২০২৬ সালের মধ্যে উয়েনো ব্যাংক সরকারি এবং পেনশন তহবিল থেকে আমানত ও ঋণ গ্রহণ করে। প্রসিকিউটরদের দাবি, ওই আর্থিক প্রতিষ্ঠানটি ব্যাংকের অর্থনৈতিক গোষ্ঠীর সঙ্গে যুক্ত বিভিন্ন কোম্পানিকে অনিয়মিতভাবে ঋণও প্রদান করে।
উয়েনো ব্যাংকের সঙ্গে তার সংযোগ নিয়ে প্রায় তিন ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় পেনাকে। ডিজিটাল যুগের এই ফিনটেক কোম্পানিটির কাছে প্যারাগুয়ের ৬৫ লাখ জনসংখ্যার প্রায় অর্ধেকের অ্যাকাউন্ট রয়েছে।
সাতচল্লিশ বছর বয়সী এই অর্থনীতিবিদ পূর্বে ব্যাংকটির নিয়ন্ত্রক প্রতিষ্ঠান উয়েনো হোল্ডিংয়ের শেয়ারের মালিক ছিলেন, তবে তিনি গত বছর তা বিক্রি করে দিয়েছেন বলে দাবি করেন।
প্রসিকিউটররা পেনা এবং সাবেক কেন্দ্রীয় ব্যাংক সভাপতি কার্লোস কারভাল্লোর সম্পদ জব্দের আবেদন করেছেন। কারভাল্লোর বিরুদ্ধেও একই ধরনের অপরাধের অভিযোগ আনা হয়েছে।
বিচারক ওতাজু জানান যে শুনানির সময় পেনা কোনো বিবৃতি দিতে অস্বীকৃতি জানান। সিনেটে অভিশংসন বিচার শুরু হওয়ার এক ঘণ্টার মধ্যে পুলিশ তাকে গ্রেপ্তার করার পর শুক্রবার রাতে তাকে হেফাজতেই কাটাতে হয়।
তার বাড়ির বাইরে এবং প্রসিকিউটর কার্যালয়ের কাছাকাছি বিক্ষোভকারীরা জড়ো হয়ে তাকে সাধারণ কোনো কারাগারে বন্দি করার দাবি জানান।
পেনার স্থলাভিষিক্ত হয়েছেন সাবেক উপরাষ্ট্রপতি পেদ্রো আলিয়ানা। ব্যাংক ব্যর্থতার শিকার প্রায় ৩০ লাখ আমানতকারী ও পেনশনধারীকে পরিত্যাগ না করার প্রতিশ্রুতি দিয়েছেন আলিয়ানা।
পেনার অপসারণে আসানসিওনের রাস্তায় উল্লাস প্রকাশ করেন সাধারণ নাগরিকরা। তবে আলিয়ানা একই ডানপন্থী কলোরাডো পার্টির সদস্য হওয়ায় কিছু বিক্ষোভকারী ক্ষোভ প্রকাশ করেন।
সলভেন্সি বা তারল্য সংকটের আশঙ্কায় কেন্দ্রীয় ব্যাংক নিয়ন্ত্রণ নেওয়ার পর উয়েনোর ধস পুরো দেশকে কাঁপিয়ে তোলে। নিজেদের টাকা ফেরত পাওয়ার দাবিতে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে, আর কেন্দ্রীয় ব্যাংক নির্দিষ্ট সংখ্যক আমানতকারীকে আগাম পরিশোধ শুরু করে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের পশ্চিম গোলার্ধ বিষয়ক সহকারী সচিব হুয়ান পাবলো সেগুরা শনিবার এক্সে লিখেছেন যে প্যারাগুয়ে যুক্তরাষ্ট্রের একটি কৌশলগত অংশীদার ও মিত্র হিসেবে থাকবে। তিনি উল্লেখ করেন ওয়াশিংটন ২০২৮ সাল পর্যন্ত পেনার অবশিষ্ট মেয়াদ পূরণকারী আলিয়ানার সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছে।
